২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টি খেলতে জাতীয় দল ছাড়লেন হামিশ মার্শাল

ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি মানেই নিশ্চিত ভবিষ্যত। এ ভাবনায় রীতিমতো দ্বিমত রয়েছে হামিশ মার্শালের। আগামী ২০০৭---০৮ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব রীতিমতো হেলায় ঠেলেছেন তিনি। বরং গ্লস্টারশায়ারের হয়ে একজন স্থানীয় খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্রিকেট খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন মার্শাল জমজের একজন হামিশ। সিদ্ধান্তটা খানিকটা আত্মঘাতি শোনাতে পারে, কারণ এতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অনির্দিষ্টকালের জন্য থমকে গেলো তার। ইংল্যান্ডের স্থানীয় খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হলে নিউজিল্যান্ডের পক্ষে খেলা সম্ভব হবে না হামিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ওয়েলিংটন, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি মানেই নিশ্চিত ভবিষ্যত। এ ভাবনায় রীতিমতো দ্বিমত রয়েছে হামিশ মার্শালের। আগামী ২০০৭---০৮ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব রীতিমতো হেলায় ঠেলেছেন তিনি। বরং গ্লস্টারশায়ারের হয়ে একজন স্থানীয় খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্রিকেট খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন মার্শাল জমজের একজন হামিশ। সিদ্ধান্তটা খানিকটা আত্মঘাতি শোনাতে পারে, কারণ এতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অনির্দিষ্টকালের জন্য থমকে গেলো তার। ইংল্যান্ডের স্থানীয় খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হলে নিউজিল্যান্ডের পক্ষে খেলা সম্ভব হবে না হামিশের। হামিশ অবশ্য সম্ভাবনাটা একদমই উড়িয়ে দেননি। অদূর ভবিষ্যতে 'ব্ল্যাকক্যাপস'-এর হয়ে খেলার ইচ্ছে ভালোমতোই আছে তার। তবে এখনকার সিদ্ধান্তটা স্রেফ নিজের ভবিষ্যতকে আরেকটু সুরক্ষিত করতেই নেওয়া, "এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। গত ছয় বছরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ গর্বিত ছিলাম, ব্ল্যাকক্যাপসের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি।" ২৮ বছর বয়সী হামিশ মার্শাল গ্লস্টারশায়ারের বিদেশী খেলোয়াড়দের তালিকাভুক্ত। কিন্তু তার আইরিশ পাসপোর্ট থাকায় স্থানীয় খেলোয়াড় হিসেবেও খেলতে পারবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। গতবছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি, বিশ্বকাপে লু ভিনসেন্টের বদলি হয়ে খেলেছেন শেষ সময়ে। তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরিই ছিল তার অর্জন। এদিকে হামিশের চুক্তি প্রত্যাখানের সিদ্ধান্ত পক্ষে যেতে পারে ম্যাথু সিনক্লেয়ারের। বিদেশে পাড়ি জমানোর বদলে জাতীয় দলের চুক্তিপত্রে ফের ঠাঁই হতে পারে তার। অবশ্য দলের জেনারেল ম্যানেজার লিন্ডসে ক্রোকার জানিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যেই জানা যাবে হামিশের বদলি খেলোয়াড়ের নাম। হামিশকে হারিয়ে নিউজিল্যান্ড কিছুটা হতাশ--- এ কথা জানিয়ে ক্রোকার বলেছেন, "হামিশের সঙ্গে আমি ব্যাপারটা নিয়ে কথা বলেছি, আমার বিশ্বাস ব্ল্যাকক্যাপসের হয়ে তার ভবিষ্যত উজ্জ্বলই ছিল। কিন্তু কাউন্টি ক্রিকেটের নিশ্চিন্ত ক্যারিয়ার বাছাইয়ের তার সিদ্ধান্তটা মেনে নিয়েছি, তার সাফল্যও কামনা করছি।" হামিশ অবশ্য একদমই নাড়ি---ছেঁড়া হতে চান না। জন ব্রেসওয়েল ও নিউজিল্যান্ড দলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, "তারা অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি করেছে দলের জন্য যা ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে। এ ছাড়া আমার সতীর্থ খেলোয়াড়দের প্রতিও আমি কৃতজ্ঞ, তাদের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য ছিল গৌরবের। সিদ্ধান্তটা সহজ ছিল না মোটেই। কিন্তু আমি ভবিষ্যতের কথা ভাবছি, আশা করছি ক্যারিয়ার শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ডের হয়ে আবার খেলার সুযোগ পাব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ ওআরপি/ ১৪৫৫ঘ.