২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিংউডের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড

আগের দিন কেভিন পিটারসেন আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল খেলা। সোমবার চতুর্থ দিন যখন ব্যাট করতে নামছেন ৪ উইকেটে ১২১ রান নিয়ে তার দল ইংল্যান্ড তখন বেশ অস্বস্তিতে। শুরুতেই অ্যান্ড্রু স্ট্রাউস ফিরে গেলে ইংলিশদের বিপদ বেড়ে যায় আরো। কিন্তু পল কলিংউডকে তা বিচলিত করতে পারেনি। তার পঞ্চম টেস্ট সেঞ্চুরির সৌজন্যে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০০ রান করে ১১৩ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। কলিংউডের ব্যাট থেকে এসেছে ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ডারহ্যাম, ইংল্যান্ড, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--- আগের দিন কেভিন পিটারসেন আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল খেলা। সোমবার চতুর্থ দিন যখন ব্যাট করতে নামছেন ৪ উইকেটে ১২১ রান নিয়ে তার দল ইংল্যান্ড তখন বেশ অস্বস্তিতে। শুরুতেই অ্যান্ড্রু স্ট্রাউস ফিরে গেলে ইংলিশদের বিপদ বেড়ে যায় আরো। কিন্তু পল কলিংউডকে তা বিচলিত করতে পারেনি। তার পঞ্চম টেস্ট সেঞ্চুরির সৌজন্যে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০০ রান করে ১১৩ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। কলিংউডের ব্যাট থেকে এসেছে ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারেই হগার্ড এলবিডাব্লুর ফাঁদে ফেলেছেন ডেভন স্মিথকে (০)। তিন ওভার পর সেই হগার্ড আঘাত হেনেছেন আবার। ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন গঙ্গা মাত্র ৬ রান করেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। চার নম্বরে ব্যাট করতে নামা রুনাকো মর্টনও থাকতে পারেননি বেশিক্ষণ। মন্টি পানেসারের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৭ রান। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন ঘোর বিপদে। তবে দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারাতে হয়নি সফরকারীদের। চতুর্থ দিনশেষে তাদের স্কোর ৩ উইকেটে ৮৩ রান। গেইল ৫২ ও চন্দরপল ব্যাট করছেন ১৬ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে আছে ৩০ রানে। আগের দিন শেষ বলে পিটারসেনকে ফিরিয়ে দিয়েছিলেন ফিদেল এডওয়ার্ডস। চতুর্থ দিনের শুরুতে সেই এডওয়ার্ডসই ওয়েস্ট ইন্ডিজকে প্রথম আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। দিনের চতুর্থ ওভারের প্রথম বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন অ্যান্ড্রু স্ট্রাউসকে। ৭২ রান নিয়ে দিন শুরু করা স্ট্রাউস সোমবার আর মাত্র ৫ রান যোগ করতে পেরেছেন। নতুন ব্যাটসম্যান ইয়ান বেলও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ রান করেই তিনি ড্যারেন পাওয়েলের বলে ক্যাচ দিয়েছেন মর্টনকে। ইংল্যান্ডের স্কোর তখন ৬ উইকেটে ১৬৫ রান। এর পরই দিনের সেরা জুটির জন্ম। উইকেট কিপার ম্যাট প্রায়রকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে কলিংউডের ১৬৯ রানের দারুণ এক জুটি স্বস্তি ফিরিয়ে এনেছে ইংলিশ শিবিরে। ৪টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করে ফিদেল এডওয়ার্ডসের পঞ্চম শিকারে পরিণত হয়েছেন প্রায়র। তবে অন্য প্রান্তে কলিংউড ছিলেন অবিচল। শেষ পর্যন্ত তার ১৭টি বাউন্ডারি সমৃদ্ধ ইনিংসটা শেষ হয়েছে কলিমোরের বলে, বোল্ড হয়ে। ১১২ রানে ৫ উইকেট নিয়েছেন এডওয়ার্ডস। ড্যারেন পাওয়েলের তিন এবং কলিমোরের শিকার দুই উইকেট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৬ ঘ.