২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট খেলার মতো মানসিক শক্তিই নেই বাংলাদেশের!

একেকটা বিশাল হার, আর ফের নতুন করে জন্ম প্রশ্নটার। বাংলাদেশ কি টেস্ট ক্রিকেটের জন্য সত্যি প্রস্তুত? ঘুরে ফিরেই এবং সুযোগ পেলেই ক্রিকেট আড্ডায় তা তোলেন বোদ্ধারা। প্রতিবার চলে কাটাছেঁড়া। এবং শেষমেষ নেতিবাচক সিদ্ধান্তেই উপনীত সবাই। প্রশ্নটা নতুন করে তুলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্স। কলম্বোয় ইনিংস ও ২৩৪ রানের হারে মোটেও প্রলেপ নয় তা। এতদিন পর্যন্ত বাংলাদেশ শিবির থেকে এর যথাযথ প্রতিবাদ হয়েছে। হচ্ছেও। তবে সারওয়ার ইমরান ব্যতিক্রমদের তালিকায়। বাংলাদেশের সহকারী কোচ স্বীকার করে নিয়েছেন টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে পৌঁছতে এখনও ঢের দেরি তার দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

কলম্বো, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- একেকটা বিশাল হার, আর ফের নতুন করে জন্ম প্রশ্নটার। বাংলাদেশ কি টেস্ট ক্রিকেটের জন্য সত্যি প্রস্তুত? ঘুরে ফিরেই এবং সুযোগ পেলেই ক্রিকেট আড্ডায় তা তোলেন বোদ্ধারা। প্রতিবার চলে কাটাছেঁড়া। এবং শেষমেষ নেতিবাচক সিদ্ধান্তেই উপনীত সবাই। প্রশ্নটা নতুন করে তুলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্স। কলম্বোয় ইনিংস ও ২৩৪ রানের হারে মোটেও প্রলেপ নয় তা। এতদিন পর্যন্ত বাংলাদেশ শিবির থেকে এর যথাযথ প্রতিবাদ হয়েছে। হচ্ছেও। তবে সারওয়ার ইমরান ব্যতিক্রমদের তালিকায়। বাংলাদেশের সহকারী কোচ স্বীকার করে নিয়েছেন টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে পৌঁছতে এখনও ঢের দেরি তার দলের। "টেস্ট ক্রিকেটে আমাদের চরিত্রের কোনো পরিবর্তনই হয়নি কারণ সেই একই ভুল বারবার করে যাচ্ছি আমরা।'' বলেছেন ইমরান এবং তারপর যোগ করেছেন, "আমাদের বেশ কজন প্রতিভাবান ক্রিকেটার আছে, কিন্তু আমার ধারণা এই পর্যায়ে টিকে থাকার জন্য মানসিকভাবে যথেষ্ট সবল নই আমরা।" পরিসংখ্যানও বলছে একই কথা। গত ১১ টেস্টে বাংলাদেশ হেরেছে একটি বাদে সবকটি। এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ব্যতিক্রম। বৃষ্টিতে ভেসে গিয়েছিল তা। ২০০০ সালের নভেম্বরে অভিষেকের পর থেকে ৪৭ টেস্টে সাকুল্যে একটিই জয়। দুবছর আগে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে। এর বাইরে ৪১ টেস্টে হার, ড্র ৫টিতে। সারওয়ার ইমরানের সঙ্গে অবশ্য মোটেও একমত নন হাবিবুল বাশার। বাংলাদেশের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিশ্বাস করেন না যে দল টেস্ট ক্রিকেটে একদমই কোনো উন্নতি করেনি। বলেছেন, "শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্টের পারফরম্যান্সে আমি একদমই হতাশ নই। সিরিজে আরো দুটো টেস্ট বাকি। আমাদেরও সুযোগ রয়েছে মানুষকে দেখানোর যে যতটা খারাপ বলা হচ্ছে অত খারাপ দল নই আমরা। আর শ্রীলঙ্কার মতো শক্তিশালী একটা দলের কাছে হারে লজ্জার কিছু নেই। তবে আমাদের ভুলগুলো থেকে শিখতে হবে, সেগুলো শুধরাতে হবে, চেষ্টা করতে হবে আরো বেশিক্ষণ ব্যাট করতে।" আগামী ৩ জুলাই থেকে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ১১ জুলাই থেকে ক্যান্ডিতে হবে শেষ টেস্ট। এরপর কলম্বোয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু'দল। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৫৫ঘ.