২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হিসেবে ইনজামামের পছন্দ মিয়াঁদাদ

পাকিস্তানের সম্ভাব্য কোচ হিসেবে আর যার যার নাম আলোচনায় এসেছে জাভেদ মিয়াঁদাদ তাদের মধ্যে নেই। অথচ হুট করে তাকেই কোচ হিসেবে দেখতে চাইলেন ইনজামাম -- উল হক!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

করাচি, ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- পাকিস্তানের সম্ভাব্য কোচ হিসেবে আর যার যার নাম আলোচনায় এসেছে জাভেদ মিয়াঁদাদ তাদের মধ্যে নেই। অথচ হুট করে তাকেই কোচ হিসেবে দেখতে চাইলেন ইনজামাম -- উল হক! ব্যাপারটা অবাক হওয়ার মতোই, কেননা, বিশ্বকাপে দলের চরম ব্যার্থতা এবং বব উলমারের মৃত্যুর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন কোচের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন পত্র চেয়েছে বিজ্ঞাপনে। পিসিবি চায় কোচিংয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, শিক্ষিত কাউকে নিয়োগ দিতে। তো এসব যোগ্যতা কোচের মধ্যে তারা দেখতে চাইতেই পারেন। কিন্তু এভাবে বিজ্ঞাপন দেওয়া কেন? এই বিজ্ঞাপনের বিষয়টি আপত্তিকর মনে হওয়াতে পাকিস্তানের কোনো সাবেক খেলোয়াড় বা কোচ আবেদনই করেননি। জাভেদ মিয়াঁদাদ তাদেরই একজন। অথচ পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কোচকেই নতুন কোচ হিসেবে সেরা পছন্দ মনে করছেন ইনজামাম। রোববার জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তার মতের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেছেন," এমন একজনের পাকিস্তান কোচ হওয়া উচিত যিনি পরিস্থিতি অনুকুলে না থাকলেও শান্ত থাকতে জানেন। জয় --- পরাজয়তো খেলারই অংশ।" ইনজামাম পাকিস্তানের অধিনায়কত্ব এবং ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন ২০০৭ বিশ্বকাপের পর। ওয়ানডে ক্রিকেটের সেরা আসরে তার দলের ব্যর্থতার জন্য তুমুল সমালোচিত হয়েছেন ইনজামাম। রোববার নতুন করে কিছু সমালোচনার জবাবও দিয়েছেন। তার বিরুদ্ধে সমস্ত প্রচারণা এবং তাকে 'স্বৈরাচারী' হিসেবে তুলে ধরায় 'মুলতানের সুলতান' খুব বিরক্ত, " বাস্তবতা কী তা জানানোই মিডিয়ার মূল কাজ। বিশ্বকাপের পর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছিল সেসব শুনে আহত হয়েছিলাম আমি।" তাকে অধিনায়ক হিসেবে 'স্বৈরাচারী' বলায় ইনজামামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া," অধিনায়কত্বের প্রায় পুরোটা সময় আমাকে বলা হতো নরম গোছের অধিনায়ক। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটি স্বৈরাচারী বানিয়ে দিলো আমাকে। তবুও ব্যাপারটা আমি মেনে নিতাম, যদি জানতাম, সতীর্থ খেলোয়াড়রা আমাকে স্বৈরাচারী বলেছে।" ২০০৩ বিশ্বকাপের পরও ব্যর্থতার দায়ভার অধিনায়কের ওপর চাপানো হয়েছিল ---- সেই কথা মনে করে এবারও তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে এটা আগেই অনুমান করেছিলেন বলেও জানিয়েছেন '৯২ বিশ্বকাপে আলোড়ন তুলে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ইনজামাম। যার নেতৃতে সেবার বিশ্বকাপ জিতেছিলেন সেই ইমরান খানের একটা সমালোচনার জবাব দিতেও ছাড়েননি ব্যাট হাতে পাকিস্তানের অনেক জয়ের নায়ক। ইমরান তাকে "অধিনায়ক হিসেবে আক্রমনাত্মক নয়" বলে সমালোচনা করেছেন, এ কথা মনে করিয়ে দেয়ায় ইনজামাম --- উল হক শুধু বলেছেন, " কোনো কারণে ক্ষেপে না গেলে আমি কখনোই আক্রমনাত্মক হইনা। এটাই আমার অধিনায়কত্বের ধরন। ইমরানকে আমি খুব সম্মান করি, তবে সব কিছু আমি নিজের মতো করতেই পছন্দ করি।" ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২০৪২ ঘ.