ডারহ্যাম, ইংল্যান্ড, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দিনের শুরুতে ক্রিস গেইলকে (৫২) হারালেও লাঞ্চের সময় বেশ স্বস্তিতেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। কারণ শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভোর দৃঢ়তায় মঙ্গলবার চতুর্থ ও শেষ টেস্টের শেষ দিনে লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট হারাতে হয়নি তাদেরকে। কিন্তু লাঞ্চের পর মন্টি পানেসারের ঘুর্ণিতে সেই স্বস্তি একেবারে উধাও হয়ে গেছে। আগের টেস্ট ও এই টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চন্দরপল (৭০) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় ২২২ রানেই শেষ হয়ে গেছে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস। ১১০ রানের জয়ের লক্ষ্যে ইংলিশরা পৌঁছে গেছে স্ট্রাউস (১৩), কুক (৭) ও পিটারসেনের (২৮) উইকেট হারিয়ে। ভন ৪৮ আর কলিংউড অপরাজিত ছিলেন ৫ রানে। ৭ উইকেটের এই জয়ের ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ তারা জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৫ উইকেট নিয়ে পানেসারই ইংল্যান্ডকে পৌঁছে দিয়েছেন জয়ের পথে। হগার্ড ৩ ও হার্মিসন নিয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২৪৫ ঘ.
bdnews24