২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজকে ৭৯ রানে হারিয়েছে ইংল্যান্ড

২২৬ রান কোনো বড় টার্গেট নয়। লর্ডসে তাই খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে, সিরিজের প্রথম ম্যাচেই এগিয়ে যাবে- এমন স্বপ্নদর্শী কম ছিল না। কিন্তু তাদের আশাহত করেছে ক্যারিবিয়ানরা উল্টো সহজ পরাজয় মেনে নিয়ে। ১৪৬ রানে অলআউট হয়েছে তারা। হেরেছে ৭৯ রানের ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 06:04 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

লর্ডস, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ২২৬ রান কোনো বড় টার্গেট নয়। লর্ডসে তাই খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে, সিরিজের প্রথম ম্যাচেই এগিয়ে যাবে- এমন স্বপ্নদর্শী কম ছিল না। কিন্তু তাদের আশাহত করেছে ক্যারিবিয়ানরা উল্টো সহজ পরাজয় মেনে নিয়ে। ১৪৬ রানে অলআউট হয়েছে তারা। হেরেছে ৭৯ রানের ব্যবধানে। বৃষ্টিভেজা আবহাওয়ায় বোলাররাই রাজত্ব করেছেন। ২২৫ রানে আটকে থাকা স্বাগতিকদের পক্ষে তা করেছেন জেমস অ্যান্ডারসন, লিয়াম প্লাঙ্কেট ও স্টুয়ার্ট ব্রড। মাত্র ৯ রানে উইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইলকে আউট করে শুরু করেছিলেন প্লাঙ্কেট। পরপর দু'বলে রুনাকো মর্টন ও মার্লন স্যামুয়েলসকে আউট করে তাদের ব্যাকফুটে ঠেলে দেন অ্যান্ডারসন। ডুয়াইন স্মিথ রানআউট হয়ে ৬ষ্ঠ ওভারের শুরুতেই উইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৩/৪। টেস্ট সিরিজের মতো এবারও একাই লড়েছেন শিবনারায়ন চন্দরপল। ডুয়াইন ব্রাভোকে নিয়ে ৬১ রানের ৫ম উইকেট জুটিই ক্যারিবিয়ানদের শেষ প্রতিরোধ গড়েছেন। ব্রডের বলে ব্রাভো আউট হওয়ার পর সফরকারীদের পরাজয় স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত টিকেছেন চন্দরপল, অপরাজিত থেকেছেন ৫৩ রানে। এর আগে ম্যান অব দ্য ম্যাচ ফিডেল এডওয়ার্ডসের ৫ উইকেট শিকারে ইংল্যান্ড ১ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২২৫ রানে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে দুবার ভাবেননি ক্রিস গেইল। ইংল্যান্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি, কিন্তু রান নিতে প্রাণান্তকর প্রয়াস দেখা গেছে ব্যাটসম্যানদের। গোটা ম্যাচে সবাই মিলে মাত্র ১২টি বাউন্ডারি মেরেছেন তারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান এসেছে, তাও ১৪ ওভারে। এডওয়ার্ডস অ্যালিস্টার কুককে আউট করে ভেঙেছেন সে জুটি। ইয়ান বেল খেলছিলেন দারুণ। আরেক ওপেনার ম্যাট প্রায়োরকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৯, কেভিন পিটারসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে রান আউট হয়েছেন অদ্ভুত ভাবে। ওয়েইজ শাহর সঙ্গে মাঝ উইকেটে ধাক্কা খেয়েছেন বলের দিকে তাকিয়ে থেকে, এরপর নন স্ট্রাইকিং এন্ডে ফিরেছেন দুজনেই। ডুয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে পিটারসেন করেছেন ৩৩ রান। ৩৪ রান করে প্রায়োর আউট হয়েছেন ডুয়াইন স্মিথের বলে। ৪৩ ওভারের সময় বৃষ্টি এসে খেলা বন্ধ রাখে কিছুক্ষণ। তার আগ পর্যন্ত ১৮১ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ৪৩ বলেই ৪৪ রান তুলে অলআউট। ওয়েইজ শাহ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করে তিনিও হয়েছেন রান আউট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২০০ঘ.