২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাভাস্কারকে একহাত নিলেন বেদি

ঠোঁটকাটা বলে বিষেন সিং বেদির খ্যাতি কিংবা কুখ্যাতি তার সোনালী ক্যারিয়ারের সমান্তরালে ভালোই যায়। পষ্টাপষ্টি যে কারো ব্যাপারে বলে ফেলেন ভারতের এই কিংবদন্তী বাঁহাতি স্পিনার। আর এবার সাবেক অধিনায়ক বেদির তোপের মুখে আরেক কিংবদন্তী ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটে হালের তোলপাড় তোলা নানা ঘটনার উপজাত হিসেবেই এসেছে গাভাস্কারের প্রতি তার আক্রমণ। 'সাপ্তাহিক আউটলুক'কে দেওয়া এক সাক্ষাতকারে বেদি গাভাস্কারকে "ধ্বংসাত্মক"বলে মূল্যায়িত করেছেন। তার ধারণা গাভাস্কার "জবাবদিহিতা ছাড়া ক্ষমতায় তুমুল আসক্ত"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

মুম্বাই, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঠোঁটকাটা বলে বিষেন সিং বেদির খ্যাতি কিংবা কুখ্যাতি তার সোনালী ক্যারিয়ারের সমান্তরালে ভালোই যায়। পষ্টাপষ্টি যে কারো ব্যাপারে বলে ফেলেন ভারতের এই কিংবদন্তী বাঁহাতি স্পিনার। আর এবার সাবেক অধিনায়ক বেদির তোপের মুখে আরেক কিংবদন্তী ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটে হালের তোলপাড় তোলা নানা ঘটনার উপজাত হিসেবেই এসেছে গাভাস্কারের প্রতি তার আক্রমণ। 'সাপ্তাহিক আউটলুক'কে দেওয়া এক সাক্ষাতকারে বেদি গাভাস্কারকে "ধ্বংসাত্মক"বলে মূল্যায়িত করেছেন। তার ধারণা গাভাস্কার "জবাবদিহিতা ছাড়া ক্ষমতায় তুমুল আসক্ত"। এমন এক সময় বেদির এই মনোভাব প্রকাশ পেল, যখন ডেভ হোয়াটমোর ইস্যুতে একটু নাজুক অবস্থায় গাভাস্কার। ভারতীয় কোচ নির্বাচনের জন্য গড়া কমিটির একজন সদস্য হয়েও গাভাস্কার তার এক কলামে খোলাখুলি সমালোচনা করেছিলেন হোয়াটমোরের। সাক্ষাতকারে বেদি বলেছেন, "ক্রিকেট মহলে (একজন ক্রিকেটার হিসেবে) তার দারুণ খ্যাতি, প্রচুর অন্ধভক্ত রয়েছে তার। আর এটারই ফায়দা তুলে সে চায় বোর্ড কর্মকর্তারা তার অনুরক্ত থাকুক।" যোগ করেছেন, "সে চায় চাকচিক্য, বড় পদ, আর যদি ব্যাপারটা অর্থকরী হয় তাহলে সোনায় সোহাগা....... কিন্তু জবাবদিহিতায় তার আপত্তি। সে সবসময় জবাবদিহিতা ছাড়া ক্ষমতা চেয়েছে।" ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে গাভাস্কারের ভূমিকা নিয়েও বেশ নিন্দামুখর বেদি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এনসিএ-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন গাভাস্কার। বেদি তার সমালোচনায় বলেছেন, "তার ব্যাটিং নিয়ে আমি যতটা উচ্ছ্বসিত তার নেতৃত্ব ভাবনা নিয়ে আমি ততোটাই বিরক্ত। আপনারাই বলুন, সে কি দিয়েছে? সে একটা ধ্বংসাত্মক মানুষ, কোনো ইতিবাচকতা নেই। মনে পড়ছে এনসিএ-র আগের পরিচালক ব্রিজেশ প্যাটেলের কথা, এরাপল্লী প্রসন্ন আর ভিভি কুমারের সঙ্গে আমাকেও তিনি ডেকেছিলেন সেখানকার স্পিনারদের শেখাতে। অথচ গাভাস্কার তার সময়ে ক্যাম্পের আগে বা পড়ে কখনও আমাদের ডাকেননি। অধিনায়ক ও কোচদের নিয়ে একটি বৈঠকের কথা আমার মনে আছে যেখানে সে কারো কোনো কথাই যেন শুনছিল না। আমি এটাও ভুলব না যে একবার এক টিম মিটিংয়ে সে বলে দিল, 'যেদিন টাকা পয়সার কথা ভাবা বন্ধ করে দিব, সেদিন আমি মরে যাব'।" গত বছরকয়েক ধরেই গাভাস্কারকে ঘিরে নানা ধরণের বিতর্ক জন্ম নিয়েছে। এর বেশিরভাগই অবশ্য কোচকেন্দ্রিক। ভারতের সাবেক কোচ জন রাইটকে নিয়ে তার একটি কলামে সমালোচনা করেছিলেন গাভাস্কার। রাইটের চুক্তি শেষ হওয়ার পর এ নিয়ে খেলোয়াড়দের পাল্টা আক্রমণের শিকার হন তিনি। কদিন আগে তেমন একটা মুগ্ধতাজাগানিয়া সাফল্য না থাকার পরও জন এমবুরিকে ভারতীয় কোচ বানানোর সুপারিশ করে আরেকদফা বিতণ্ডায় জড়ান তিনি। (ক্রিক ইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/এমএম/১৮২০ঘ.