ঢাকা, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা দিন কোনটা? নিঃসন্দেহে ২০০৬ সালের ৯ এপ্রিল। যেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ড দেখাচ্ছিল --- বাংলাদেশ ৫ উইকেটে ৩৫৫ রান।
আর সবচেয়ে খারাপ দিন? অবশ্যই ২০০৭ সালের ৩ জুলাই। এদিন পি সারাভানামুত্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে বাংলাদেশ অলআউট নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে। মোহাম্মদ আশরাফুলের দলের প্রথম ইনিংসের আয়ু মাত্র ২৫ দশমিক ২ ওভার! এর চেয়েও সংক্ষিপ্ত ইনিংস একটাই আছে ইতিহাসে। তবে সেটা ক্রিকেটের আধুনিককালে নয়, প্রাচীনকালে! ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার ৫৩ রানের প্রথম ইনিংসটা শেষ হয়েছিল মাত্র ২২ দশমিক ৩ ওভারে। ২০ তম ওভারের শেষ বলে অষ্টম উইকেট হারানোর পর বাংলাদেশ ওই রেকর্ডটিকে নিজেদেরই করে ফেলবে কিনা তা নিয়েই আলোচনায় মেতেছিলেন টেন স্পোর্টসের ধারাভাষ্যকাররা। তা না হলেও এদিনটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে লজ্জার দিনই হয়ে থাকছে!
সংক্ষিপ্ততম ইনিংসের হিসাবে খুব কাছাকাছি চলে গেলেও সর্বনিম্ন রানের হিসাবে এর চেয়ে কম রানের ইনিংস আছে অনেক। সবচেয়ে কম রানের ইনিংসটি মাত্র ২৬ রানের। ১৯৫৪-৫৫ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ২৬ রানে। সর্বনিম্ন রানের এই রেকর্ড অর্ধশতাব্দী পরও অক্ষত।
সিরিজের প্রথম টেস্টেও ৮৯ রানের দুঃস্বপ্ন ছিল। ওই টেস্ট শেষে তবু বাংলাদেশের লজ্জা নিবারণের পোশাক হয়ে উঠেছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের এই কথা," ১৩ মাস টেস্ট ক্রিকেট খেলা হবে না, এটা শুনেই আমি বলেছিলাম আবারো শূণ্য থেকে শুরু করতে হবে আমাদের।" কিন্তু মঙ্গলবার সকালের ঘটনার পর হাবিবুলের ওই কথাও ঢাকতে পারছে না বাংলাদেশের লজ্জা। এমনকি শ্রীলঙ্কায় ব্যাটসম্যানদের কীর্তিতে দেশে বসেও বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকে। এদের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়করাও আছেন। গাজী আশরাফ লিপু যেমন বললেন,"এখনই আমি ফোনটা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি।" তার ওপর দিয়ে তীর্যক শব্দমালার ঝাপটা কেমন গেছে, এর আঁচ পেতে পারেন আমিনুল ইসলামের কথায়,"আর তো টেকা যাচ্ছে না। লোকজন ফোন করে যা তা বলছে।"
তাদের দুজনের মতো রকিবুল হাসান এবং খালেদ মাহমুদরাও কিছুতেই একমত হতে পারছেন না হাবিবুলের কথার সঙ্গে। এবং এক্ষেত্রে তাদের ব্যাখ্যাগুলো একনজরে এরকম :
আমিনুল ইসলাম : হাবিবুলের কথাটা স্রেফ একটা অজুহাত। ১৩ মাসের বিরতির আগে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তখন তো ফতুল্লা টেস্টটা ভীষণ ভালো খেলেছিল তারা। তাহলে এখন কেন পারবে না? তাছাড়া এমন তো নয় যে ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ওয়ানডে খেলেছে নিয়মিত, এই দলগুলোর সঙ্গেই। এর মধ্যে তো টেস্ট খেলার জন্য নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে কোনো বোলার চলে আসেনি যে তাকে খেলা অসম্ভব। এই মালিঙ্গাকেও তো খেলেছে ওরা।
রকিবুল হাসান : যিনি এমন কথা বলেছেন, তিনি নিজে কিন্তু অনেক টেস্ট খেলে ফেলেছেন। তার মুখে এমন কথা মানায় না। তার মতো অভিজ্ঞ আরো অনেকেই আছেন। কাজেই আমি এটা মানতে রাজি নই।
খালেদ মাহমুদ : বাংলাদেশ নিজেদের অভিষেক টেস্টে চারশো রানও করেছিল। তার আগে তো নিশ্চয়ই টেস্ট খেলে নামা হয়নি আমাদের। তখন পারা গেলে এখন কেন পারা যাবে না? আমি জানি না, হাবিবুল কেন ওই কথাটা বলেছে। তবে এই ব্যাটিং দুর্দশার জন্য ১৩ মাসের বিরতি কোনো কারণই নয়। ১৩ মাস পর সেদিন তো ভারতের সঙ্গে দুটো টেস্ট আমরা খেললাম। এর এক মাসের মধ্যেই আবার শ্রীলঙ্কার সঙ্গে খেলছে। এখন ওই বিরতির কথা আসছে কেন?
