২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রচুর...প্রচুর অভিযোগ : ক্রীড়া উপদেষ্টা

বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙ্গে দেয়ার কথা ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই। কেন ভেঙ্গে দেয়া হচ্ছে বোর্ড, তাদের বিরুদ্ধে অভিযোগটা কী-এসব প্রশ্নের উত্তর জানতেই রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম মুখোমুখি হয়েছিল তার। খোলামেলা এই কথোপকথনে তপন চৌধুরী নতুন বোর্ড নিয়ে তার বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছেন। জানা গেছে ক্রিকেটের পর ফুটবল এবং জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কারের কাজেও হাত দেবেন তিনি। তপন চৌধুরীর জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎকারটি নিয়েছেন মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রশ্ন : আপনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েই ফেলেছেন। তা সেটা কার্যকর হচ্ছে কবে নাগাদ? তপন চৌধুরী : এই জুলাই মাসের মধ্যেই। বোর্ড ভেঙ্গে দিয়ে একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হবে। আর আমরা এমন একটা কমিটি করতে চাচ্ছি, যেটা চাইলেই করে ফেলা সম্ভব নয়। এজন্য অনেক কাজ করতে হবে। যাচাই বাছাইয়ের পরই একজনকে এই কমিটিতে জায়গা দেওয়া হবে। প্রশ্ন : যাচাই বাছাইয়ের ব্যাপারটা কেমন? তপন চৌধুরী : ধরুন, এমন অনেক লোক আছেন যারা একেবারেই খাঁটি ক্রীড়া সংগঠক। হতে পারেন তিনি খুব পুরনো কোনো খেলোয়াড়। হতে পারেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে আগ্রহী কেউ। কমিটিতে জায়গা দেওয়ার জন্য এমন লোকদেরই খুঁজে বের করা হচ্ছে। আর তাদের খুঁজে বের করাটা তেমন কঠিন কোনো কাজও না। তবে অ্যাডহক কমিটি গড়ার ক্ষেত্রে সেসব লোকদেরই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব, যারা কোনো অর্থনৈতিক সুবিধার জন্য ক্রিকেট নিয়ে কাজ করতে আসবেন না। ক্রিকেটের জন্য শ্রম দেওয়াটা যেন তাদের নেশা হয়। এমন লোকই আমাদের দরকার। এমন লোক কিন্তু বিভাগীয় কিংবা জেলা পর্যায়েও আছেন। নতুন যে কমিটি হচ্ছে, তাতে ওই পর্যায়ের কর্মকর্তারাও থাকতে পারেন। প্রশ্ন : কমিটির আকারটা কেমন হতে পারে? তপন চৌধুরী : সংখ্যাটা আমি আপনাকে এখনই বলতে পারছি না। তবে খুব বড়ো হবে না কিছুতেই। এখনকার কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা কয়জন? ত্রিশ কিংবা বত্রিশজন বোধহয়। এতো বড়ো তো দরকার নেই। কমিটি করার জন্য আমি কথা বলা শুরু করেছি। এটা করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোকদের দায়িত্ব দেব। প্রশ্ন : আচ্ছা ক্রিকেট বোর্ড ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণটা জানতে পারি? তপন চৌধুরী : অবশ্যই। এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রচুর...