২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জটা একটু বেশি বোধ করেন আশরাফুল

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট মানেই বাংলাদেশের একের পর এক ব্যাটিং বিভীষিকার ছবি। অথচ মোহাম্মদ আশরাফুলের চারটি টেস্ট সেঞ্চুরির তিনটাই সেই শ্রীলঙ্কার বিপক্ষে। দলের ব্যর্থতার সঙ্গে রীতিমতো বেমানান এক পরিসংখ্যান। দলের অন্য ব্যাটসম্যানরা যাদের বিপক্ষে খেলতে হিমশিম খেয়ে আসছেন, সেই চামিন্ডা ভাস - লাসিথ মালিঙ্গা কিংবা মুত্তিয়া মুরালিধরনদের বিপক্ষেই স্বাচ্ছন্দ্য আশরাফুল। কী এর রহস্য? শ্রীলঙ্কান বোলারদেরই তার সবচেয়ে পছন্দ কিনা? অপরাজিত ১২৯ রানের ইনিংসটা খেলার পর সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়,"শ্রীলঙ্কার বিপক্ষেই আমি চ্যালেঞ্জটা অনুভব করি বেশি। তাদের খেলোয়াড়রা মাঠে খুব বেশি কথা বলে। এটাই কিছু করে দেখানোর জন্য আমাকে আরো বেশি মরিয়া করে তোলে। তাছাড়া মুরালির বল খেলার সময়ও বাড়তি চ্যালেঞ্জ বোধ করি। তখন আমি নিজেকে এটাই বলি যে, তার কাছে কিছুতেই হার মানা চলবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 05:14 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট মানেই বাংলাদেশের একের পর এক ব্যাটিং বিভীষিকার ছবি। অথচ মোহাম্মদ আশরাফুলের চারটি টেস্ট সেঞ্চুরির তিনটাই সেই শ্রীলঙ্কার বিপক্ষে। দলের ব্যর্থতার সঙ্গে রীতিমতো বেমানান এক পরিসংখ্যান। দলের অন্য ব্যাটসম্যানরা যাদের বিপক্ষে খেলতে হিমশিম খেয়ে আসছেন, সেই চামিন্ডা ভাস - লাসিথ মালিঙ্গা কিংবা মুত্তিয়া মুরালিধরনদের বিপক্ষেই স্বাচ্ছন্দ্য আশরাফুল। কী এর রহস্য? শ্রীলঙ্কান বোলারদেরই তার সবচেয়ে পছন্দ কিনা? অপরাজিত ১২৯ রানের ইনিংসটা খেলার পর সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়,"শ্রীলঙ্কার বিপক্ষেই আমি চ্যালেঞ্জটা অনুভব করি বেশি। তাদের খেলোয়াড়রা মাঠে খুব বেশি কথা বলে। এটাই কিছু করে দেখানোর জন্য আমাকে আরো বেশি মরিয়া করে তোলে। তাছাড়া মুরালির বল খেলার সময়ও বাড়তি চ্যালেঞ্জ বোধ করি। তখন আমি নিজেকে এটাই বলি যে, তার কাছে কিছুতেই হার মানা চলবে না।" তবে চতুর্থ টেস্ট সেঞ্চুরিতেই থেমে থাকতে চান না বাংলাদেশের নতুন অধিনায়ক। আরো অনেক সেঞ্চুরি করতে চান। অবশ্যই সেটা নিজের জন্য নয়,"হ্যাঁ, সেঞ্চুরি করার অনুভূতিটা ভালোই হয় সবসময়। চতুর্থ সেঞ্চুরির পরও তাই। তবে সংখ্যাটা আরো বেশি হওয়া উচিত ছিল। তাতে আমার দেশ উপকৃত হতো।" এই সেঞ্চুরিটা করার পথে যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা পার্টনারশিপও গড়েছেন মুশফিকুর রহিমকে নিয়ে। ষষ্ঠ উইকেটে জুড়েছেন ১৯১ রান। এসবের চেয়ে নিজের সেঞ্চুরিতে মুশফিকের অবদানই ম্যাচ শেষে স্মরণ করেছেন আশরাফুল,"দারুণ এক ইনিংস খেললো মুশফিক। সে আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছিল। মুরালিকে আক্রমণ করেছে। ওর সঙ্গে খেলার সময় ব্যাটিংটা খুবই সহজ হয়ে গিয়েছিল।" অধিনায়কত্ব তার জন্য চাপ নয়, এটা প্রমাণেও মরিয়া হয়ে ছিলেন তিনি। এই ইনিংসটা খেলার পর সেটা প্রমাণ হয়ে গেছে অনেকটাই। তাই স্বস্তিও এসেছে তার কথায়,"আমার কিছু প্রমাণ করার ছিল। যদি আমি পারফরম করতে না পারতাম, তাহলে হয়তো লোকে প্রশ্ন তুলতে শুরু করতো যে এতো অল্প বয়সে আমাকে কেন অধিনায়কত্ব দেওয়া হলো? ইনিংসটা আমি নিজেও উপভোগ করেছি। সঙ্গে আমি এটাও চেয়েছি যে লোকে আমার ব্যাটিং দেখে আনন্দ পাক। না হলে আমি সাধারণত যেভাবে খেলি সেভাবে নাও খেলতে পারতাম।" দর্শকদের ব্যাটিং সুধা পান করানোর পরও কিছু প্রশ্ন তবু থেকে যাচ্ছেই। বিশেষ করে দুই টেস্টের প্রথম ইনিংসেই ৮৯ ও ৬২ রানে অলআউট হওয়ার দৃষ্টান্ত আছে বলেই। যদি প্রতিপক্ষ তাদের সামর্থ্য অনুযায়ী খেলে, সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দেওয়া সহজ কিনা? আশরাফুল তা মানবেন না, এটাই স্বাভাবিক,"আমাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটারেরই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য আছে। প্রতিপক্ষকে আমরা হিমশিম খাওয়াতে পারি যদি আমাদের টপ অর্ডারের তিন কিংবা চারজন ব্যাটসম্যান ধারাবহিকভাবে রান করতে শুরু করে। এটা এখন ঘটছে না, এই যা। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন কেন, আমাদের শাহরিয়ার নাফীস আছে যার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রানের ইনিংস আছে। সুমন ভাইয়ের (হাবিবুল বাশার) কথাই ধরুন। তিনটা টেস্ট সেঞ্চুরি ছাড়াও আছে ২৬ টি ফিফটি। আছে রাজিন সালেহ, জাভেদ ওমর। আমাদের দলের সামর্থ্য ঠিকই আছে। কিন্তু টেস্ট ক্রিকেটের কঠিন জগতে রাতারাতি উন্নতি তো আমরা করতে পারবো না।" টাইগারক্রিকেট ডটকমের সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩১০ঘ.