২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের স্বাভাবিক মৃত্যুর পক্ষেই রায় দিল জ্যামাইকা পুলিশ

কয়েক দিন আগে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছিল, হত্যা নয় স্বাভাবিক মৃত্যুই হয়েছে বব উলমারের। তবে উলমারের মৃত্যু রহস্যের তদন্তের দায়িত্বে থাকা জ্যামাইকা পুলিশ বলেছিল হত্যা সংক্রান্ত নতুন কিছু তথ্য আছে তাদের হাতে। কিন্তু মঙ্গলবার কিংস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেই জ্যামাইকা পুলিশই জানিয়ে দিল পাকিস্তানের সাবেক কোচকে কেউ হত্যা করেনি। স্বাভাবিক মৃত্যুই হয়েছে 'ল্যাপটপ' কোচ হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত উলমারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কিংস্টন, জ্যামাইকা, ১২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)-- কয়েক দিন আগে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছিল, হত্যা নয় স্বাভাবিক মৃত্যুই হয়েছে বব উলমারের। তবে উলমারের মৃত্যু রহস্যের তদন্তের দায়িত্বে থাকা জ্যামাইকা পুলিশ বলেছিল হত্যা সংক্রান্ত নতুন কিছু তথ্য আছে তাদের হাতে। কিন্তু মঙ্গলবার কিংস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেই জ্যামাইকা পুলিশই জানিয়ে দিল পাকিস্তানের সাবেক কোচকে কেউ হত্যা করেনি। স্বাভাবিক মৃত্যুই হয়েছে 'ল্যাপটপ' কোচ হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত উলমারের। আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর দিন গত ১৮ মার্চ কিংস্টনের পেগাসাস হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায় উলমারকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। তবে জ্যামাইকা পুলিশ শুরু থেকেই এটাকে হত্যা বলেই দাবী করেছে। সেই দাবীর সপক্ষে কখনো শ্বাসরোধ কখনো বা বিষ প্রয়োগের মাধ্যমে উলমারকে হত্যার কথাও জানিয়েছিল তারা। পাকিস্তান দলের কোনো উন্মত্ত সমর্থক কিংবা ম্যাচ পাতানো চক্র এই মৃত্যুর সঙ্গে জড়িত বলেও তারা ধারণা করেছিল । তবে তিন জন ভিন্ন প্যাথলজিস্টের রিপোর্টে এবং একটি টক্সিকোলজি পরীক্ষায় উলমারের মৃতদেহে কোনো বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ স্বাভাবিক মৃত্যুর ব্যাপারটাই বেরিয়ে এসেছে সে সব পরীক্ষায়। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জ্যামাইকার পুলিশ কমিশনার লুসিয়াস টমাসও জানালেন সে কথাই,"সমস্ত রিপোর্ট হাতে পেয়ে আমরা বব উলমারের মৃত্যু তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২২০২ ঘ.