২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি পেতে পারেন আতাপাত্তু

যত সহজে পার পাবেন ভাবা হয়েছিল, তা হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে অপারগতা জানানোয় শাস্তি পেতে হতে পারে মারভান আতাপাত্তুকে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে এই সাবেক অধিনায়কের বিরুদ্ধে। দীর্ঘ দেড় বছর পর ফের টেস্ট দলে ডাক পেয়েছিলেন আতাপাত্তু। গত বছর পিঠে অস্ত্রোপচারের পর সেরে উঠলেও সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। বিশ্বকাপে দলে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। উপেক্ষিত হয়েছেন বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কলম্বো, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যত সহজে পার পাবেন ভাবা হয়েছিল, তা হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে অপারগতা জানানোয় শাস্তি পেতে হতে পারে মারভান আতাপাত্তুকে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে এই সাবেক অধিনায়কের বিরুদ্ধে। দীর্ঘ দেড় বছর পর ফের টেস্ট দলে ডাক পেয়েছিলেন আতাপাত্তু। গত বছর পিঠে অস্ত্রোপচারের পর সেরে উঠলেও সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। বিশ্বকাপে দলে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। উপেক্ষিত হয়েছেন বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া সুযোগটা আতাপাত্তু লুফে নেবেন বলেই ভাবা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলতে পারবেন না বলে বোর্ডকে ই-মেইল করেন তিনি। ব্যক্তিগত কারণ বলতে ইংলিশ ক্লাব ল্যাশিংসের হয়ে খেলার চুক্তির দোহাই। শ্রীলঙ্কা বোর্ড খেপেছে সে কারণেই। এমন যদি হতো ল্যাশিংস প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে। আন্তর্জাতিক তারকাদের নিয়ে গড়া এই ক্লাবটি সব ম্যাচই আমন্ত্রণ নির্ভর নয়তো চ্যারিটি। শ্রীলঙ্কা ক্রিকেট সেক্রেটারি কে. মাথিভানান স্পষ্টই অসন্তুষ্ট আতাপাত্তুর সিদ্ধান্তে। বলেছেন, "এ সফরটা ছিল মারভানের জন্য দলে ফেরার অপূর্ব সুযোগ, কিন্তু সে খেলবে না জানানোয় আমরা হতাশ হয়েছি।" শুধু হতাশাতেই শেষ হচ্ছে না, মাথিভানান জানিয়েছেন বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ার পরও আতাপাত্তুর এই সিদ্ধান্ত শাস্তিযোগ্য কিনা ভেবে দেখছেন তারা, "শিগগিরই বোর্ড একটা বৈঠকে বসবে আর সেখানে আমরা যাচাই করে দেখব সে বার্ষিক চুক্তিনামার শর্ত ভেঙেছে কিনা। যদি তাই হয়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" বোর্ড জানিয়েছে আতাপাত্তুর বদলি খেলোয়াড়ের নামও শিগগিরি ঘোষণা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/১৬০০ঘ.