২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো, শেষটা বাংলাদেশের মতো!

দ্বিতীয় ইনিংসে দারুন সূচনা করেও দিনের শেষভাগের বিপর্যয়ে আবারো বিপদে বাংলাদেশ। ভাল সূচনার মূল দুই কারিগর ওপেনার জাভেদ ওমর ও শাহরিয়ার নাফিস; তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজিন সালেহ---আশরাফুলের লড়াই প্রথম টেস্টের আয়ু আরো একদিন বাড়িয়ে চতুর্থ দিনে নিয়ে গেছে। কিন্তু সেটা হতে পারতো আরও অনেক ভালো, যদি না ভালো খেলে রাজিন-আশরাফুল এমন খারাপ ভাবে আউট হতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 06:46 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কলম্বো, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- দ্বিতীয় ইনিংসে দারুন সূচনা করেও দিনের শেষভাগের বিপর্যয়ে আবারো বিপদে বাংলাদেশ। ভাল সূচনার মূল দুই কারিগর ওপেনার জাভেদ ওমর ও শাহরিয়ার নাফিস; তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজিন সালেহ---আশরাফুলের লড়াই প্রথম টেস্টের আয়ু আরো একদিন বাড়িয়ে চতুর্থ দিনে নিয়ে গেছে। কিন্তু সেটা হতে পারতো আরও অনেক ভালো, যদি না ভালো খেলে রাজিন-আশরাফুল এমন খারাপ ভাবে আউট হতেন। বাংলাদেশের এই ভালো-মন্দ মেলানো দিনটি শেষভাগে পড়েছিল আলোক স্বল্পতার সমস্যায়। তাতে ১১ ওভার আগেই তৃতীয় দিনের খেলা শেষ, যখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৩ রান। অর্থাৎ এখনো ২৫৫ রানে পিছিয়ে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৯ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫৭৭ রানে। দিনের শুরুটা যেভাবে হয়েছিল শেষটা সেভাবে হলো না। হলো না রাজিন সালেহ ও আশরাফুলের হঠাৎ ধর্য্যচুতি ঘটায়। দুই ওপেনার আউট হওয়ার পর তারাই ধীরেসুস্থে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টেনে নেওয়ার কাজটা করছিলেন। বিশেষ করে শ্রীলংকার সবচেয়ে বড় অস্ত্র মুত্তিয়া মুরালীধরনকে খেলছিলেন খুব দেখেশুনে। এবং কাজও হচ্ছিল। কিন্তু রাজিন সালেহ আউট হওয়ার পর পরই আশরাফুলও আত্মহননের পথ বেছে নিলে তৃতীয় দিনশেষেই প্রায় দূর হয়ে যায় ইনিংস পরাজয় এড়ানোর সম্ভাবনা। দিনটা অবশ্য শুরু হয়েছিল তৃতীয় দিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার আশংকা নিয়ে। সেই আশংকার মুখে দাঁড়িয়ে এক শুভ সকাল উপহার দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। জাভেদ ওমর ও শাহরিয়ার নাফিসের চমৎকার ব্যাটিংয়ে ভাস্বর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালটা। আগের দিনের সংগ্রহ বিনা উইকেটে ৩ রান থেকে শুরু করে তারা চমৎকার খেলে ৮৬ রানের এক পার্টনারশিপ গড়েছেন, যা শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। তৃতীয় দিনের শুরুতে তারা শ্রীলঙ্কান পেসারদের তোপ সামলানোর পর লংকান প্রধান অস্ত্র মুত্তিয়া মুরালিধরনকেও ভালভাবেই খেলছিলেন। হঠাৎ করে শাহরিয়ার নাফিসের একটা ড্রাইভ মিসটাইম হওয়ায় রির্টাণ ক্যাচ হয়ে মুরালির হাতেই চলে আসে। মানে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মুরালিই আবার হন্তারক। ৭ টি বাউন্ডারিসহ ৫০ বলে ৩৮ রান করে শাহরিয়ার নাফিস ফিরে যাওয়ার পর জাভেদ ওমর নতুন সঙ্গী রাজিন সালেহকে নিয়ে লাঞ্চ পর্যন্ত ভালভাবেই কাটিয়ে দিয়েছেন। লাঞ্চে যাওয়ার আগেই ১০৬ বলে নিজের অষ্টম হাফ সেঞ্চুরি পূরণ করা এই বাংলাদেশী ওপেনার ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। কিন্তু দ্বিতীয় সেশনে তার সঙ্গে মাত্র ১০ রান যোগ করেই লাসিথ মালিঙ্গার ইয়র্কারে যুগপৎ এলবিডব্লু এবং ডান পায়ের আঙ্গুলের চোট নিয়ে মাঠ ছাড়েন জাভেদ ওমর। ১১৮ বল খেলে তিনি ৬২ রান করতে মেরেছেন ১০ টি বাউন্ডারি। চমৎকার ভিত্তির ওপর দাঁড়ানো বাংলাদেশকে টেনে নেওয়ার কাজ ছিল মিডল অর্ডার ব্যাটম্যানদের। তাতে ব্যর্থ হাবিবুল বাশার; প্রথম ইনিংসে ২ রান করা সাবেক অধিনায়ক ১৭ রান করে ভাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এরপরের ভরসা নতুন অধিনায়ক আশরাফুল। চতুর্থ উইকেটে তিনি রাজিন সালেহকে সঙ্গী করে ৬৭ রানের জুটি গড়ে টেস্ট ব্যাটিংয়ের দাবি মিটিয়েছেন। যা দেখে ধারভাষ্যকারদের গলায় তাদের টেস্ট মানসিকতার স্তুতি। কিন্তু সপ্তম ফিফটি পাওয়া রাজিন সালেহকে (২৩২ বলে ৫১) থামিয়ে দেন দিলশান, স্লিপে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে। দলের স্কোর পরিণত হয় ৪ উইকেটে ২২৭, তার সঙ্গে মাত্র ৪ রান যোগ করার পরই এতক্ষণ ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে থাকা মোহাম্মদ আশরাফুল মুরালিধরনকে উড়িয়ে মেরে আত্মহননের পথে হাঁটেন। লং অনে চামিন্ডা ভাসের হাতে ধরা পড়ার আগে ১৪৩ বলে ৫ টি বাউন্ডারিসহ ৩৭ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। চতুর্থ দিনের লড়াই শুরু করবেন সাকিব আল হাসান (৪) ও খালেদ মাসুদ (০)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮২৬ঘ.