ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রতি বছরই ক্রিকেটাররা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড এবং ড্রেসিং রুমের দূরবস্থা নিয়ে অভিযোগ করেন। এবং সেগুলো পত্র---পত্রিকায় ছাপাও হয়। কিন্তু কোনো প্রতিকার হয় না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো উদ্যোগ নিত না। তাই ইনজুরির ঝুঁকি নিয়েই খেলতে হতো ক্রিকেটারদের। শনিবার এক সংবাদ সম্মেলনে এবার সেই ঝুঁকি নিতে হবে না বলেই নিশ্চিত করলেন বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"এবারের জাতীয় ক্রিকেট লিগের কোনো ম্যাচ হবে না ধানমন্ডি মাঠে।"
তবে আশার কথা হল, 'আবাহনী মাঠ' বলেই পরিচিত মাঠটির ড্রেসিং রুম সংস্কারের কাজেও অবশেষে হাত দিতে যাচ্ছে বিসিবি। এজন্য ২০০৭---০৮ অর্থ বছরের বাজেটে বরাদ্দও রাখা হয়েছে বলে জানিয়েছেন মাহবুব,"নতুন অর্থবছরের বাজেটে গ্রাউন্ডস ও ফ্যাসিলিটি খাতে বড় অঙ্কের টাকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মাঠে ড্রেসিং রুম ফ্যাসিলিটি বাড়ানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি টাকা।" গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান এবং বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এসব কাজে এতো বিলম্বের জন্য নিজেদের ব্যর্থতাই স্বীকার করে নিলেন এক রকম,"যাক, এবার বাঁচা গেল। ধানমন্ডি মাঠে ড্রেসিং রুম সংস্কারের বিষয়টা পাঁচ বছর ধরে ঝুলে ছিল। নতুন বাজেটে ধানমন্ডি মাঠ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ এবং বিকেএসপির এক ও দুই নম্বর মাঠে ড্রেসিং রুম করার জন্য বরাদ্দ রাখা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩২৩ ঘ.
bdnews24