ঢাকা, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যথাসম্ভব ব্যাটিং গভীরতা বাড়ানোকেই ব্যর্থতা থেকে বেরোনোর দাওয়াই ভেবেছিল বাংলাদেশ। কিন্তু তাতে ব্যাটিংয়ের আরো খারাপ অবস্থা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট হওয়া অন্তত সেটাই প্রমাণ করে। এই অবস্থায় ১৫ জনের টেস্ট স্কোয়াডে একজন ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যান না রাখার অসুবিধাও হাড়ে হাড়ে বুঝতে পারছেন নির্বাচকরা। তাই তারা কলম্বোতে টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছেন বাড়তি একজন ব্যাটসম্যান পাঠানোর দরকার আছে কিনা! কলম্বো থেকে ইতিবাচক সাড়া মিললেই ক্যান্ডিতে ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে শ্রীলঙ্কায় উড়ে যাবেন তুষার ইমরান। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তেমনই জানিয়েছেন,"শ্রীলঙ্কায় দলের সঙ্গে আকরাম (আরেক নির্বাচক) আছে। ওর সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছি, দলের বাড়তি একজন ব্যাটসম্যান দরকার আছে কিনা। ও বলেছে টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করে দেখবে। দল যদি চায়, তাহলে তৃতীয় টেস্টের আগেই তুষারকে শ্রীলঙ্কায় পাঠানো টেস্ট স্কোয়াডেন বাড়তি সংযোজন হিসেবে।" প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন তুষার, আছেন আরো চারজন (আফতাব আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা ও তামিম ইকবাল)। এদের সবার ১৪ জুলাই শ্রীলঙ্কায় রওনা হওয়ার কথা। তবে বিশেষ প্রয়োজনে এদের মধ্যে তুষারের আরো আগেই সেখানে যেতে হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24