ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পিয়াল স্কুল ছুটির পর সোজা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলে এলো, বাবার সঙ্গে বাড়ী ফিরবে বলে। বাংলাদেশ দলের প্র্যাকটিস শেষে ক্রিকেটার বাবার দেরীতে আর তর সইছিল না ওর। তাই বারবার তাড়া দিচ্ছিল বাবাকে। কিন্তু আফ্রো---এশিয়া কাপ খেলে দেশে ফিরে বুধবারই প্রথম দলের সঙ্গে যোগ দেওয়া বাবা মোহাম্মদ রফিকের তাতে খুব একটা ভ্র"ক্ষেপ নেই। তার বিখ্যাত এক শিষ্যকে নিয়ে কথা বলায় এমনই মগ্ন হয়ে ছিলেন যে, তখন আর সবকিছূ বোধহয় অবচেতনেই চলে গিয়েছিল দেশসেরা এই স্পিনারের।
রফিকের সেই ছাত্রের নাম হরভজন সিং। এবং নিশ্চিত ভারতীয় এই অফস্পিনার তার প্রিয় ছাত্রও। না হলে অনেক সাধনায় যে নতুন ডেলিভারিটার জন্ম দিয়েছেন, সেটা হরভজনের আবদারে এতো সহজে শিখিয়ে দিয়ে আসবেন কেন! যদিও রফিকের ভাষ্য, তার আবিষ্কারটা সহসাই শেখার জিনিষ নয়,"এত্তো সোজা না ওইটা শেখা। আমারই দুই তিন বছর লেগেছে। ও (হরভজন) জানতে চেয়েছিল কিভাবে ওই ডেলিভারিটা দেই। আমি দেখিয়ে দিয়েছি। এখন প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করতে করতেই একসময় হয়ে যাবে।"
নতুন কিছু করার তাগিদ থেকেই বছর তিনেক ধরে ওই 'ম্যাজিক ডেলিভারি' আবিষ্কারের চেষ্টায় ছিলেন এই বাঁহাতি স্পিনার। সাফল্য সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তাই ম্যাচে ওরকম বল করার ঝুঁকিও নিচ্ছিলেন না। কোনো আন্তর্জাতিক ম্যাচে প্রথম ওই ডেলিভারি দেওয়ার সময়ও নিশ্চিত ছিলেন না কতোটা কার্যকর হবে,"বিশ্বকাপের প্রথম ম্যাচে ওটা ট্রাই করলাম। দেখি, বাহ, হয়ে গেছে। এরপর থেকে প্রত্যেক ম্যাচেই ওই ডেলিভারিটা দিয়ে আসছি। সাফল্যও মিলছে বেশ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সেই সাফল্যের খতিয়ানও দিচ্ছেন সদ্যসমাপ্ত আফ্রো---এশিয়া কাপে এশিয়ার সর্বাধিক উইকেটশিকারী (৬) বোলার,"বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ তো ভারতের সঙ্গেই ছিল। ওই ডেলিভারিতে দাদা (সৌরভ গাঙ্গুলী) আর ধোনীর উইকেট তুলে নিয়েছিলাম। আর আফ্রো---এশিয়া কাপের শেষ ম্যাচটাতে আমি যে শেষ উইকেটটা (জাস্টিন কেম্প, বোল্ড হয়েছিলেন) নিলাম, সেটাও তো ওই একই ডেলিভারিতে। ভারতের সঙ্গে এই ডেলিভারিটা দেওয়ার পরই হরভজন বুঝেছিল, এটা নতুন কিছু। তাই এবার দেখা হওয়ার পরই ধরলো, যেন শিখিয়ে দেই। না করতে পারলাম না।"
'এই ডেলিভারি' কিংবা 'ওই ডেলিভারি' --- এসবের ব্যবহার বোধহয় একটু বেশিই হয়ে যাচ্ছে। কারণ নতুন ডেলিভারিটার কোনো নাম এখনো রাখেননি রফিক। নাম রাখার প্রয়োজনও দেখছেন না কোনো,"ওটা ঠিকমতো করতে পারছি কিনা, সেটাই বড়ো কথা। নামের কী দরকার?" ডেলিভারির কারিগরী দিকটা বোঝাচ্ছেন এভাবে,"আসলে পেস বোলাররা এরকম ডেলিভারি দিলে বলা হয়, রিভার্স সুইং। আমারটা যেমন ব্যাটসম্যানরা আর্মার নয়তো বল বেরিয়ে যাচ্ছে মনে করে বিভ্রান্ত হয়। কিন্তু তা না হয়ে বল ভেতরে ঢুকে যাচ্ছে। তাই বলে এটাকে আমি রিভার্স স্পিন বলতে চাই না। এই ডেলিভারির সময় বল এক আঙ্গুল (তর্জনী) দিয়ে পুশ করতে হয়। অনেক কষ্ট করে শিখেছিরে ভাই।"
এবার ভারতে গিয়ে এমন অনেক তরুণকেই পেয়েছেন যারা সহজেই সবকিছু শিখে নিতে চায়। রবি শাস্ত্রী স্থানীয় কিছু তরুণকে নিয়ে এসেছিলেন, যেন রফিক কিছু টিপস দিয়ে দেন। কি টিপস চায়, জানতে চেয়েই বিস্মিতও হয়েছেন ওয়ানডেতে ১২৫ উইকেট পাওয়া রফিক,"ওরা শুরুতেই জানতে চাইলো, দুসরা কিভাবে করতে হয়। আমি তাদের সোজা বলে দিলাম, আগে নিজের স্বাভাবিক বোলিংটা ভালোমতো করতে শেখো। তারপরে অন্য কিছূ নিয়ে ভেবো।"
তাই বলে ভারতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা হরভজন কিন্তু মোটেও রফিকের নতুন ছাত্র নন। ২০০৪ সালে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সময়ও রফিকের শরণাপন্ন হয়েছিলেন 'ভাজ্জি'। রফিক 'আর্ম' বল কিভাবে করেন সেই কৌশল জানতেই শুধু সেবার চট্টগ্রামে তার হোটেল রুমে যাননি হরভজন। তুলনায় অনেক বিখ্যাত হলেও এই ভারতীয় অফস্পিনারের জটিল এক সমস্যার সমাধানও করে দিয়েছিলেন রফিকই। কী সেটা? "আপনারা জানেন না বোধহয়। হরভজন প্রথম যখন আমার কাছে আসে, তখন ওর অ্যাকশন চাকিং কিনা, এই নিয়ে কথা উঠছিল। আমি ওর গ্রিপ পাল্টাতে বলেছিলাম। কারণ ও যেভাবে গ্রিপ করতো সেভাবে করলে চাকিং মনে হতেই পারে। তাই বল একটু অন্যভাবে গ্রিপ করতে শিখিয়ে দেই। ওকে বলেছিলাম, এই গ্রিপের পর কেউ যদি অ্যাকশন নিয়ে কথা তোলে, তাহলে আমি ক্রিকেট খেলাই ছেড়ে দেবো। আজ পর্যন্ত ওর অ্যাকশন নিয়ে কিন্তু আর কোনো কথা ওঠেনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮০৫ঘ.
bdnews24