২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সেঞ্চুরি মিস করলেও ভারতকে জিতিয়েছেন টেন্ডুলকার

আবার দুর্ভাগ্যের শিকার শচীন টেন্ডুলকার। আগের ম্যাচে ৯৯ রানে রান আউট হওয়া ওয়ানডের সফলতম ব্যাটসম্যান শুক্রবার মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে প্রথম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১৫ হাজার রানের অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন ঠিকই। শুক্রবার টেন্ডুলকারের কীর্তিধন্য ফিউচার কাপের দ্বিতীয় ম্যাচে ৫ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। তবে টেন্ডুলকার একা নন, যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের দুটো অপরাজিত ইনিংসও ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বেলফাস্ট, আয়ারল্যান্ড, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আবার দুর্ভাগ্যের শিকার শচীন টেন্ডুলকার। আগের ম্যাচে ৯৯ রানে রান আউট হওয়া ওয়ানডের সফলতম ব্যাটসম্যান শুক্রবার মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে প্রথম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১৫ হাজার রানের অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন ঠিকই। শুক্রবার টেন্ডুলকারের কীর্তিধন্য ফিউচার কাপের দ্বিতীয় ম্যাচে ৫ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। তবে টেন্ডুলকার একা নন, যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের দুটো অপরাজিত ইনিংসও ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছে। তৃতীয় ওভারেই এবি ডি ভিলিয়ার্স (০) রান আউট। এই আঘাত সামলে উঠতে না উঠতেই আরপি সিংয়ের বলে বোল্ড হয়ে যান প্রথম ম্যাচে জয়ের নায়ক জ্যাক ক্যালিস (২)। প্রাথমিক বিপর্যয়ের পর টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে হাল ধরেন ফন উইক ও হার্শেল গিবস। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান ওঠার পর গিবসকে (১৭) জহির খান ফিরিয়ে দিলে আবার বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে অর্থাৎ ৩ উইকেটে ৪৬ রান থেকে প্রোটিয়াদের ১৩১ রান পর্যন্ত টেনে নিয়ে গেছেন ফন উইক ও ডুমিনি। যুবরাজের বলে দ্রাবিড়ের ক্যাচ হওয়ার আগে ডুমিনির ব্যাট থেকে এসেছে মূল্যবান ৪০টি রান। অন্যদিকে যুবরাজের বলে কট বিহাইন্ড হওয়া ফন উইক ১২৬ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৮২ রান করেছেন। শেষ দিকে বাউচারের ৫৫ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা সমৃদ্ধ ৫৫ রানের জন্য সোয়া দু শ' রানে পৌঁছাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার যুবরাজ। জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে ভারত। টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর উদ্বোধনী জুটিতে উঠেছে ১৩৪ রান। ৭৫ বলে ৩টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৪২ রান করা সৌরভকে হার্শেল গিবসের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন চার্ল ল্যাঙ্গাফেল্ট। এর পরই যেন মড়ক লেগেছে ভারতের ইনিংসে। মাত্র দুই রান করে ল্যাঙ্গাফেল্টকে রিটার্ন ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে আসেন দ্রাবিড়। ভারতের স্কোর তখন দুই উইকেটে ১৪০ রান। ঐ একই স্কোরে মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা শাবালালার অফব্রেকে লেট কাট করতে গিয়ে টেন্ডুলকারও বোল্ড! টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে আসা 'লিটল জিনিয়াস'-এর ১০৬ বলে ৯৩ রানের ইনিংসটা সাজানো ছিল ১৩টি চার ও দুটি ছক্কায়। দলীয় স্কোরে দুই রান যোগ হওয়ার পর ধোনিকে (০) আন্দ্রে নেল বোল্ড করে আরো বিপদে ফেলে দিয়েছেন 'টিম ইন্ডিয়া' কে। সেখান থেকে দলের হাল ধরেছেন যুবরাজ ও দীনেশ। পঞ্চম উইকেটে দুজনের ৮৫ রানের জুটির জন্যই মাঝের বিপদ সামলে জিততে পেরেছে ভারত। শেষ পর্যন্ত ৬৩ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন যুবরাজ। মাত্র একটি চার মারলেও কার্তিকের ৩২ বলের ইনিংসটা এসেছে ৩৭ বলে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে রোববার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/ এমএম/ ২৩৪০ঘ.