২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন ভন, সম্ভাব্য উত্তরসূরী কলিংউড

সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন। ঘোষণাটা একটু দেরিতেই দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের পদটা ছেড়ে দিয়েছেন, তবে থাকতে চান খেলোয়াড় হিসেবে। টেস্ট অধিনায়কত্ব যথারীতি করে যাবেন। তার উত্তরসূরী হিসেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও কারো নাম ঘোষণা করেনি। তবে বাজিকরদের ফেবারিট পল কলিংউড। সোমবার ডারহাম টেস্টে দারুণ এক সেঞ্চুরির পর জানিয়েছেন, সুযোগটা পেলে লুফেই নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ডারহাম, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন। ঘোষণাটা একটু দেরিতেই দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের পদটা ছেড়ে দিয়েছেন, তবে থাকতে চান খেলোয়াড় হিসেবে। টেস্ট অধিনায়কত্ব যথারীতি করে যাবেন। তার উত্তরসূরী হিসেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও কারো নাম ঘোষণা করেনি। তবে বাজিকরদের ফেবারিট পল কলিংউড। সোমবার ডারহাম টেস্টে দারুণ এক সেঞ্চুরির পর জানিয়েছেন, সুযোগটা পেলে লুফেই নেবেন। পরিসংখ্যান বলে ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক মাইকেল ভন। ওয়ানডেতে একদম উল্টোমুখী সেই গ্রাফ। ৬০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মাত্র ৩২টিতে দলকে জিতিয়েছেন। নিজে একটি সেঞ্চুরিও পাননি, বরং ৮৬ ম্যাচ খেলে গড় মাত্র ২৭.১৫। বিশ্বকাপে প্রথম ৮ ম্যাচে সাকুল্যে ১৩০ রান, যা কিছুটা ঘষেমেজে ঠিক করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে দ্রুতলয়ের ৭৯ রান দিয়ে। সেমিফাইনালে ওঠার ব্যর্থতার দায়টাও তার ঘাড়েই চেপেছে। সে দায়ের খানিকটা নিয়েই ভনের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। ইসিবির এক বিবৃতিতে ভন বলেছেন, "বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই ভাবছিলাম ইংল্যান্ডের ওয়ানডে দলের ভবিষ্যত সংহত করতে সম্ভাব্য সেরা উপায় কোনটি এবং দলে আমারই বা কি ভূমিকা হতে পারে। বেশ আগেই সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু দলের মনযোগে সমস্যা করবে বলে টেস্ট সিরিজ শেষের আগে তা জানাতে চাইনি।" এতে সংবাদ মাধ্যমেরও খানিকটা ভূমিকা আছে বলে জানিয়েছেন ভন, "পত্রপত্রিকায় আমার ভবিষ্যত নিয়ে বেশ জল্পনা হচ্ছে দেখে ভাবলাম আমার ইচ্ছাটা জানানোর এটাই সময়। আমরা অগ্রাধিকার দিচ্ছি আগামী বিশ্বকাপের জন্য লড়াকু একটা ইংল্যান্ড দল গড়াকে। সেক্ষেত্রে আমার সরে দাঁড়ালেই হয়তো ভালো, কারণ তাহলে অন্য একজন ওয়ানডে অধিনায়ক হিসাবে অভিজ্ঞ হওয়ার সুযোগ পাবে। তবে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি না। যতদিন সম্ভব ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবেও দায়িত্ব চালিয়ে যেতে চাই।" ডারহাম টেস্টের চতুর্থ দিন শেষে ভনের এই বিবৃতি যখন প্রচার পাচ্ছে, তখন ইংল্যান্ড ড্রেসিংরুমে সবচেয়ে আনন্দিত খেলোয়াড়টির নাম পল কলিংউড। ডারহাম তার হোমগ্রাউন্ড, সেখানেই ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। তাও ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে স্বাগতিকরা। এমনিতেই মিডল অর্ডারে দারুণ ব্যাটিং, কার্যকর মিডিয়াম পেস বোলিং ও তুখোড় ফিল্ডিংয়ের কারণে ইংল্যান্ডের ওয়ানডে দলে দারুণ কদর কলিংউডের। ভন সরে দাঁড়ানোর পর নতুন করে তা বেড়ে গেছে, কারণ সম্ভাব্য অধিনায়ক হিসেবে তার নামটাই গুঞ্জন তালিকার শীর্ষে। কলিংউড তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "খবরটা হতভম্ব হওয়ার মতোই। তবে মাইকেল হয়তো ভেবেছে এটা সরে যাওয়ার জন্য ঠিক সময় যাতে আগামী বিশ্বকাপের জন্য তার জায়গায় কেউ নিজেকে গড়ে নিতে পারে। বিশ্বকাপে আমাদের ফলাফল ভালো হয়নি, ওয়ানডেতে এমনিতেও আমরা ভালো করতে পারছি না, জানি না এসব তার কাঁধে বাড়তি বোঝা বলে মনে হয়েছে কিনা। তবে আমাকে দায়িত্বটা সাধলে তা ফিরিয়ে দেওয়া কষ্টসাধ্য হবে। তবে এটাও ঠিক, এ জন্য যোগ্য আরো কয়েকজন আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/এমএম/১৬২০ঘ.