২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশার চেয়ে ৫০ কোটি টাকা বেশি আয় বিসিবির

২০০৭ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছর শুরুর সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, আয় হবে ৪৭ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু বিদায়ী অর্থবছরে আয়ের অঙ্কটা তাদের কল্পনার সীমা ছাড়িয়ে গেছে বহুদূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২০০৭ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছর শুরুর সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, আয় হবে ৪৭ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু বিদায়ী অর্থবছরে আয়ের অঙ্কটা তাদের কল্পনার সীমা ছাড়িয়ে গেছে বহুদূর। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২০০৭---০৮ অর্থ বছরের বাজেট অনুমোদন কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে সেই খতিয়ানই তুলে ধরলেন বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম। শেষ হওয়া অর্থ বছরে আয়টা ধারণার চেয়েও দ্বিগুণ, ৫০ কোটি টাকার বেশি,"২০০৬---০৭ অর্থবছরে আমরা আয় করেছি ৯৭ কোটি ৭৯ লাখ টাকা।" বছরের শুরুতে নিজেদের হিসাবের সঙ্গে প্রকৃত আয়ের তারতম্যের কারণটা তিনি ব্যাখ্যা করলেন এভাবে,"গত অর্থ বছরের বাজেট করার সময় আমাদের টিভি স্বত্ত্বের নতুন চুক্তিটা হয়নি। তখন আমরা ধরে নিয়েছিলাম চুক্তি হলে কমপক্ষে ১৬ কোটি টাকা আমরা পাবো। কিন্তু নিম্বাসের সঙ্গে চুক্তি থেকে আমরা প্রথম কিস্তিতে পেয়েছি ২৪ কোটি টাকা। তাছাড়া বিশ্বকাপ ক্রিকেটের আয়ের একটা অংশও পেয়েছি আমরা।" তবে ২০০৭---০৮ অর্থবছরের বাজেট করার সময় বিসিবির জানা, নিম্বাসের কাছ থেকে এবার কতো টাকা মিলতে যাচ্ছে। তাই এবার প্রত্যাশিত আয়ের অঙ্কটা বিদায়ী অর্থবছরের চেয়ে অনেক বেশি,"এবার আগের অর্থবছরের তুলনায় আমাদের প্রত্যাশিত আয় শতকরা ৭২ ভাগ বৃদ্ধি পাবে। টাকার অঙ্কে এটা ১৬৮ কোটি ৫৫ লাখ। যার সিংহভাগই আমরা টিভি স্বত্ত্ব থেকে পাবো বলে আশা করছি।" অবশ্য আয়ের তুলনায় ব্যয় হয়েছে কমই। বিদায়ী অর্থ বছরে ৮৫ কোটি ৪৯ লাখ টাকার বাজেট থাকলেও খরচ হয়েছে ৫৪ কোটি ১৯ লাখ টাকা। নতুন অর্থবছরে খরচ ধরা হয়েছে ৯৩ কোটি ৮৩ লাখ টাকা। তবে আয়ের অঙ্ক যেভাবে প্রত্যাশা ছাড়িয়ে গেছে, তাতে নতুন অর্থ বছর শেষে বিসিবির অ্যাকাউন্টও যথেষ্ট স্ফীত হবে বলে আশা করছে তারা। মাহবুব বলেছেন সে কথাই,"৩০ জুন, ২০০৭---এ বিসিবির অ্যাকাউন্টে আছে ৮৩ কোটি ২৪ লাখ টাকা। আমরা আশা করছি নতুন অর্থ বছর শেষে সেটা দেড়শো কোটি টাকাতে গিয়ে দাঁড়াবে।" এত আয় যেহেতু হচ্ছে, সেখানে ক্রিকেটারদের জন্য খরচ করতেও কোনো দ্বিধা নেই বিসিবির। মাহবুব সেটাও জানিয়ে দিলেন,"খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। এই খাতে এবার আমরা আরো দুই কোটি টাকা বাড়িয়ে ধরেছি। বোনাস হিসেবে ধরা হয়েছে সাত কোটি টাকা।" তাছাড়া জাতীয় ক্রিকেট লিগে আসন্ন মৌসুম থেকে ক্রিকেটারদের লোভনীয় অঙ্কের ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিসিবি। এই খাতেও বড় অঙ্কের বরাদ্দ রাখতে হয়েছে তাদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৫৩ ঘ.