২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটমোর আমলের তুলনায় এখনকার বাংলাদেশের প্র্যাকটিসটা অন্যরকম

টেস্ট ক্রিকেটে তুমি সবচেয়ে বেশীবার কিভাবে আউট হয়েছ?" "কিভাবে?" "সবচেয়ে বেশী ক্যাচ আউট হয়েছ না?" "হ্যাঁ, হয়েছি।" "তার মানে তুমি যথেষ্ট আক্রমণাত্মক। আমি চাইছি তুমি আক্রমণাত্মক ব্যাটসম্যানই থাকো। তবে একটু অন্যভাবে।" "সেটা কিরকম?" "যতো জোরে পারো শট মারো না, সমস্যা নেই। কিন্তু নীচে মারো। উপরে নয়। টেস্ট ক্রিকেটে আমি তোমার কাছ থেকে এমন আক্রমণই দেখতে চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "টেস্ট ক্রিকেটে তুমি সবচেয়ে বেশীবার কিভাবে আউট হয়েছ?" "কিভাবে?" "সবচেয়ে বেশী ক্যাচ আউট হয়েছ না?" "হ্যাঁ, হয়েছি।" "তার মানে তুমি যথেষ্ট আক্রমণাত্মক। আমি চাইছি তুমি আক্রমণাত্মক ব্যাটসম্যানই থাকো। তবে একটু অন্যভাবে।" "সেটা কিরকম?" "যতো জোরে পারো শট মারো না, সমস্যা নেই। কিন্তু নীচে মারো। উপরে নয়। টেস্ট ক্রিকেটে আমি তোমার কাছ থেকে এমন আক্রমণই দেখতে চাই।" বোঝাই যাচ্ছে ওই কথোপকথনে কোনো এক ক্রিকেট মনস্ক ছাত্রকে পরামর্শ দেওয়া হচ্ছিল। পরামর্শদাতা এখানে শন উইলিয়ামস, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ। মনোযোগী শ্রোতা সেখানে বাংলাদেশের নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অন্তর্র্বতীকালীন সময়ের জন্য দলের সঙ্গে জুড়ে যাওয়া অস্ট্রেলিয়ান কোচের কথাগুলো ভীষণ মনে ধরছে তার,"সবাই---ই ভালো খেলতে বলেন। উনিও (শন) বলেন, তবে একটু অন্যভাবে। তাই তার কথা খুব ভালো লাগে।" অবশ্য অন্যভাবে না বললেও হয়তো কোচের সঙ্গে কথোপকথন উপভোগই করতেন আশরাফুল। কেননা ডেভ হোয়াটমোর জমানায় কোচের সঙ্গে সম্পর্কটা অন্তত এমন উপভোগের জায়গায় খুব একটা ছিল না। বরং কোচের সঙ্গে তার কথা বলাবলিও বন্ধ থাকার খবরই পাওয়া গেছে বেশি। অথচ হোয়াটমোর চলে যাওয়ার পর এখন প্র্যাকটিসের ধরনেও ভিন্নতা খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। "আমাদের প্র্যাকটিসের ধরনে অনেক পরিবর্তন এসেছে। বলা যায় শতকরা ৭০---৮০ ভাগ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা আমরা সবাই খুব উপভোগ করছি"--- সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আশরাফুল। তার এই ভাষ্য অনেক প্রশ্নই সামনে নিয়ে আসে। সেগুলো সামনে এসেও গেল। তাহলে কী ডেভের সময়ে...? এই ইয়র্কারটাকে হাফভলি বানিয়েই খেলে ফেললেন আশরাফুল,"না, না, তার মানে এই নয় যে, আমি ডেভের সময়ের প্র্যাকটিস নিয়ে কোনো অভিযোগ করছি। তখনও ঠিকই ছিল। তবে এখন উপভোগ্যতা এসেছে বেশি। যেমন এখন আমরা নেটে অনেক সময় নিয়ে ব্যাটিং করতে পারছি। একেকজন ব্যাটসম্যান প্রায় এক ঘন্টার মতো ব্যাটিং করছে নেটে। আগে এতো সময় পেতাম না।" নেটে কেউ ভুল শট খেললে তৎক্ষণাৎ তার ভুলটা ধরিয়ে দেওয়ার দৃশ্যও খুব একটা চোখে পড়তো না আগে। সেগুলো তুলে রাখা হতো ভিডিও সেশনের জন্য। কিন্তু এদিন মিরপুরের সেন্ট্রাল উইকেটেই বলুন আর ইনডোরে, হাতে---কলমেই হলো সব। সেন্ট্রাল উইকেটের নেটে ঢুকে যেমন আফতাব আহমেদকে বেশ ক'বারই কিছূ একটা বোঝাচ্ছিলেন শন উইলিয়ামস। যার কথা,"আমি ওদের সাহায্য করতে এসেছি। এমনিতে খেলা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওদের শট সিলেকশনে সমস্যা আছে। মারার জন্য সঠিক বল বেছে নেওয়ার ব্যাপারটাতেই ওদের সাহায্য করতে চেষ্টা করছি।" এই চেষ্টারই অংশ হিসেবে আশরাফুলের মতো আরো অনেকের কাছেই থাকছে তার এক দাবি,"যতো জোরে পারো মারো। কিন্তু নীচে মারো।" অধিনায়ক এই কথার স্বপক্ষে যুক্তি দেখাচ্ছেন,"বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই তো টেস্টে ক্যাচ দিয়ে আউট হয় বেশি।" কিন্তু এসব ভুল তো আর সহসাই শোধরানো যাবে না। প্র্যাকটিস করতে করতেই...। এজন্যই প্র্যাকটিসে এখন ব্যাটিংয়ের জন্য বেশি সময় বরাদ্দ রাখা হচ্ছে বলে জানালেন সহকারী কোচ সারোয়ার ইমরান,"আমাদের খেলোয়াড়রা খেলার বাইরে খুব বেশি বল খেলার সুযোগ পায় না। নেটে বেশি সময় ব্যাটিং করতে পারলে যেটা হয়, তা হচ্ছে নিজেদের ভুলগুলো বুঝে শুধরে নিতে পারে।" সময় নিয়ে ব্যাটিংয়ের ফল পেতে শুরু করেছেন বলেই দাবি অধিনায়কের,"গত দুইদিনে আমরা তিনটি গ্র"পে ভাগ হয়ে ব্যাটিং করছি। এক ঘন্টা ব্যাটিং করে এসেই আবার ফিল্ডিংয়ে নামছি। তারপরেই আবার ভিডিও সেশনে বসতে হচ্ছে। এভাবে টানা খেলা নিয়েই ব্যস্ত থাকার সূচী আগে ছিল না। তাছাড়া আগে নেটে বড়োজোর ২০ মিনিট ব্যাটিং করতে পারতাম। এখন এক ঘন্টা। এজন্য ধৈর্য্য ধরার ব্যাপারটারও অভ্যাস যেমন হচ্ছে, তেমনি উইকেটে টিকে থাকার পরীক্ষাও। আজ যেমন ইনডোরে আধঘন্টা ব্যাটিং করে এসে আবার খোলা আকাশের নীচে সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করলাম। দুই ধরনের পরিবেশে ব্যাটিং থেকেও তো শেখার আছে অনেক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.