মাসুদ পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুলকে অধিনায়কত্ব দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছিল,"এটা বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু।" শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হওয়া সেই যুগে কারো কারো যুগাবসানের পদধ্বনিও শোনা যাচ্ছে। সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে সেই পদধ্বনি কি খালেদ মাসুদ শুনতে পাচ্ছেন? ক্ষয়িষ্ণু ব্যাটিং সামর্থ্যরে কারণে ওয়ানডে দলে আগেই জায়গা হারিয়েছিলেন মুশফিকুর রহিমের কাছে। এবার টেস্টেও মুশফিকের ব্যাটিং সামর্থ্যরে বিকাশ এখনো ' দেশসেরা' উইকেটকিপারকে একরকম যুগাবসানের চৌকাঠে নিয়েই দাঁড় করিয়ে দিয়েছে। এখন সেই চৌকাঠ পেরুনো যতোটা সহজ, পরিস্থিতি ততোটাই কঠিন বলে মনে করাচ্ছে সেখান থেকে মাসুদের ফিরে আসাকে। কাজেই দীর্ঘ প্রায় এক যুগ বাংলাদেশের উইকেট আগলানো মাসুদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে গোধূলীর লাল আভা।
একসময় বাংলাদেশ দলের উইকেট সামলানো শফিকুল হক হীরা অবশ্য এখনই মাসুদের ক্যারিয়ারের সন্ধ্যা নামিয়ে দিচ্ছেন। অথচ এই সাবেক অধিনায়কই উইকেটকিপার মাসুদের সেরা অনুরাগীদের একজন। কিন্তু ব্যাটসম্যান মাসুদে আস্থা হারানো হীরা বরং মুশফিকেই দেখছেন আশার আলো,"সন্দেহ নেই পাইলট (মাসুদ) এখনো দেশের সেরা উইকেটকিপার। কিন্তু আমার মনে হয় না ব্যাটিংয়ে এখন ওর কাছ থেকে এমনকি একটা ফিফটিও আশা করা যায়। সেখানে মুশফিকের কাছ থেকে আপনি সেঞ্চুরিও আশা করতে পারছেন। যদিও কিপিংয়ে পাইলটের চেয়ে পিছিয়ে আছে সে। তবে খেলতে খেলতে উন্নতি করে নেবে।"
এই ধারণায় একমত প্রধান নির্বাচক ফারুক আহমেদও,"আন্তর্জাতিক পর্যায়ে খেলতে খেলতে অনেক উইকেটকিপারকেই দ্রুত উন্নতি করতে দেখেছি। এদের মধ্যে সাঙ্গাকারা যেমন আছে, তেমনি পাইলটও। কাজেই এই পর্যায়ে মুশফিকও কিপিংয়ে আরো শানিত হতে পারে।" তাই বলে মাসুদকে এখনই আবার বাতিল করে দিচ্ছেন না ফারুক। সেটা হয়তো প্রধান নির্বাচকের পদে আছেন বলেই,"পাইলটের এখনো সুযোগ আছে। ধরুন মুশফিক কিপিংটা খুব বাজে করতে থাকলো। তখন তো আমাদের ভিন্ন ভাবনায় যেতেই হবে।"
ভেতরের খবর হচ্ছে, সিরিজের দ্বিতীয় টেস্টে মাসুদকে বসিয়ে রাখার ভাবনায় অন্তত সায় ছিল না ফারুকের। মাসুদের পাশাপাশি তিনি একাদশে মুশফিককেও চেয়েছিলেন। তবে শুধুই ব্যাটসম্যান হিসেবে। এর আগে খেলা দুটো টেস্টেও তাকে নামতে হয়েছিল এই ভূমিকাতেই। কিন্তু টিম ম্যানেজমেন্ট ব্যাটিং গভীরতা বাড়ানোর চিন্তাতেই মুশফিকে আশ্রয় খুঁজেছে। এই চিন্তা হালে পানি