কলম্বো, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য ২৫ ওভারের বেশি হতে পারেনি। শুক্রবার প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনেও হানা দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কা 'এ' দল ৩৬ দশমিক ৩ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করার পর বৃষ্টি আর খেলাই হতে দেয়নি। ফলে প্রত্যাশিতভাবে ড্র হয়েছে এই ম্যাচ। এর আগে সকালে দ্বিতীয় দিনের শেষে তোলা ৮ উইকেটে ২৪৫ রানেই প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
স্বাগতিকদের প্রথম ধাক্কা দিয়েছেন সৈয়দ রাসেল। উদ্বোধনী জুটিতে ৬১ রান ওঠার পর তার বলে কট বিহাইন্ড হয়ে যান ভ্যানডর্ট (৩৮)। পরের জুটিতে শ্রীলঙ্কানরা যোগ করে ৫৭ রান। সেটা ভাঙ্গেন আব্দুর রাজ্জাক, অন্য ওপেনার উদায়েত্তেকে (৫৩) বোল্ড করে। এর পরের উইকেটটাও আরেক বাঁ হাতি স্পিনারের। স্কোরবোর্ডে আর মাত্র ৮ রান যোগ হওয়ার পর সাকিব আল হাসানের ঘুর্ণিতে অধিনায়ক সামারাবীরাও (৩০) বোল্ড। এবং মোহাম্মদ শরীফের কৃতিত্বে পরের ব্যাটসম্যান মুবারককেও (১১) বোল্ড হয়ে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। শ্রীলঙ্কা 'এ' দলের স্কোর তখন ৪ উইকেটে ১৬১ রান। তার কিছুক্ষণ পরই বৃষ্টি নেমে ভেস্তে দিয়েছে ম্যাচ। সে সময় প্রসন্ন জয়াবর্ধনে ৩১ ও কানদাম্বি অপরাজিত ছিলেন ১ রানে। বাংলাদেশের পক্ষে রাসেল, শরীফ, রাজ্জাক ও সাকিব নিয়েছেন একটি করে উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৪৫ঘ.
bdnews24