সিডনি, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখনো পাকিস্তান দলের কোচের দায়িত্ব তিনি পাননি। কিন্তু পাকিস্তানকে নিয়ে জিওফ লসনের চিন্তা-ভাবনা শুরু হয়ে গেছে। আর অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের চিন্তার সিংহভাগ জুড়ে শোয়েব আখতার। তার দৃঢ় বিশ্বাস, ইনজুরি কাটিয়ে আগামী মাসে স্কটল্যান্ড সফরের দলে সুযোগ পাওয়া শোয়েব ফর্মে ফিরে পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটের শীর্ষে নিয়ে যেতে পারবেন।
মাত্রই পিসিবির কোচ অন্বেষণ কমিটির সামনে সাক্ষাতকার দিয়ে ফিরেছেন লসন। অ্যাবোটাবাদে সামরিক কায়দায় প্রশিক্ষণ নেয়া পাকিস্তান দলের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' কে নিবিড় অনুশীলন করতে দেখেছেন, কথা বলেছেন অনেকক্ষণ। আর তা থেকে লসনের উপলব্ধি,"তাদেরকে (পাকিস্তান দলকে) শীর্ষে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সে (শোয়েব)। ৩২ বছর বয়স হলেও আরো দুই বা তিন বছর ভাল খেলার ক্ষমতা রয়েছে তার। তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, প্র্যাকটিস ম্যাচে বল করতেও দেখেছি। তাকে সম্পূর্ণ ফিট মনে হয়েছে এবং সে কঠোর পরিশ্রমও করছে সেখানে।"
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.
bdnews24