প্রচুর অভিযোগ। সুতরাং ব্যবস্থা নিতেই হচ্ছে। প্রশ্ন : অভিযোগগুলো কেমন? তপন চৌধুরী : আমার কানে তো অনেক অভিযোগই এসেছে। এরমধ্যে অন্যতম উদারহস্তে খরচের ব্যাপারটা। অনেক চুক্তি---টুক্তি নিয়েও কথা হচ্ছে খুব। হাতে গোনা কয়েকজন লোক সম্পর্কেই এসব কথা হচ্ছে। কিন্তু এভাবে তো চলতে পারে না। আমার কথা হচ্ছে, প্রতিটা টাকারই সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনি আইসিসির কাছ থেকে টাকা পাবেন আর দেদারসে খরচ করে যাবেন, এটা তো গ্রহণযোগ্য নয়। এমনওতো হয়েছে বিভিন্ন কমিটির লোকজন বিসিবির খরচে বিদেশ ভ্রমণে গেছেন। আর তাদের পেছনে বিসিবির কোষাগার থেকে দেদারসে খরচও করা হয়েছে। হ্যাঁ, বিসিবি দেবে। কিন্তু এর একটা সীমা তো থাকতে হবে। আশা করছি নতুন যে কমিটি তৈরি হবে সেটাকে ক্রীড়ামোদীরা পছন্দই করবেন। বিতর্কহীন লোকরাই জায়গা পাবেন অ্যাডহক কমিটিতে। প্রশ্ন : তাহলে আর কিছুদিন পর থেকেই সরকারী নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তপন চৌধুরী : কথাটা ঠিক নয়। এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছেই সরকারের নেই। এটা একটি স্বাধীন সংগঠন। এটা তার নিজের মতো করেই চলবে। তবে খরচ থেকে শুরু করে সবকিছূতেই স্বচ্ছতা থাকতে হবে। বিতর্কহীন লোকদের এনে সেটারই বন্দোবস্ত করে দিতে যাচ্ছি আমরা। আরেকটা কথা। এখন প্রতিভা অন্বেষণ হয় বেসরকারী পর্যায়ে। আমাদের চেষ্টা থাকবে এরসঙ্গে সরকারী উদ্যোগেরও যোগসূত্র স্থাপনের। বাংলাদেশ ক্রিকেট দল কিছু সাফল্য পেয়েছে ঠিকই। কিন্তু এতেই সন্তুষ্ট হলে চলবে না। সাফল্যের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। জাতীয় দলের সঙ্গে যুক্ত ২০/২৫ জন ক্রিকেটারের দিকেই শুধু মনোযোগ দেওয়াকে ঠিক বলে মনে হয় না আমার। এমনতো নয় যে তারা 'ব্লু আইড বয়'। মনোযোগটা একেবারে ছোটদের স্তর থেকেই দিতে হবে। প্রশ্ন : পত্র---পত্রিকায় তো আপনাদের কমিটিতে কারা কারা থাকছেন, এই নিয়ে রিপোর্টও প্রকাশিত হচ্ছে। বলা হচ্ছে, সর্বদলীয় একটা কমিটি করতে যাচ্ছেন। যেখানে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য যেমন থাকবেন, তেমনি থাকবেন এই বোর্ডের কিছু লোকও। তপন চৌধুরী : (হাসি....) আমি স্বীকার করি বা না করি, একটা কথা কিন্তু সত্যি। আমাদের খেলাধুলার অঙ্গনেও দুটো ঘরানা তৈরি হয়ে গেছে। এটা বলতে পারি, নতুন কমিটিতে কেউই দলের পরিচয়ে আসবেন না। যারা আসবেন তারা ক্রিকেটের জন্য তাদের নিজ নিজ যোগ্যতার শক্তিতেই আসবেন। নতুন কমিটিতে কেউ কোনো দলের পরিচয়ে যাতে ঢুকে পড়তে না পারেন, এটাই বরং বেশি নজরে থাকছে আমাদের। ক্রীড়া পরিবার বলে কী যেন একটা আছে না! নতুন কমিটিতে কিন্তু কোনো পরিবার---টরিবারের ব্যানারে কারো জায়গা হবে না। এসব আমাদের গোনার মধ্যেই থাকবে না। ক্রিকেটের জন্য তার কাজ করার যোগ্যতার প্রমাণ দেখেই শুধু কাউকে রাখা হবে। অন্য কিছু দেখে নয়। প্রশ্ন : অ্যাডহক কমিটি করার পর কি নির্বাচন দেবেন। তপন চৌধুরী : নির্বাচন তো আমাদের দিতেই হবে। তবে আদালতে অবশ্য একটা মামলা এখনো চলছে। অ্যাডহক কমিটি করার পর ওই মামলার রায়ের জন্যও অপেক্ষা করা হবে। তবে যা কিছু করা হবে, আইনগত দিকটা পরিষ্কার রেখেই করা হবে। প্রশ্ন : ক্রিকেট বোর্ডের মতো ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ। ফুটবলের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না? তপন চৌধুরী : (হাসি...) হবে, হবে। ফুটবল, এনএসসি.....একটা, একটা করে সবই ধরা হবে। আস্তে, আস্তে। একটার পর একটা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫৫ঘ.