ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার আর্থিক অনুদানধন্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটও। স্ট্যানফোর্ড নামের ওই ধনকুবের এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটা টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব। প্রস্তাবটা বিবেচনা করে দেখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেটা অনুমোদন হয়ে গেলে ২০০৮ সাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি মাঠে গড়াবে প্রতিবছর। এবং তাতে পর্যায়ক্রমে আইসিসির পূর্ণ সদস্য তিনটি করে দেশ অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশেরও সুযোগ থাকবে ওই টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার। তা হতে পারে প্রথম কিংবা দ্বিতীয় বছরে। লর্ডসে আইসিসির সভাশেষে শনিবার সকালে দেশে ফেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মাহমুদুর রহমান এমনই জানিয়েছেন।
টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে জানাতে গিয়ে মাহমুদ বলেছেন,"প্রতিবছর তিনটি করে দেশকে নেওয়া হবে। তারা একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে। ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে গড়া 'স্ট্যানফোর্ড ইলেভেন' নামের একটা দলের সঙ্গে খেলবে। তবে ওই ম্যাচে চ্যাম্পিয়ন দলের প্রতিপক্ষ যেহেতু কোনো দেশ নয়, তাই আইসিসি ওটাকে আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের স্বীকৃতি দেবে না। এছাড়া অন্য সবগুলো ম্যাচই এই স্বীকৃতি পাবে।" টুর্নামেন্টটির ভবিষ্যৎ এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? এ প্রশ্নের উত্তরে মাহমুদ জানিয়েছেন,"আইসিসি সব কিছু যাচাই --- বাছাই করে দেখছে। হয়তো শিগগিরই এটা চূড়ান্তও হয়ে যাবে। হয়ে গেলে পর্যায়ক্রমে সব দেশই খেলার সুযোগ পাবে ওই টুর্নামেন্টে। পাবে বাংলাদেশও। সেটা প্রথম বছর না হলে দ্বিতীয় বছর।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫৬ ঘ.
bdnews24