২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে ভারতের ম্যানেজার বোর্দে, দলে নেই শেবাগ

আগামী ২৩ জুলাই ৭৩ বছর পূর্ণ হতে যাচ্ছে চান্দু বোর্দের। এবং ৭৩তম জন্মদিনটা তিনি পালন করবেন ইংল্যান্ডে, ভারতীয় দলের সঙ্গে। গ্রাহাম ফোর্ড ভারতের কোচের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর ঠিক পর দিনই অর্থাৎ মঙ্গলবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দলের ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বোর্দেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নয়াদিল্লী, ১২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)-- আগামী ২৩ জুলাই ৭৩ বছর পূর্ণ হতে যাচ্ছে চান্দু বোর্দের। এবং ৭৩তম জন্মদিনটা তিনি পালন করবেন ইংল্যান্ডে, ভারতীয় দলের সঙ্গে। গ্রাহাম ফোর্ড ভারতের কোচের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর ঠিক পর দিনই অর্থাৎ মঙ্গলবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দলের ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বোর্দেকে। একই সঙ্গে দলও ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা। বাংলাদেশ সফরে ওয়ানডেতে বিশ্রাম দেয়া দুই তারকা শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী ফিরেছেন আয়ারল্যান্ড সফরের ওয়ানডে দলে। আর টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলার রণদেব বসু। তবে বিস্ময়করভাবে টেস্ট ও ওয়ানডে কোনো দলেই রাখা হয়নি বীরেন্দর শেবাগকে। এ সম্পর্কে ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারের ব্যাখ্যা,"শেবাগের মধ্যে এখনো অনেক ক্রিকেট অবশিষ্ট আছে। ভাল খেললে সে অবশ্যই দলে ফিরবে।" হরভজন সিং ও ইরফান পাঠানও ফিরতে পারেননি দলে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল পরে ঘোষণা করা হবে। ম্যানেজার হলেও আসলে বোর্দেকে কোচ ও ম্যানেজার দুটো দায়িত্বই পালন করতে হবে। বাংলাদেশ সফরে ঠিক যে কাজটা করতে হয়েছিল রবি শাস্ত্রীকে। কার্যনির্বাহী কমিটির এক সভায় বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, দীর্ঘমেয়াদে কোচ খোঁজার কাজটা চালিয়েই যাবেন তারা,"ইংল্যান্ডে বোর্দে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি আমরাও দলের জন্য এক জন্য কোচের সন্ধান করবো।" ৫৫টি টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ বোর্দের অধীনে অবশ্য আগেও সফরে গিয়েছে ভারত। ১৯৮৮ --- ৮৯ মৌসুমে 'ঐতিহাসিক' পাকিস্তান সফরে তিনিই ছিলেন ভারতীয় দলের ম্যানেজার। তাছাড়া ১৯৮২ থেকে '৮৪ এবং '৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত দু দফা প্রধান নির্বাচক থাকার অভিজ্ঞতাও আসন্ন সফরে নিশ্চয়ই যথেষ্ট সাহায্য করবে তাকে। সেই সঙ্গে বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিং --- এর সাহায্য তো পাবেনই। প্রায় তিন মাসের সফরে ভারত প্রথমে যাবে আয়ারল্যান্ডে। সেখানে ২৩ জুন স্বাগতিকদের সঙ্গে একটি ওয়ানডে খেলার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে তারা। এর পর উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার পর তাদের গন্তব্য ইংল্যান্ড। ইংলিশদের সঙ্গে তিনটি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলে দেশে ফিরবে ভারতীয় দল। টেস্ট দল : রাহুল দ্রাবিড় (অধিনায়ক), ওয়াসিম জাফর, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, দীনেশ কার্তিক, শ্রীশান্ত, জহির খান, অনিল কুম্বলে, রমেশ পাওয়ার, আরপি সিং, রণদেব বসু ও ইশান্ত শর্মা। ওয়ানডে দল : রাহুল দ্রাবিড় (অধিনায়ক), গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, শ্রীশান্ত, জহির খান, আরপি সিং, পীযুষ চাওলা, রমেশ পাওয়ার, অজিত আগারকার ও রোহিত শর্মা। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২২২০ ঘ.