লর্ডস, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- গোটা যুক্তরাজ্য জুড়েই বৃষ্টিপাত। আর তাতে বাগড়া পড়ছে শুধু উইম্বলডনেই নয়, ক্রিকেটেও। বেলফাস্টে দক্ষিণ আফ্রিকা ভারতের মধ্যেকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেটি এ রিপোর্ট লেখা পর্যন্ত শুরুই হতে পারেনি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে। এডিনবরায় পাকিস্তান ও স্কটল্যান্ডের মধ্যেকার একমাত্র ওয়ানডে ম্যাচটিও শিকার হয়েছে প্রকৃতির বৈরিতার। আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন খেলা মাঠে গড়ানোর আগেই। লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার সিরিজের প্রথম ওয়ানডেটি ৪২.৪ ওভার পর বৃষ্টির হামলায় পড়েছে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৮১ রান। অধিনায়ক পল কলিংউড ব্যাট করছেন ১ রানে, তার সঙ্গী ওয়েইজ শাহর রান ১৪। আউট হয়েছেন অ্যালিস্টার কুক (২৯), ম্যাট প্রায়র (৩৪), ইয়ান বেল (৫৬) ও কেভিন পিটারসেন (৩৩)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৯১৫ঘ.
bdnews24