ব্রিজটাউন, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- নির্বাচকদের জেদের কাছে হার মানতেই হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। সুবাদে ক্রিস গেইল দায়িত্ব পেয়েছেন ক্যারিবিয়ানদের ওয়ানডে দলের অধিনায়কের। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়ক থাকবেন আয়ারল্যান্ডে চার জাতি টুর্নামেন্টেও।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে আঘাত পেয়ে সরে দাঁড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক রামনরেশ সারওয়ান। তার জায়গা নেন সহ-অধিনায়ক ড্যারেন গঙ্গা। কিন্তু গঙ্গাকে ওয়ানডে দলে রাখা হয়নি। নির্বাচকরা তাই ওয়ানডে সিরিজে সুপারিশ করেছিলেন গেইলের পক্ষে। কিন্তু বিশৃংখলার অভিযোগ তুলে উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাতে আপত্তি জানায়। এরপর নির্বাচকরা একযোগে পদত্যাগের হুমকি দিলে সুর নরম করতে বাধ্য হয় তারা। জানুয়ারিতে কটকে ভারতের বিপক্ষে একটি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া গেইলের ডেপুটি মনোনীত হয়েছেন শিবনারায়ন চন্দরপল।
এদিকে ১৪ জনের ঘোষিত ওয়ানডে দলে সুযোগ পাননি বিশ্বকাপে খেলা দুই ফাস্ট বোলার কোরি কলিমোর ও জেরম টেলর। অ্যান্টিগার বাঁহাতি ব্যাটসম্যান অস্টিন রিচার্ডস জুনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেয়েছেন। ওপেনার লেন্ডল সিমন্স ও অল-রাউন্ডার ডোয়াইন স্মিথ টেস্ট সিরিজে সুযোগ না পেলেও থাকছেন ওয়ানডেতে। আগামী ২৮ ও ২৯ জুন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১ জুলাই লর্ডস, ৪ জুলাই এজবাস্টন ও ৭ জুলাই ট্রেন্টব্রিজে হবে সিরিজের তিনটি ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রিস গেইল (অধিনায়ক), শিবনারায়ন চন্দরপল (সহ---অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, ফিডেল এডওয়ার্ডস, রুনাকো মর্টন, ড্যারেন পাওয়েল, দীনেশ রামদিন, রবি রামপাল, অস্টিন রিচার্ডস জুনিয়র, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডেভন স্মিথ, ডোয়াইন স্মিথ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওআরপি/ ১৪১০ঘ.
bdnews24