ঢাকা, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর হিসেবে গ্রামীনফোনের চুক্তির মেয়াদ পুরো হয়ে যাচ্ছে। তবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানিটির ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেট কমিউনিকেশন) ফেরদৌসুর রহমান বললেন,"নতুন মেয়াদেও আমরা জাতীয় দলের স্পনসর হতে পারবো বলে আশা করছি।" জাতীয় দলের পাশাপাশি এবার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলেরও স্পনসর হয়েছে তারা। ৫ জুলাই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে তাজকিয়া আক্তারের নেতৃত্বাধীন মহিলা দলটি। তারা ব্যাংককে থাইল্যান্ডের জাতীয় মহিলা দলের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে যাবে মালয়েশিয়া। সেখানে এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে 'বি' গ্র"পে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং চীন। এই টুর্নামেন্টের একমাত্র টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশ। আর মহিলা দলের এই বিদেশ সফরের স্পনসর গ্রামীনফোন দিয়েছে পাঁচ লাখ টাকা। সোমবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.
bdnews24