২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি হয়তো আবার ক্রিকেট খেলতে যাচ্ছি : লারা

১৯ এপ্রিলের কথা বোধহয় কোনো দিনই ভুলতে পারবেন না ব্রায়ান লারা। বিশ্বকাপে সেদিন বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দিয়ে বসেন 'রেকর্ডের বরপুত্র'। বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন ক্রিকেটার' কে দেয়া এক সাক্ষাতকারে বিশ্ব ক্রিকেটকে স্তম্ভিত করে দেয়া সেই ঘোষণা আর সেই সঙ্গে ক্রিকেটে তার অর্জন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ ইত্যাদি প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন ব্রায়ান লারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

লন্ডন, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--- ১৯ এপ্রিলের কথা বোধহয় কোনো দিনই ভুলতে পারবেন না ব্রায়ান লারা। বিশ্বকাপে সেদিন বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দিয়ে বসেন 'রেকর্ডের বরপুত্র'। বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন ক্রিকেটার' কে দেয়া এক সাক্ষাতকারে বিশ্ব ক্রিকেটকে স্তম্ভিত করে দেয়া সেই ঘোষণা আর সেই সঙ্গে ক্রিকেটে তার অর্জন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ ইত্যাদি প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন ব্রায়ান লারা। বিশ্বকাপের পর তার ওয়ানডে থেকে অবসরের জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। কিন্তু আচমকাই একেবারে ক্রিকেট ছেড়ে দেয়ার ঘোষণা উচ্চারিত হলো তার কণ্ঠে। এ প্রসঙ্গে লারা বললেন,"আমাদের একটা নতুন দিকনির্দেশনার প্রয়োজন ছিল। এমন এক জনকে দরকার ছিল, যিনি দলে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী হবেন। তবে আমি চেয়েছিলাম দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আসতে। তার আগে অবশ্য ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথাও বলেছিলাম আমি। (শেষ পর্যন্ত যা হলো ) এটা হয়তো আদর্শ কিছু হলো না, জীবনে কতগুলো বিয়ইবা সেরকম হয় ...!" তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনালগ্নে ওয়েস্ট ইন্ডিজ দোর্দন্ড প্রতাপে শাসন করছিল ক্রিকেট বিশ্বকে। টেস্টে অপরাজিত ৪০০ ও ৩৭৫ রানের দুটো মহাকাব্যিক ইনিংস এসেছে তার ব্যাট থেকে, একক প্রচেষ্টায় দলকে জিতিয়েওছেন অনেক বার। তবে সাফল্যের চূড়া থেকে দলের পতনও দেখতে হয়েছে 'প্রিন্স অফ ত্রিনিদাদ' কে। টেস্টে ৬৩ বার পরাজয়ের তেতো স্বাদ পেয়েছেন তিনি এবং এটা একটা রেকর্ডও বটে। তবে সাফল্য --- ব্যর্থতা ---- অর্জনের যোগ --- বিয়োগে লারার মনে কোনো আক্ষেপ নেই,"আমি যা যা করতে পারতাম তার প্রায় সবই করেছি। তাই নিজেকে নিয়ে আমি খুশি। দলগতভাবে হতাশা থেকে বেরিয়ে আসতে আমরা সক্ষম হইনি। সেটা আমার ভালোমতোই মনে থাকবে। তাই বলে সেটা সারা জীবন আমাকে তাড়িয়ে বেড়াবে না। আমি মাথা উঁচু করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে বিদায় নিয়েছি। কেউ চাইলে আমার দোষ খুঁজতে পারে। তবে (দেশের ক্রিকেটের উন্নতিতে) প্রচেষ্টার জন্য সম্মানও প্রাপ্য আমার।" লারার সর্বাত্মক চেষ্টার পরও ক্যারিবীয় ক্রিকেটের আজ ঘোর দুর্দিন। সেজন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবকাঠামোগত সমস্যার কথাই সবার আগে বললেন টেস্ট ও ফার্স্ট ক্লাস দু ধরনের ক্রিকেটেই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক,"তরুণদের মানোয়ন্ননের মতো ভালো অবকাঠামো আমাদের নেই। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব --- ১৫ দলটা দারুণ। ত্রিনিদাদের ১৬ বছরের একটি ছেলেকে আমি চিনি। সে দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু তার জন্য এখন আমার চিন্তা হয়। চিন্তার একটাই কারণ, সুযোগ --- সুবিধার অভাব। অস্ট্রেলিয়ার ১৭ বা ১৮ বছর বয়সী এক জন মাঝারি মানের ক্রিকেটার পাঁচ বছর পর পৃথিবীর প্রত্যেককে চমকে দিতে পারবে। তবে ভালো সুযোগ --- সুবিধা ও জীবিকার নিশ্চয়তা না থাকলে নেতিবাচক পরিবেশের জন্ম তো হবেই।" যাহোক, এ সব হতাশা থেকে বেরিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য একটা খুশির কথাও শুনিয়েছেন লারা। ক্রিকেট মাঠে ফেরার চিন্তা করছেন তিনি! "আমার ধারণা, আমি আবার ক্রিকেট খেলতে যাচ্ছি। ছয় কিংবা আট মাস ক্রিকেট না খেললে আমি এটাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো। আমি কখনোই এটাকে হারিয়ে ফেলতে চাই না"---- লারার এই মন্তব্য শুনে নিশ্চয়ই দারুণ খুশি হবেন তার ভক্তরা। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না লারা। হয়তো কোনো প্রদর্শনী ম্যাচই খেলবেন। তারপরও তো সেখানে ব্যাট হাতে দেখা যাবে ব্রায়ান চার্লস লারা নামের এক অত্যাশ্চর্য ব্যাটসম্যানকে, যার ব্যাটের জাদু প্রায় দেড় যুগ বিমোহিত করে রেখেছিল অজস্র ক্রিকেট ভক্তকে। সেই সব ভক্তের জন্য লারার ওভাবে ক্রিকেটে ফেরাও তো বিরাট প্রাপ্তি! ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসি/