সিডনি, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) -- আবার অস্ট্রেলিয়া দলে ব্রেট লি। গোড়ালিতে অস্ত্রোপচার বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে মাঠের বাইরে ছিটকে ফেলেছিল এই 'স্পিড স্টার'কে। সেই হতাশা ঘোচানোর দারুণ এক সুযোগ এখন বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের সামনে। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় প্রথম টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।
সোমবার ঘোষিত এই দলে আছে শন টেইটেরও নাম। বিশ্বকাপে ব্রেট লি'র অনুপস্থিতি একদমই বুঝতে না দিয়ে, ২৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা টেইটের কনুইতে গত মাসে অস্ত্রোপচার করা হয়েছে। নির্বাচকরা অবশ্য আশা করছেন, জুলাইয়ের মাঝামাঝি ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার সময় লি ও টেইট দু জনকেই সুস্থ অবস্থায় পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার দলটিতে একেবারে নতুন মুখের ছড়াছড়ি। ব্যাটসম্যান ডেভিড হাসি, জর্জ বেইলি, লুক রনচি ও মার্কাস নর্থ, অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, লুক বাটারওয়ার্থ ও অ্যাশলি নফকে এবং পেসার ব্রেন্ডন ড্রিউ'র এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। অবশ্য অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের বিশ্বাস, সেরা দলটাই বেছে নিতে পেরেছেন তারা,"আমরা বিশ্বাস করি বিশেষ করে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য ৩০ জনের সেরা দলটাই বেছে নিয়েছি। আমরা চাই এই ধরনের ক্রিকেটেও অস্ট্রেলিয়া শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করুক।" বিশ্বকাপ জয়ী দলটির সব সদস্যকেই রাখা হয়েছে প্রাথমিক দলে। শুধু অবসর নেয়ার কারণে গ্লেন ম্যাকগ্রা নেই। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ২৫ জন খেলোয়াড়ের মধ্যে থেকে বাদ পড়েছেন জেসন গিলেস্পি, ক্রিস রজার্স, স্টুয়ার্ট ম্যাকগিল ও কালেন বেইলি।
অস্ট্রেলিয়ার প্রাথমিক দল : রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, জর্জ বেইলি, নাথান ব্র্যাকেন, লুক বাটারওয়ার্থ, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ড্যান কালেন, ব্রেন্ডন ড্রিউ, ব্র্যাড হ্যাডিন, শেন হারউড, ম্যাথু হেইডেন, বেন হিলফেনহস, ব্র্যাড হজ, ব্র্যাড হগ, জেমস হোপস, ডেভিড হাসি, মাইকেল হাসি, ফিল জ্যাক, মিশেল জনসন, ব্রেট লি, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, অ্যাশলি নফকে, মার্কাস নর্থ, লুক রনচি, অ্যান্ড্রু সাইমন্ডস, শন টেইট, অ্যাডাম ভোজেস, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫০ঘ.
bdnews24