২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের স্বাভাবিক মৃত্যুর ঘোষণায় নির্ভার পাকিস্তান

একে তো আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দুঃখ। তার ওপরে কোচের আকস্মিক, অস্বাভাবিক মৃত্যু। তিন মাস আগের সেই দিনগুলো রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। সেই দুঃস্বপ্ন তাদেরকে আরো অনেক দিন তাড়া করে ফিরবে ঠিকই, তবে আগের চেয়ে তারা এখন অনেক বেশি নির্ভারও। মঙ্গলবার জ্যামাইকান পুলিশ বব উলমারের মৃত্যুকে স্বাভাবিক হিসাবে রায় দেয়ায় পাকিস্তানের বিশ্বকাপের দলে থাকা প্রত্যেক সদস্যই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখন। কারণ একটাই, তাদের দিকে উঁচিয়ে থাকা সন্দেহের অবসান! তবে একটা বিতর্কও গড়ে উঠেছে মঙ্গলবারের ঘোষণাটার পর। জ্যামাইকান পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কি না তা নিয়ে বেশ বিতর্কের ঝড় উঠেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন জুড়ে। ইনজামাম -- উল হক অবশ্য মামলা না করারই পক্ষে। পাকিস্তানের ক্রিকেটারদের মতোই জিল উলমারও তার স্বামীর স্বাভাবিক মৃত্যুর ঘোষণায় এখন অনেক খানি স্বস্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

করাচি, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স) --- একে তো আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দুঃখ। তার ওপরে কোচের আকস্মিক, অস্বাভাবিক মৃত্যু। তিন মাস আগের সেই দিনগুলো রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। সেই দুঃস্বপ্ন তাদেরকে আরো অনেক দিন তাড়া করে ফিরবে ঠিকই, তবে আগের চেয়ে তারা এখন অনেক বেশি নির্ভারও। মঙ্গলবার জ্যামাইকান পুলিশ বব উলমারের মৃত্যুকে স্বাভাবিক হিসাবে রায় দেয়ায় পাকিস্তানের বিশ্বকাপের দলে থাকা প্রত্যেক সদস্যই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখন। কারণ একটাই, তাদের দিকে উঁচিয়ে থাকা সন্দেহের অবসান! তবে একটা বিতর্কও গড়ে উঠেছে মঙ্গলবারের ঘোষণাটার পর। জ্যামাইকান পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কি না তা নিয়ে বেশ বিতর্কের ঝড় উঠেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন জুড়ে। ইনজামাম -- উল হক অবশ্য মামলা না করারই পক্ষে। পাকিস্তানের ক্রিকেটারদের মতোই জিল উলমারও তার স্বামীর স্বাভাবিক মৃত্যুর ঘোষণায় এখন অনেক খানি স্বস্তিতে। পুলিশের জিজ্ঞাসাবাদ, আঙ্গুলের ছাপ দেয়া, ডিএনএ টেস্টের সামনে দাঁড়ানো, ১১ দিন ধরে জ্যামাইকায় আটকে থাকা ---- ১৮ মার্চ উলমারের মৃত্যুর পর কম ঝক্কি পোহাতে হয়নি পাকিস্তানের ক্রিকেটারদের। সে সব দিনের কথা মনে হলে এখনো বোধহয় শিউরে ওঠেন উলমারের মৃত্যুর পর পরই অধিনায়কত্ব ছেড়ে দেয়া ইনজামাম। তবে তাই বলে জ্যামাইকা পুলিশ শুরুতে এটাকে হত্যা বলে ঘোষণা দেয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি রাজি নন,"যা হয়েছে তা হয়েছে। কারণ আমাদের যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা তো স্মৃতি থেকে মুছে ফেলা যাবে না। আমাদের সেই দুঃস্বপ্নের অবসান হয়েছে। কিন্তু এই দাগ খুব সহজে মুছে যাবে না। আমরা জ্যামাইকান পুলিশের সঙ্গে সহযোগিতা করেছিলাম ঠিকই কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় আমাদের ছিল না। যা এখনো আমাদের পীড়া দেয়।" উলমারের মতো এক জন শান্তিবাদী মানুষের মৃত্যুকে হত্যা বলে ঘোষণা দেয়ায় ইনজামাম ভীষণ ব্যথিতও,"বব (উলমার) শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না। এবং যে পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তাতে আমাদের মনে হয়েছে,'কেন কোনো ব্যক্তি তাকে খুন করতে চাইবে?' তিনি ছিলেন শান্তিপ্রেমী ও বন্ধুত্বপূর্ণ মানুষ। তার কোনো শত্র"ই ছিল না।" ইনজামামের উত্তরসূরী অর্থাৎ পাকিস্তানের বর্তমান অধিনায়ক শোয়েব মালিকেরও প্রথম থেকেই এটাকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে,"তারা (জ্যামাইকান পুলিশ) যখন হত্যা নিয়ে কথাবার্তা বলছিল তখনই আমরা জানতাম যে এটা বিশাল কোনো ভুল।" বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা তালাত আলীও স্বাভাবিক মৃত্যুর কথা জানতে পেরে নির্ভার বোধ করছেন। কিংস্টনের পেগাসাস হোটেলে উলমারের ঘরে পাকিস্তান দলের পক্ষে সবার আগে ডেকে পাঠানো হয়েছিল তাকেই। সে সব দুঃসহ অভিজ্ঞতা কথা ভুলে গিয়ে তিনি এখন সামনের দিকে তাকাতে আগ্রহী। সেই সঙ্গে হত্যা তত্ত্ব ভুল প্রমাণিত হওয়ায় তালাত আলী আনন্দিতও,"ববের পরিবারের জন্যই বেশি ভাল লাগছে আমার। কারণ তাদের জন্য এই বিব্রতকর পরিস্থিতির অবসান হলো। তাদের জন্য আমার সহানুভূতি রইলো। আমাদের সবার জন্যই এটা ভীষণ দুঃখজনক ঘটনা।" তবে ইনজামাম ---- মালিকদের মতো মোহাম্মদ ইউসুফ এতটা বিনয়ী হয়ে থাকতে পারছেন না! পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উলমারের মৃত্যুকে হত্যা প্রচেষ্টা হিসাবে ঘোষণা দেয়ায় জ্যামাইকান পুলিশের বিরুদ্ধে মামলা করার দাবী জানিয়েছেন,"পিসিবির আইনি ব্যবস্থা নেয়া উচিৎ। তবে সেটা তো খেলোয়াড়দের হাতে নেই। আমরা (খেলোয়াড়রা) জ্যামাইকান পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারি না। ব্যাপারটা নিয়ে পিসিবিরই বোঝাপড়া করা উচিৎ।" ক' দিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানও ঠিক একই দাবী করেছিলেন পিসিবির কাছে। তবে পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফ এই দাবী উড়িয়ে দিয়ে বলেছেন,"আমি মনে করি না আমাদের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেয়া হবে। ব্যাপারটা মিটে যাওয়ায় আমরা খুবই আনন্দিত। এখন এখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।" সেই সব দুঃসহ যন্ত্রণা ভুলে যেতে চাইছেন উলমারের স্ত্রী জিলও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন,"আমরা আশা করি এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা এখন পুরোপুরি শেষ হয়ে যাবে। এবং আমাদের পরিবারও শান্তিতে থাকতে পারবে।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এএআর/ ১৫১৫ ঘ.