লন্ডন, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রায়ান লারার কথারই যেন প্রতিধ্বনি মাইকেল হোল্ডিংয়ের কণ্ঠে। ক' দিন আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্বল অবকাঠামোর তীব্র সমালোচনা করেছিলেন লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের মতো হোল্ডিংও এ ব্যাপারে ভীষণ উদ্বিগ্ন, ক্ষুব্ধ। 'বিবিসি স্পোর্ট'-এর সঙ্গে কথা বলার সময় সেই ক্ষোভ ও উদ্বেগ চেপেও রাখতে পারেননি সাবেক ফাস্ট বোলার ও এই সময়ের অন্যতম জনপ্রিয় টিভি ধারাভাষ্যকার হোল্ডিং।
ইংল্যান্ড সফরে ভীষণ দুরবস্থার মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হেরে যাবার পর সীমিত ওভারের ক্রিকেটেও তাদের পারফরম্যান্স রীতিমতো লজ্জাজনক। দুটো প্রস্তুতিমূলক ওয়ানডে ও প্রথম টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে বটে, তবে দ্বিতীয় ও শেষ টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ জিতে সিরিজে ঠিকই সমতা নিয়ে এসেছে ইংল্যান্ড। এর পর রোববার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের করা ২২৫ রানের জবাব দিতে গিয়ে ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা। প্রিয় দলের এই দুর্দশা দেখে ক্ষুব্ধ হোল্ডিং তাই সবার আগে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্মকর্তাদের,"এখন সময় এসেছে কোনো এক জনের ঘুম থেকে জেগে ওঠা এবং ঠিক কি দরকার তা অনুভব করা। আমার ধারণা অনেক বছর আগেও তারা (ক্রিকেট কর্মকর্তারা) হাত-পা গুটিয়ে চুপচাপ বসে থাকতো। কিন্তু তখন অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসতো। এবং তারা মনে করতেন কাজটা ঠিকঠাক মতোই করে যাচ্ছেন। আসলে তারা কিছুই করতেন না। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে স্বাভাবিক ভাবেই সব কিছু হয়ে যেত। এখন সামনে সঠিক কোনো লক্ষ্যমাত্রা নেই বলেই আসল কাজটা করার চেষ্টা করতে হবে তাদের।"
হোল্ডিংয়ের মতো এত আক্রমণাত্মক ভাষায় কর্মকর্তাদের সমালোচনা না করলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অবকাঠামো নিয়ে লারাও এখন ভীষণ দুশ্চিন্তায়। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া টেস্টে সর্বোচ্চ রানের মালিক আগামীতে ক্রিকেট প্রশাসক হওয়ার আকাক্সক্ষার কথাও জানিয়েছেন দিন কয়েক আগে। তবে সবার আগে তিনি চান অবকাঠামোর উন্নতি,"বর্তমান দিকনির্দেশনায় ভাল কিছুর সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না। কে কোচ হলেন কিংবা দলে কারা কারা খেলছেন তা কোনো ব্যাপার নয়। যদি ভাল অবকাঠামো না থাকে তা হলে আপনি যে ক্রিকেটটা দেখতে চান, কিছুতেই তার জন্ম হবে না।"
লারার পর হোল্ডিংয়ের মুখেও ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের কথা। এবার যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লুআইসিবি) কর্মকর্তাদের টনক নড়ে!
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩২ঘ.
bdnews24