২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে আবারও সেই ব্যাটিং লজ্জা

শাহাদাত হোসেন যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হয়েছিল দিনটা আসলে বোলারদের। মিছেই দোষ দেওয়া হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দু'ওভারে দুটো উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। আর তাতে শ্রী লংকার স্কোর পরিণত হয়েছিল ২ উইকেটে ১৪তে। সে অবস্থা থেকে আবারও ম্যাচটাকে ব্যাটসম্যানদের করে নিলেন মাহেলা জয়াবর্ধনে ও মাইকেল ভ্যানডর্ট। ৯৩ রানে এসে পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লঙ্কান অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 05:11 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

কলম্বো, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শাহাদাত হোসেন যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হয়েছিল দিনটা আসলে বোলারদের। মিছেই দোষ দেওয়া হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দু'ওভারে দুটো উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। আর তাতে শ্রী লংকার স্কোর পরিণত হয়েছিল ২ উইকেটে ১৪তে। সে অবস্থা থেকে আবারও ম্যাচটাকে ব্যাটসম্যানদের করে নিলেন মাহেলা জয়াবর্ধনে ও মাইকেল ভ্যানডর্ট। ৯৩ রানে এসে পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লঙ্কান অধিনায়ক। তার আগে ৮৭ রানে অপরাজিত থাকা ভ্যানডর্টের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৭০ রানের জুটি। আর তাতে কলম্বো টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২৭ রান। সুবাদে স্বাগতিকদের লিড ১৩৮ রানের। ২২৭ রান করেও এত বড় লিডের কারণ বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ৮৯ রানে। নতুন অধিনায়ক আশরাফুল প্রতিশ্র"তি দিয়েছিলেন ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে যেতে চান তারা, কিন্তু টস হেরে ব্যাট করতে নামার পর ব্যাটিং দেখে মনে হয়েছে যেন বাংলাদেশ এক দিনেই ম্যাচ শেষ করে ফেলতে চায়! সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জা দিয়েছিল এই শ্রীলঙ্কাই দু বছর আগে। সেটা ৮৬ রানের। সে রেকর্ড ভাঙেনি। তবে সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডের নিজস্ব রেকর্ডটা ঠিকই ভেঙেছে বাংলাদেশ। ২০০১ সালে এ মাঠেই ৯০ রানে অলআউট হয়েছিল নাইমুর রহমান দুর্জয়ের দল। এটি টেস্টে বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে। সেটি ছিল বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অভিষেক টেস্ট। দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করে টেস্ট ক্রিকেটের সবচেয়ে কমবয়সী সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। এবার একই ভেন্যুতে তার নেতৃত্বের অভিষেক হলো। আশরাফুল লজ্জা পেলেন। পেলেন হয়তো সে ম্যাচে থাকা জাভেদ ওমর, হাবিবুল বাশার, খালেদ মাসুদও। সেবার ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। আর এবার ১৫ রানে ৫ উইকেট। আগের দিনের বৃষ্টিতে উইকেটে আর্দ্রতা ছিল প্রচুর। টসে জিতে তাই ফিল্ডিং নিতে দুবার ভাবেননি মাহেলা জয়াবর্ধনে। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণেই মেতে ওঠেন তিন পেসার পেসার লাসিথ মালিঙ্গা, চামিন্ডা ভাস ও দিলহারা ফার্নান্ডো। এরপর যোগ দিলেন মুত্তিয়া মুরালিধরন। স্কোর বোর্ডে ৫০ রান তুলতেই দেখা গেল সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ দলের অর্ধেক সদস্য। উদ্বোধনী জুটি ২৮ রানের। আর ওই ২৮ রানেই জোড়া আঘাত। এক ওভারের ব্যবধানে ফিরে গেছেন দু ওপেনার শাহরিয়ার নাফিস ও জাভেদ ওমর। লাসিথ মালিঙ্গার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শাহরিয়ার। কুমার সাঙ্গাকারার জায়গায় এ ম্যাচে কিপিং করতে নামা প্রসন্ন জয়াবর্ধনের গ্লাভস বন্দী হয়েছেন তিনি। আউট হওয়ার আগে ১৫ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার জাভেদও জয়াবর্ধনের শিকার। তার উইকেট নিয়েছেন চামিন্ডা ভাস। এরপর সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ২ রান করে এলবিডব্লু হয়েছেন দিলহারা ফার্নান্ডোর বলে। ৭ রান করে আশরাফুল ফার্নান্ডোকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন ওয়ার্নাপুরাকে। রাজিন এলবিডব্লু হয়েছেন মুরালিধরনের বলে। তার রান ৩। সাকিব দু'দুবার জীবন পেলেও শেষ পর্যন্ত মুরালিধরনের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন এলবিডব্লু হয়ে। রান করেছেন ১৬। ফার্নান্ডো তার তৃতীয় উইকেটটি পেয়েছেন শাহাদত হোসেনকে আউট করে। লাঞ্চের পর মুরালির তৃতীয় শিকার মাশরাফি বিন মুর্তজা। জয়াবর্ধনের হাতে স্টাম্পড হওয়ার আগে ১ রান করেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। মোহাম্মদ রফিক ১১ রান করে এলবিডব্লু হয়েছেন মুরালির বলে। আব্দুর রাজ্জাককে স্টাম্পড করে তার চতুর্থ ডিসমিসালটি বাগিয়েছেন উইকেট কিপার জয়াবর্ধনে। বোলার মুরালিধরন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৪৫ঘ.