বার্ন, সুইজারল্যান্ড, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাড়তি শাস্তির হাত থেকে বাঁচলেন শোয়েব আখতার। সঙ্গে মোহাম্মদ আসিফও। পাকিস্তানের এই দুই ফাস্ট বোলারকে ডোপপাপে বাড়তি নিষেধাজ্ঞার ঝামেলা পোহাতে হচ্ছে না আর। কারণ কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) জানিয়েছে এ দুজনের মামলার শুনানী নেওয়ার অধিকার তাদের নেই।
গত বছর নভেম্বরে নিষিদ্ধ স্টেরয়েড ন্যানড্রলনের অস্তিত্ব ধরা পড়ে শোয়েব-আসিফের মূত্র নমুনায়। পরিনামে পাকিস্তান ক্রিকেট বোর্ড যথাক্রমে দু'বছর ও এক বছরের জন্য নিষিদ্ধ করে দুজনকে। কিন্তু বিতর্কিতভাবে মাসখানেকের মাথায় শাস্তিটা তুলে নেয় বোর্ডের অ্যান্টি- ডোপিং আপিলস কমিটি। কিন্তু ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এত সহজে ছাড়তে চায়নি দুজনকেই। তারা পাল্টা আবেদন জানিয়েছিল সিএএস-এর কাছে দুজনকে শাস্তি দিতে। সোমবার সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, পিসিবির গঠনতন্ত্রে স্বীকৃতি না থাকায় তারা এ ব্যাপারে অপারগ। কারণ যাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হবে, তাদের সংবিধান বা গঠনতন্ত্রে সিএএস-এর আইনী কার্যক্রমকে মেনে নেওয়ার স্বীকৃতি থাকতে হবে। এ কারণেই "গভীর দুঃখের সঙ্গেই" ব্যাপারটা হজম করতে বাধ্য হচ্ছে তারা।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৩০ঘ.
bdnews24