কলম্বো, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অধিনায়করা কখনই প্রতিপক্ষকে সহজভাবে নেন না। সৌজন্য বা বিনয় যাই বলুন, এই গৎবাঁধা বুলিতে তারা অভ্যস্ত। তবে মাহেলা জয়াবর্ধনের মুখে কথাটা অন্যরকমই শোনালো। আসন্ন সিরিজ প্রতিপক্ষ বাংলাদেশ যে "সহজবধ্য" হওয়ার সময়কাল পেরিয়ে এসেছে, তা মানছেন শ্রীলঙ্কার অধিনায়ক। সে কারণেই তার মুখে একই কথা ভিন্ন ব্যঞ্জনা পেয়েছে। মোদ্দা কথা, বাংলাদেশকে সতর্ক বিবেচনাতেই রাখছেন মাহেলা।
সোমবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে বাংলাদেশ দলকে সম্বর্ধনা দিয়েছে স্বাগতিকরা। আগামী ২৫ জুন থেকে ৩টি করে ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দু'দল। সেখানেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহেলা বাংলাদেশের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন এভাবে, "শেষবার যখন খেলে গেলো, সে অবস্থা থেকে বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে যত বেশি খেলা যায়, খেলোয়াড়রা ততই পরিণত হয়। আমরা জানি বাংলাদেশ কত ভালো দল। বিশ্বকাপে আমরা তাদের প্রতাপ দেখেছি। আমাদের গ্র"পেই ওরা ছিল, সেখানেই টের পেয়েছি কতটা বিপজ্জনক হতে পারে দলটা। ত্রিনিদাদে ওদের হারাতে খুবই ভালো খেলতে হয়েছে আমাদের।"
সিরিজ নিয়ে নিজেদের সামর্থ্য ও উচ্চাশাকে যথারীতি ওপরেই রেখেছেন মাহেলা, "আমাদের দলের অনেকেই তেতে আছে, নিজেদের প্রমাণে তারা মরিয়া। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে। বছরখানেক হলো শ্রীলঙ্কার মাটিতে আমরা খেলিনি। এখন দর্শকদের পাশে নিয়ে দারুণ ক্রিকেট উপহার দিতে মুখিয়ে আমরা।"
মারভান আতাপাত্তু হঠাৎই টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় হতাশ হয়েছেন মাহেলা। আতাপাত্তুর অভিজ্ঞতা তার দলের উপকারেই আসত জানিয়ে মাহেলা এর ইতিবাচক দিকটাও তুলে ধরেছেন, "মারভান না থাকায় নিশ্চিতভাবে দুয়ার খুলে গেছে নতুনদের জন্য। আশা করছি তারা তা লুফে নেবে। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে। দলে এর মধ্যেই জনাদুয়েক নতুন মুখ পেয়েছি আমরা, তাদের সুযোগ দেওয়া নিয়েও ভাবনা চিন্তা চলছে। এখনও নির্বাচকদের সঙ্গে আমার বসা হয়নি, তাই মারভান সরে দাঁড়ানোর পরবর্তী পদক্ষেপটা কী হবে জানি না। তবে সবাই মিলেই দায়িত্বটা ভাগাভাগি করে নিতে হবে এই সিরিজে।"
টম মুডির মেয়াদ ফুরোনোয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে আছেন ট্রেভর পেনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা তার দলের প্রয়োজন আছে বলে মনে করেন না এই অস্ট্রেলিয়ান। গত বছর কয়েক ধরে যেভাবে খেলছে শ্রীলঙ্কা, সেই ধারাটাই বজায় রাখার পক্ষে তিনি। এমন কি নতুন কোচ ট্রেভর বেলিস তাতে হস্তক্ষেপ করবেন না বলেই আশাবাদী পেনি। বলেছেন, "টম আর আমি মিলে গত দু'বছরে দলটাকে যেভাবে দাঁড় করিয়েছি তাতে আগামী অনেকদিন তাদের কোনো সমস্যায় ভোগার কথা নয়। আশা করছি নতুন কোচ খুব বেশি পরিবর্তনে যাবেন না। আমরা এদের সত্যিকার একটি লড়াকু দলে পরিণত করেছি যারা নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য খেলে।"
শ্রীলঙ্কায় একমাসের এই সফরে এবারই প্রথম তিন টেস্টের পুরো সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বুধবার তিনদিনের একটি প্র্যাকটিস ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু হবে টাইগারদের।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৫৩০ঘ.
bdnews24