২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম দিনের আশা আর করছেন না আশরাফুল

তার নেতৃত্বের প্রথম দিনটায় 'অন্যরকম' কিছু করবে বাংলাদেশ, আগের রাতে নিশ্চয়ই এমন স্বপ্নে বুঁদ হয়ে ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু কলম্বো টেস্ট শুরু হওয়ার পর থেকেই তা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে থাকলো। টসে হেরে আগে ব্যাট করতে নামার পর ব্যাটসম্যানরা ভালো কিছূ করলেই সেটা আশরাফুলের জন্য 'অন্যরকম' কিছু হয়ে যেত। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের মুখে ঘোষিত প্রত্যয় ব্যাটে ফুটিয়ে তুলতে পেরেছেন খুব কমই। কিন্তু সোমবারও সেই পুরনো ঘটনাই। ব্যর্থতার বৃত্তেই বন্দী হয়ে থাকা ব্যাটসম্যানরা দলকে দিলেন প্রথম ইনিংসে মাত্র ৮৯ রানে অল আউট হওয়ার লজ্জা। অধিনায়কত্বের শুরুতে মাঠে এমন একটা কল্পনাতীত দিন কাটার পর রাতে আর্তনাদের মতোই শোনালো বাংলাদেশ অধিনায়কের কথা," ভেবেছিলাম ভালো একটা দিন যাবে। কিন্তু যা গেল, তা খুবই, খুবই খারাপ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার নেতৃত্বের প্রথম দিনটায় 'অন্যরকম' কিছু করবে বাংলাদেশ, আগের রাতে নিশ্চয়ই এমন স্বপ্নে বুঁদ হয়ে ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু কলম্বো টেস্ট শুরু হওয়ার পর থেকেই তা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে থাকলো। টসে হেরে আগে ব্যাট করতে নামার পর ব্যাটসম্যানরা ভালো কিছূ করলেই সেটা আশরাফুলের জন্য 'অন্যরকম' কিছু হয়ে যেত। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের মুখে ঘোষিত প্রত্যয় ব্যাটে ফুটিয়ে তুলতে পেরেছেন খুব কমই। কিন্তু সোমবারও সেই পুরনো ঘটনাই। ব্যর্থতার বৃত্তেই বন্দী হয়ে থাকা ব্যাটসম্যানরা দলকে দিলেন প্রথম ইনিংসে মাত্র ৮৯ রানে অল আউট হওয়ার লজ্জা। অধিনায়কত্বের শুরুতে মাঠে এমন একটা কল্পনাতীত দিন কাটার পর রাতে আর্তনাদের মতোই শোনালো বাংলাদেশ অধিনায়কের কথা," ভেবেছিলাম ভালো একটা দিন যাবে। কিন্তু যা গেল, তা খুবই, খুবই খারাপ।" এই খারাপের দায় তার নিজের কাঁধেও বর্তায় অনেকটা। কলম্বো থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া তার নিজের স্বীকারোক্তিতেও হাঁ করে তাকিয়ে থাকছে ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতা,"সত্যি কথা বলতে কী, উইকেটটা ভালোই ছিল। এখানে রান করাই যেত।" তারপরও টেস্ট ক্রিকেটে নিজেদের তৃতীয় সর্বনিম্ন রান! তবে নিজে অধিনায়ক। তাই আশরাফুল নিজের বুকটা পেতে দিয়েই অন্য ব্যাটসম্যানদের জন্য ঢাল হয়ে গেলেন,"সবাই দেখেশুনেই খেলছিল। চেষ্টা করছিল লুজ শট না খেলতে। আমিও তাই করছিলাম। কিন্তু আমি নিজেই লুজ শট খেলে আউট হলাম। খেয়াল করলে দেখবেন, আমি ছাড়া আর তেমন কেউ কিন্তু লুজ শটে আউট হয়নি। প্রায় সবাই ভালো বলেই আউট হয়েছে।" বাংলাদেশ অধিনায়ক খেয়াল করে দেখার অনুরোধ করেছেন। আর সেটা করে দেখা যাচ্ছে তিনি ছাড়া প্রায় সবার ভালো বলে আউট হওয়ার দাবি এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। বোঝাই যাচ্ছে নেতৃত্বের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ক্রমশ অধিনায়ক হওয়ার চেষ্টাতেই আছেন আশরাফুল। সেজন্যই অন্যদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা। কিন্তু তাতে তো আর এই টেস্ট ম্যাচকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাওয়ার আশাকে জীবিত করা যাচ্ছে না। বরং এখন এই টেস্ট ম্যাচের আয়ু আবার বেশি সংক্ষিপ্ত হয়ে যায় কিনা, তা নিয়েই সংশয়। বাংলাদেশ অধিনায়ক সেই আশঙ্কাটা করছেন না। আবার পঞ্চম দিনে টেনে নেওয়ার আশাটাও নয়,"আরো কয়টা দিন বাকি? চার চারটা দিন। এমন একটা খারাপ দিন যাওয়ার পর আসলে পাঁচদিনে নেওয়া খুব কঠিন কাজ। যা হওয়ার হয়ে গেছে। এখন দ্বিতীয় ইনিংসটার দিকে তাকিয়ে আছি। তাতে আমরা কতোটা ভালো খেলি, তার ওপরই আসলে নির্ভর করবে বাকিটা।" সমূদ্রে বিপদগ্রস্ত জাহাজের নাবিককে কখনো হাল ছাড়তে হয় না। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশটিতে গিয়ে হয়তোবা সেটা আরো বেশি উপলদ্ধি করতে শুরু করেছেন আশরাফুল,"আমি এখনই হতাশ হতে রাজী নই। আজ একটা খারাপ দিন গেল ঠিকই। কিন্তু ভালো দিনও আসবেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.