২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকার মানুষ স্তম্ভিত,লজ্জিত

জ্যামাইকা এখন শান্ত। বব উলমারের মৃত্যু রহস্যের কুলকিনারা হলো --- কি হলোনা, সময় গড়াচ্ছে কিন্তু রহস্য উন্মোচিত হচ্ছেনা কেন ----- এ ধরনের উৎকন্ঠা একেবারেই নেই কারো মনে। রহস্যের অবসান তো হয়েছেই। তদন্ত শেষে জ্যামাইকা পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে পাকিস্তানের সাবেক কোচের। হত্যা করা হয়েছে উলমারকে --- এই তত্ত্ব থেকে সরে হঠাৎ পুলিশ তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দায় সারতে চাইলেও সেখানকার মানুষ কিন্তু ব্যাপারটাকে এত সহজে মেনে নিতে পারছেন না। জ্যামাইকা পুলিশের সর্বশেষ ঘোষণা শুনে তাদের 'অদক্ষ' আর 'ভাঁড়' বলেও ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন কেউ কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কিংস্টন, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স) --- জ্যামাইকা এখন শান্ত। বব উলমারের মৃত্যু রহস্যের কুলকিনারা হলো --- কি হলোনা, সময় গড়াচ্ছে কিন্তু রহস্য উন্মোচিত হচ্ছেনা কেন ----- এ ধরনের উৎকন্ঠা একেবারেই নেই কারো মনে। রহস্যের অবসান তো হয়েছেই। তদন্ত শেষে জ্যামাইকা পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে পাকিস্তানের সাবেক কোচের। হত্যা করা হয়েছে উলমারকে --- এই তত্ত্ব থেকে সরে হঠাৎ পুলিশ তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দায় সারতে চাইলেও সেখানকার মানুষ কিন্তু ব্যাপারটাকে এত সহজে মেনে নিতে পারছেন না। জ্যামাইকা পুলিশের সর্বশেষ ঘোষণা শুনে তাদের 'অদক্ষ' আর 'ভাঁড়' বলেও ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন কেউ কেউ। ক্ষোভের কারণ, পৃথিবীময় জ্যামাইকার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া। জ্যামাইকার রাজনৈতিক বিশ্লেষক কেভিন ও'ব্রায়েন চ্যাং অন্তত সেরকমই মনে করেন," (উলমারের মৃত্যুর) ব্যাপারটা শুনে প্রথমে খুব দুঃখ পেয়েছি। পরে তাকে হত্যা করা হয়েছে জেনে মনে বড় আতঙ্ক ছড়িয়েছিল। এখন আমাদের কতিপয় লোকের অদক্ষতা প্রকাশ পাওয়ায় আমরা লজ্জিত।" তার বিবেচনায় জ্যামাইকা পুলিশ এখন লোক হাসানো একদল মানুষের মতো,"(উলমারকে হত্যা করা হয়েছে এমন ধারণা) কী হাস্যকর ভুল! এর চেয়ে বড় ভুল তো আর হতে পারে না। ওরা (পুলিশ) আসলে একদল ভাঁড়।" ওদিকে জ্যামাইকার বিরোধী দল জ্যামাইকা লিবারেল পার্টির নেতা জেমস রবার্টসন বলেছেন এ ঘটনার মাধ্যমে পুলিশ সমস্ত জ্যামাইকাকে পৃথিবীর কাছে খাটো করলেও দেশে এ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কোনো ইচ্ছে তাদের নেই," এতে করে আমাদের পুলিশের অদক্ষতা প্রকাশিত হয়ে গেছে। এ দেশের মানুষ হিসেবে এখানে যা ঘটেছে তার জন্য আমরা সবাই বিব্রত। তবে বিষয়টিকে আমরা একেবারেই 'রাজতৈক ফুটবল' হিসেবে দেখছি না। কখনোই আমরা এ থেকে ফায়দা তুলতে যাবো না।" জ্যামাইকার মানুষ বিব্রত বোধ করলেও উলমারের মৃত্যুরহস্য আলোর মুখ দেখায় আইসিসির দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পল কংডন খুব খুশি। এতদিন যারা উলমারের মৃত্যুর সঙ্গে ম্যাচ পাতানো এবং হত্যাকান্ডের যোগসাজশ খুঁজেছেন তাদের শুধু একটা কথাই বলেছেন কংডন," এখন আপনাদের চুপ করা উচিত।" জ্যামাইকার মানুষের চেয়ে অনেক বেশি লজ্জিত হওয়া উচিত সেখানকার পুলিশের উপ -- কমিশনার মার্ক শিল্ডসের। উলমারের মৃত্যুর পর থেকে শিল্ডস বহুবার এ মৃত্যুকে হত্যাকান্ড ধরে নিয়ে নানা রকমের বিবৃতি দিয়েছেন। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারের মৃত্যু স্বাভাবিক প্রমানিত হওয়ায় তিনি পদত্যাগ করবেন কিনা। সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে মার্ক শিল্ডস বলেছেন দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এমন সত্য বেরিয়ে আসতেই পারে," কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি পদত্যাগ করবো কিনা, আমি উল্টো জানতে চাইবো ---- কেন করবো? আমাদের খোলা মন নিয়ে কাজ করতে হয়েছে। সব কিছুর পরও আমি খুশি, কারণ, হত্যা --- তদন্ত তো আসলে টেলিভিশনের ধারাবাহিকের মতো নয় যে ৪৫ মিনিটের মধ্যেই সব কাজ শেষ করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি/ ১৭৪১ ঘ.