গাজী আশরাফ লিপু : একটা কিংবা দুটো ছেলেও ব্যাটিংয়ে দাঁড়াতে পারবে না, এটা তো মানা যায় না। ১৩ মাস টেস্ট খেলিনি তো কী হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ খেলছিলই। ১৩ মাস পর মানিয়ে নিতে একটু সমস্যা হবেই, মানছি। তার মানে এই নয় যে ২৬ ওভারেই সব শেষ হয়ে যাবে। আপনি উইকেটেই টিকতে পারলেন না। অথচ বিরতির সঙ্গে দিব্যি এটাকে যুক্ত করে ফেলছেন! ক্রিকেটাররা তো জানতো যে ১৩ মাস টেস্ট খেলা হবে না। কিন্তু এরপরে তো খেলতে হবে। ওদেরই দায়িত্ব ছিল এজন্য নিজেদের প্রস্তুত করে রাখা। যিনি বিরতির কথা টেনে এনেছেন, তারই সিনিয়র ক্রিকেটার হিসেবে অন্যদের এব্যাপারে সচেতন করার দায়িত্ব ছিল। আমি বলবো এর দায় ক্রিকেটারদেরই।
এসব বিরতি --- টিরতি নয়। ৬২ রানে অলআউট হওয়ার জন্য ব্যাটসম্যানদের সামর্থ্যরে অভাবকেই দুষছেন রকিবুল,"এতে আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্যরে অভাবই প্রকটভাবে ফুটে উঠলো।" তার সঙ্গে অবশ্য দ্বিমত আছে মাহমুদের,"সামর্থ্যরে অভাব বলবো না আমি। কারণ এই ছেলেদেরই কেউ কেউ টেস্টে সেঞ্চুরি করেছে। ৭০/৮০ রানের ইনিংস আছে বেশ কিছু। রফিকেরও টেস্ট সেঞ্চুরি আছে। ওদের ব্যাটিংয়ে আমি বরং প্রয়োগ ক্ষমতার অভাবই দেখেছি। বাংলাদেশ দলের প্র্যাকটিস আমার দেখা হয়। তখন তো দেখি সবকিছু ঠিকঠাক মতোই করছে ওরা। কিন্তু মাঠে গিয়ে আর পারছে না। গলদটা কোথায় আমি ঠিক ধরতে পারছি না।" লিপুর ভাষায়,"আমাদের ক্রিকেটারদের ক্রিকেট বোধের অভাব আছে বলেও মনে হয় আমার। আশরাফুল যে বলটাতে আউট হলো, ওটা সোজা খেললেও কিন্তু হতো। অথচ ফিল্ডার আছে দেখেও ওখানেই মারলো। রফিক যেমন বিপদের সময় মিডউইকেটে থাকা ফিল্ডারের হাতেই ধরা পড়লো।" তবে এসবের বাইরে দলের মানসিকতাকেই সবচেয়ে বড়ো সমস্যা হিসেবে চিহ্নিত করছেন আমিনুল,"আগেই হেরে বসে থাকলে এমন তো হবেই। যে দলের লক্ষ্য থাকে টেস্ট পঞ্চম দিনে টেনে নেওয়ার এবং সেটা মুখফুটে বলেও ফেলে, তখন প্রতিপক্ষ বাড়তি মানসিক সুবিধা পাবেই। আপনার মনে যাই থাকুক, সেটা আপনি মুখে বলবেন কেন?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24