২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা, বাড়ছে প্রাইজ মানিও

জাতীয় লিগের আকর্ষণ বাড়ানোর জন্য ক্রিকেট বোর্ডের উদ্যোগের খবর ছিল অনেক দিন ধরেই। সেসব অনানুষ্ঠানিক কথাবার্তা আনুষ্ঠানিকতায় রূপ নিল বৃহস্পতিবার। ক্রিকেট বোর্ডের মুলতবি সভায় এদিন জাতীয় লিগের ম্যাচ ফি, প্রাইজ মানি থেকে শুরু করে এর পুরো কাঠামোকে ঢেলে সাজাতে নেয়া হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত। এর বাইরে জাতীয় ক্রিকেট দলের স্পনসর এবং অনুর্ধ্ব-১৯ ও একাডেমি দলের দুটো সফরের সূচীও চূড়ান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- জাতীয় লিগের আকর্ষণ বাড়ানোর জন্য ক্রিকেট বোর্ডের উদ্যোগের খবর ছিল অনেক দিন ধরেই। সেসব অনানুষ্ঠানিক কথাবার্তা আনুষ্ঠানিকতায় রূপ নিল বৃহস্পতিবার। ক্রিকেট বোর্ডের মুলতবি সভায় এদিন জাতীয় লিগের ম্যাচ ফি, প্রাইজ মানি থেকে শুরু করে এর পুরো কাঠামোকে ঢেলে সাজাতে নেয়া হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত। এর বাইরে জাতীয় ক্রিকেট দলের স্পনসর এবং অনুর্ধ্ব-১৯ ও একাডেমি দলের দুটো সফরের সূচীও চূড়ান্ত হয়েছে। টাকা নেই, প্রেরণা নেই এসব কারনে জাতীয় লিগে খেলতে আগ্রহী হন না ক্রিকেটাররা। সেই আগ্রহ জাগাতে এবার জাতীয় লিগে অংশ নেয়া প্রতিটি ক্রিকেটারকে চার দিনের ম্যাচে ১০ হাজার টাকা এবং ওয়ানডের জন্য ৫ হাজার টাকা ম্যাচ ফি দেয়া হবে। প্রাইজ মানি চূড়ান্ত হয়নি যদিও তবে ক্রিকেট বোর্ডের সাধারন সম্পাদক মাহবুব আনামের কাছ থেকে জানা যাচ্ছে অংকটা ৮ লাখের কম হবে না। কেউ কেউ অবশ্য চাইছেন সেটা হোক ১০ লাখ। টুর্নামেন্টটার পিকনিক ক্রিকেটের লেবেল ছাড়াতে শুরুর ২১ দিন আগে বিভাগীয় ভেন্যুতে ক্যাম্প শুরু হবে। ক্রিকেট বোর্ড প্রতিটি দলকে একজন করে কোচ, ফিজিও ও ট্রেনার দেবে। আগস্ট মাসের শেষ দিকে নির্বাচকরা জাতীয় লিগের দলগুলো ঘোষণা করে দেবেন এবং তারপরই হবে ক্যাম্প। কিন্তু ক্যাম্প শেষ করে জাতীয় লিগের আগে কর্পোরেট লিগ খেলবে খেলোয়াড়রা। জাতীয় লিগ শুরু হবে ২৯ অক্টোবর। আর কর্পোরেট লিগ হবে ১ অক্টোবর। জাতীয় দলের খেলা না থাকলে জাতীয় দলের খেলোয়াড়রা জাতীয় লিগে খেলতে বাধ্য থাকবেন, অসুস্থতার অজুহাত দিয়েও হবে না, সেক্ষেত্রে ছাড় পেতে হলে লাগবে ফিজিওর সার্টিফিকেট। জাতীয় লিগে খেলোয়াড়দের যেমন প্রেরণা দরকার, তেমনি সামগ্রিকভাবেই আম্পায়ারদের প্রেরণা দরকার। সেজন্য তাদেরও বেতন স্কেলে আনার সিদ্ধান্ত হয়েছে। আম্পায়ার্স কমিটির প্রস্তাবমতো চূড়ান্ত হবে আম্পায়ারদের বেতন। জাতীয় দলের স্পনসর গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ৭ জুলাই। সেসময় যেহেতু বাংলাদেশ দল শ্রী লংকা সফরে থাকবে তাই অন্তবর্তী সময়ের জন্য একটা সমঝোতা হয়েছে গ্রামীণ ফোনের সঙ্গে। সে অনুযায়ী বাংলাদেশের পরবর্তী স্পনসর চুক্তিতে যে টাকার অংক চূড়ান্ত হবে গ্রামীণ ফোনকে এই সময়ের জন্য দিতে হবে তার ২৪ ভাগের এক ভাগ। অনুর্ধ্ব-১৯ দল জুলাই মাসে শ্রী লংকা এবং মালয়েশিয়া সফর করবে। শ্রী লংকায় বাংলাদেশ, ভারত ও শ্রী লংকাকে নিয়ে আয়োজিত হবে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট। মালয়েশিয়ায় বাংলাদেশ দল খেলবে চারটি ওয়ানডে। এছাড়া একাডেমি দলের ডারউইন সফরসূচীও চূড়ান্ত হয়েছে সভায়। আগস্ট মাসের এই সফরে ডারউইনের স্থানীয় প্রতিযোগিতায় একাডেমি দল খেলবে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যের দলগুলোর সঙ্গে। বাংলাদেশের এখন অনেকগুলো ভেন্যু। সেগুলোর রক্ষনাবেক্ষনের জন্য একজন অভিজ্ঞ এবং দক্ষ লোকের দরকার বলেই মনে হচ্ছে ক্রিকেট বোর্ডের এবং মনে হচ্ছে সেরকম অভিজ্ঞ লোক বাংলাদেশে নেই। আর তাই অচিরেই একজন বিদেশীকে আনা হবে হেড কিউরেটরের দায়িত্ব দিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩৫ঘ.