পায় দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যে কোনো উইকেটে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ (১৯১ রানের) গড়ার পাশাপাশি মুশফিকের ব্যাট থেকে ৮০ রানের ঝলমলে ইনিংস বেরিয়ে আসায়। তার ব্যাটিংটা এমনই ঝলমলে থাকলে এবং সেই সঙ্গে কিপিংটাতেও গড়বড় না করলে বলা যায় মাসুদের সর্বনাশ হয়ে গেছে পি সারাভানামুত্তু স্টেডিয়ামেই। এখানে নিজের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে ফারুকও বলছেন,"আরো দুজন নির্বাচক আছেন। তাদেরও নিশ্চয়ই ভাবনা আছে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, মুশফিক তার এই পারফরম্যান্সের ধারাটা বজায় রাখতে পারলে মাসুদের ফেরার সুযোগ খুবই কম।"
ফারুকের মার্কিং যদিও মুশফিককে উইকেটকিপার - ব্যাটসম্যান নয়, ব্যাটসম্যান - উইকেটকিপারের স্বীকৃতিই দিচ্ছে কেবল,"উইকেটকিপার হিসেবে পাইলটকে ২০ মার্ক দিলে আমি মুশফিককে দেব ১৭। আর ব্যাটিংয়ে মুশফিক ২০ পেলে পাইলট পাবে ১৫/১৬।" কিন্তু টেস্টে সাধারণত উইকেটকিপিং যোগ্যতাকেই সবচেয়ে বড় করে দেখা হয়। ফারুকের দাবি এই সিরিজের দল গড়ার সময়ও তারা বিষয়টাকে সেভাবেই দেখেছেন,"আমরা যদি ওভাবে চিন্তা না করতাম, তাহলে তো পাইলট দলেই আসে না।" ব্যাটিং গভীরতা বাড়ানোর চিন্তা থেকে এখন একাদশেই আসছেন না মাসুদ। এই পর্যায়ে খেলে মুশফিকও পাচ্ছেন কিপিংয়ে আরো উন্নতি করার সুযোগ। ফারুক এ কথাটা জানাতেও ভুলছেন না,"আগে যেমন উইকেটকিপিংটা খুব ভালো জানে, এমন ছেলেদেরই দলে প্রাধান্য দেওয়া হতো। বেশিরভাগ কিপারই ব্যাটিং জানতো না। এখন দেখুন। প্রায় সব দলের উইকেটকিপারই ভালো ব্যাটসম্যানও। যেমন গিলক্রিস্ট, বাউচার, ধোনি ও সাঙ্গাকারা।"
মুশফিকের মাঝে 'বাংলাদেশের সাঙ্গাকারা'কেও দেখতে পাচ্ছেন হীরা,"এই বাংলাদেশ দলে রাজিন, আশরাফুলের পাশাপাশি সবচেয়ে ভালো টেকনিক মুশফিকের। কিপিংয়ের কিছু ঘাটতি পুষিয়ে নিতে পারলে ও কিন্তু আমাদের সাঙ্গাকারা হয়ে উঠতে পারে।" কিন্তু ব্যাটিং ক্ষমতা হারানোর পাশাপাশি কিপিংয়েও মাসুদের সেরা সময় অস্তাগত বলে মনে করছেন ফারুক,"ওর ব্যাটিংটা গত এক বছরে খুব খারাপ হয়ে গেছে। তাছাড়া কিপিংয়েও আগের সেই পাইলট আর নেই। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। ভারতের বিপক্ষে সিরিজে ওর মুভমেন্ট স্লো বলে মনে হয়েছে।" মানে বয়সের ছাপও পড়তে শুরু করেছে। ওদিকে কিপিংয়ের ছোটোখাটো ভুলত্র"টি মুশফিক ব্যাটিং দিয়ে ঢেকে দিয়েছেন উইকেটকিপার হিসেবে খেলা তার প্রথম টেস্টেই।
খালেদ মাসুদ অধ্যায় শেষ --- এখন বোধহয় এই উপসংহারই টানার অপেক্ষা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০৪ঘ.
bdnews24