বেলফাস্ট, আয়ারল্যান্ড, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তার রেকর্ড ভাঙ্গা-গড়া সমৃদ্ধ বর্ণিল ক্যারিয়ারে যোগ হল আরেকটি নতুন অধ্যায়। ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১৫ হাজার রানের অসাধারণ এক অর্জন স্পর্শ করলেন শচীন টেন্ডুলকার। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিউচার কাপের দ্বিতীয় ম্যাচে এই অবিশ্বাস্য কীর্তি স্পর্শ করার পর কার কথা সবচেয়ে বেশি মনে হচ্ছিল 'লিটল জিনিয়াস'-এর ? সমালোচকদের কথা কি? বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচকরাই যে নিন্দার ঝড় তুলেছিলেন তার পারফরম্যান্স নিয়ে। এমনকি এখনই ওয়ানডে থেকে অবসরের পরামর্শ কিংবা উপদেশ দিতেও তারা দ্বিধা করেননি। তবে স্বভাববিনয়ী টেন্ডুলকার এত বড় একটা অর্জনের পরও যেন বিনয়ের প্রতিমূর্তি। সমালোচকদের বিন্দুমাত্র সমালোচনা না করে বরং বিশ্বকাপ পরবর্তী ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে নেয়ার ইঙ্গিতই পাওয়া গেছে তার কণ্ঠে। সেই সঙ্গে দীর্ঘ ক্যারিয়ার, শুক্রবারের ম্যাচে পাওয়া গুরুত্বপূর্ণ জয় ইত্যাদি প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে আনার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়া টেন্ডুলকারকে সবার আগে কথা বলতে হয়েছে সমালোচকদের সম্পর্কে। তিনি ওয়ানডের সফলতম ব্যাটসম্যান; সবচেয়ে রান ও সেঞ্চুরির মালিক। অথচ তাকেই কি না মাত্র ৩৪ বছর বয়সে ওয়ানডে থেকে অবসরের পরামর্শ দেয়া হয়েছে! অন্য কেউ হলে সমালোচকদের এক হাত নেয়ার সুযোগটা হয়তো ছাড়তেন না। কিন্তু টেন্ডুলকারের কণ্ঠে এ প্রসঙ্গে বিন্দু মাত্র ক্ষোভ ফুটে ওঠেনি, "মতামত দেয়াটা তাদের (সমালোচকদের) কাজ। অন্যদিকে যখন আমি ক্রিকেট ব্যাট হাতে নেই তখন আমার কাজটা হয়ে পড়ে আরো বেশি বড় ও কঠিন। আমি শুধু সে কাজটাতেই তখন মনযোগ দিতে চাই।"
সমালোচকদের ছেড়ে এর পর চলে এসেছে ম্যাচের প্রসঙ্গ। আগের ম্যাচে ৯৯ রান করেও দলকে জয় এনে দিতে পারেননি। শুক্রবার সেই দুর্ভাগ্যের পুনরাবৃত্তি হয়নি। তিনি ৯৩ রান করে আউট হয়ে গেলেও যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত। এত বড় এক অর্জনের দিনে দলও জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই দারুণ খুশি টেন্ডুলকার,"দারুণ তৃপ্তিদায়ক, দুর্দান্ত এক মুহূর্ত এটা। সিরিজ বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই দারুণ খুশি লাগছে আমার
bdnews24