২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে আরো আক্রমণাত্মক দেখতে চান কলিংউড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলের চেহারাটা নতুনই বলা যায়। অধিনায়কও নতুন - পল কলিংউড। আর সেই নতুন অধিনায়ক দায়িত্ব পেয়েই আরো বেশি আক্রমণাত্মক হওয়ার প্রত্যয় জানালেন। শুক্রবার অধিনায়ক হিসাবে কলিংউডের প্রথম সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রত্যয়ের ঘোষণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

লন্ডন, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলের চেহারাটা নতুনই বলা যায়। অধিনায়কও নতুন - পল কলিংউড। আর সেই নতুন অধিনায়ক দায়িত্ব পেয়েই আরো বেশি আক্রমণাত্মক হওয়ার প্রত্যয় জানালেন। শুক্রবার অধিনায়ক হিসাবে কলিংউডের প্রথম সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রত্যয়ের ঘোষণা। "যখনই আক্রমণাত্মক অর্থাৎ প্রতিপক্ষকে আক্রমণ করার চেষ্টা করেছি তখনই ওয়ানডেতে সেরা খেলাটা খেলতে পেরেছি আমরা। তাই বলে আমি বলছি না যে একেবারে প্রথম বল থেকে মাঠের চারদিকে মেরে খেলার চেষ্টা করতে হবে। আশা করি অতীতের চেয়ে আমাদের মনোভাব আরো বেশি ইতিবাচক হবে"-- দল নিয়ে প্রত্যয়ের পাশাপাশি আশার কথাও শোনালেন ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক। এবং তিনি ভাল মতোই জানেন দলে আক্রমণাত্মক মেজাজ ফিরিয়ে আনতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে তাকেই। ১২১টি ওয়ানডেতে ৪টি সেঞ্চুরিসহ ২৯৬৬ রান ও ৬৪ উইকেটের মালিক কলিংউড তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চান দলকে,"ওয়ানডেতে আমার এক শ'রও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি সামনে দিনগুলোতে এই অভিজ্ঞতা সাহায্য করবে আমাকে। দলকে কিভাবে উন্নতির পথে আমি এগিয়ে নিয়ে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।" অবশ্য এখন থেকে সতীর্থদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়া হবে বলেই জানিয়েছেন তিনি,"একটা ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দলের সব খেলোয়াড়কে যে কোনো ধরনের মতামত দেয়ার অনুমতি দেবো আমি। আর তা হলেই একটি দল তাদের সেরা খেলাটা খেলতে পারবে। বেশ কিছু দিন ধরেই ওয়ানডেতে আমরা তেমন ভাল দল না। তাই আমাদের খেলাকে আরো ওপরে নিয়ে যাবার জন্য এটা একটা দারুণ সুযোগ। " দল নিয়ে নিয়ে চিন্তা-ভাবনার পাশাপাশি নিজের ব্যাটিং ও ফিল্ডিং পজিশন প্রসঙ্গেও কথা বলেছেন কলিংউড। জানিয়েছেন, কোচ পিটার মুরসের সঙ্গে কথা বলেই ঠিক করে নেবেন ওয়ানডেতে তার ব্যাটিং পজিশন,"আমি আরো ওপরে ব্যাট করতে পারি। কিংবা ফিনিশারের ভূমিকাতেও দেখা যেতে পারে আমাকে।" এবং অনেক দিন ধরেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কঠিন দায়িত্ব পালন প্রসঙ্গে তার মন্তব্য,"সেই সঙ্গে ফিল্ডিং পজিশনগুলোর দিকেও দৃষ্টি দিতে হবে আমাদের। একটি দলের অধিনায়কের জন্য ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা খুব কঠিন। এক্সট্রা কাভারে দাঁড়ানো এবং মাঠের চারদিকে থাকা সতীর্থরা আমাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে কি না সে সম্পর্কে আমি চিন্তা-ভাবনাও করেছি।" ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলের আলাদা অধিনায়ক নির্বাচনের এটা মাত্র তৃতীয় দৃষ্টান্ত। এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমে টেস্টে মাইকেল অ্যাথারটন ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব ছিল অ্যাডাম হোলিওকের কাঁধে। আর ২০০৩ বিশ্বকাপের পর নাসের হুসেইন ওয়ানডে থেকে অবসর নিলে দায়িত্ব পান মাইকেল ভন। সেই ভন নিজে থেকে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন, আর দায়িত্বটা পেলেন কলিংউড। দুই দলের আলাদা অধিনায়ক নির্বাচনের ব্যাপারটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলেই জানিয়েছেন কলিংউড,"নিঃসন্দেহে টেস্টে অধিনায়কত্ব সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। মাইকেল (ভন) তার নিজস্ব ধরনে দল পরিচালনা করবে আর আমি নিজের ধরনে ওয়ানডেতে অধিনায়কত্ব করবো। আমরা একে অন্যকে পরামর্শ দেবো। তবে সবার আগে আমরা চাইবো আমাদের নিজস্ব ধরনে আমাদের দলকে সেরা দলে পরিণত করতে।" এবং সেই লক্ষ্যে ভন ও তার মধ্যে যে কোনো দ্বন্দ্বের জন্ম হবে না, সে নিশ্চয়তাও দিয়ে রাখলেন এখনই,"মাইকেল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একে অন্যকে শতভাগ সমর্থন দেবো এবং চাইবো দুজনই যেন দায়িত্বটা ভাল মতো পালন করতে পারে। এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা দু জনই একই লক্ষ্যের দিকে এগিয়ে যাব। ইংল্যান্ডকে যতটা সম্ভব ভাল দলে পরিণত করতে চাই আমরা।" ক্রিকইনফো-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৮ ঘ.