লন্ডন, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ডেভ হটনকে কোচ করতে আগ্রহী বাংলাদেশ। জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের অন্তত সেরকমই দাবি। অবশ্য ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে আসবেন কিনা তা নিয়ে বেশ দ্বিধাতেই আছেন তিনি।
জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক কোচ হটন জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে ক'দিন আগে তাকে অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের কোচ হওয়ার জন্য। তবে ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের কোচের দায়িত্বে থাকা হটন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। এই মুহূর্তে পরিবার ছেড়ে এত দূরে আসাটা ঠিক হবে কিনা সেটা নিয়েই তার যত দ্বিধা। বাবা-মা সহ পুরো পরিবারকে মাত্র কিছু দিন আগে জিম্বাবুয়ে থেকে ইংল্যান্ডে নিয়ে এসেছেন হটন।
তবে শুধু হটনই নন, অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স বিশ্লেষক রিচার্ড ম্যাকিন্সের সঙ্গেও কথা বলেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সঙ্গে ম্যাকিন্সের ঘনিষ্ঠতা অবশ্য পুরনো। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি বছর দেড়েক।
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৮ ঘ.
bdnews24