ঢাকা, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বৃষ্টির জন্য ১৭ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার সময় যারা কাভার নিয়ে উইকেট ও এর চারপাশ ঢেকে দিতে এলেন, তারা কিন্তু মাঠকর্মী নন। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামের নিকটস্থ এক জেলখানার কয়েদী! মাসখানেকের ভেতরই ছাড়া পেতে যাওয়া ওই সব কয়েদীদের অগ্রীম মুক্ত হাওয়া খাওয়ার সুযোগটা করে দিয়েছিল স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষই। মাঠকর্মীর ভূমিকাটা তাদের কাছে উপভোগ্য হওয়ারই কথা। আর এই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরোটা জুড়ে যা ঘটেছে, তাতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মাঠের পরিবেশকে জেলখানার তুল্য কিছু মনে হওয়াই স্বাভাবিক। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট হওয়ার লজ্জার পর বাকহীন হয়ে পড়াটাও অস্বাভাবিক নয়। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবু স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। সেই সঙ্গে করলেন আশা জাগানোর চেষ্টাও,"যা ঘটে গেল তা নিয়ে কিছুই করার নেই। আমরা সবকিছু ঠিকমতোই করার চেষ্টা করেছি। কিন্তু এখনো আউট হচ্ছি। ক্রিকেটে এমন হয়ই। এই দলের কেউই বলতে পারবে না যে আমরা চেষ্টা করছি না। আপনারা সবাই জানেন, কঠোর পরিশ্রমই করছি আমরা। নিশ্চিত শিগগিরই এর ফলটা দেখতে পাবেন আপনারা।"
আশরাফুলের ডেপুটি মাশরাফি বিন মর্তুজার কন্ঠেও ধ্বনিত হয়েছে একই সুর,"শ্রম নিংড়ে দিয়ে আমাদের অনুশীলন ভালোই হচ্ছে। এই ম্যাচটা খেলতে নামার আগে আমাদের প্রস্তুতিটাও হয়েছিল দারুণ। কোনো সমস্যাই তো দেখছি না। তারপরও আমরা রান করছি না। আশা করছি দ্রুতই ঘটনা আমাদের পক্ষে ঘটতে শুরু করবে। কিন্তু এমুহুর্তে তা ঘটছে না, এই যা।"
বাজে শট খেলে আউট হওয়াটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মজ্জাগত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা সেই ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলেও দাবি করলেন দলের মূল স্ট্রাইক বোলার! তাতে অবশ্য ফল আসেনি কোনো। সহ---অধিনায়ক বলছেন,"আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা বাজে স্ট্রোক না খেলেই আউট হচ্ছিলাম। লোকজন যদিও এই বলে আমাদের সমালোচনা করে যে, আমরা বেশি বেশি শট খেলার চেষ্টা করি। আজ সেটাও করিনি আমরা। ক্রিকেটে ভাগ্যের সহায়তা লাগেই। সাধারণত একটা না একটা পার্টনারশিপ হয়ে যায়ই। কিন্তু আমরা ভালো, ভালো বলে আউট হয়েছি। উইকেটে থিতু হওয়ার সময়ই পায়নি ব্যাটসম্যানরা।"
নিজ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্নও উড়িয়ে দিতে চাইলেন মাশরাফি,"৮৯ (প্রথম টেস্টের প্রথম ইনিংসে) এবং ৬২, এই স্কোরগুলো কষ্টদায়ক। বিশ্বাস করুন, আমরাও যারপরনাই হতাশ। তার মানে এই নয় যে আমাদের সামর্থ্য নেই। যদি সামর্থ্য নাই থাকত, তাহলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আমরা ৭০ রানেই অলআউট হয়ে যেতাম। কিন্তু আমরা করেছি ২৫০ এর বেশি। সুতরাং সামর্থ্য আমাদের আছেই। যথেষ্ট শ্রমও দিচ্ছি আমরা। আগে হোক কিংবা পরে, এর ফল আসতে বাধ্য।"
ব্যাটসম্যানদের সময় দেওয়ার দাবিও উঠেছে তার কথায়,"বলতে পারেন একই উইকেটে শ্রীলঙ্কানরা তো দিব্যি রান করছে। তবে এটাও মনে রাখা উচিত তাদের কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো ব্যাটসম্যান আছে। অভিজ্ঞতা পার্থক্য গড়ে দেয়ই। তারা জানে কী করে উইকেট আঁকড়ে পড়ে থাকতে হয়। একই জিনিষ আমাদের দলের কারো কাছ থেকে প্রত্যাশা করা অবিচারই হবে। যেমন ধরুন শাহরিয়ার নাফীসের কথাই। ওকে আপনার সময় দিতে হবেই। ও জানে ওকে কী করতে হবে। জানে অন্যরাও।"
শ্রীলঙ্কাতে যাওয়ার পর থেকেই বাংলাদেশের ভোগান্তির কারণও এসেছে মাশরাফির কথায়," আমরা আজ খারাপ বল করিনি। প্রথম টেস্টের তুলনায় অনেক নিয়ন্ত্রিত হয়েছে তা। ওরা ওভারপ্রতি তিনের মতো রান করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথম ইনিংসে রান করাটাই সবচেয়ে জরুরী। সেটা করতে পারছি না বলেই আমরা ভুগছি।"
টাইগারক্রিকেট ডটকমের সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.
bdnews24