চেন্নাই, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- যেন আগের দু ম্যাচেরই পুনঃপ্রচার। এশিয়ার ৩০০ পেরোনো স্কোর, প্রথমে খাবি খেলেও পরে সামলে নিয়ে আফ্রিকার জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং শেষ পর্যন্ত জিততে না পারা। স্কোরকার্ড দেখে দ'ুরকম আফসোস হতে পারে আফ্রিকার কোনো সমর্থকের, এক, ইস যদি ২০ -- ৩০ রান কমে আটকানো যেতো ওদের : দুই, শুরুর দিকে যদি ওভাবে আমাদের উইকেটগুলো না পড়তো! রোববার আফ্রিকার আফসোস সামান্য ক'টা রানের। এশিয়ার ৮ উইকেটে ৩৩১ রানের জবাবে ৭ উইকেটে ৩১৮ রান তুলে আফ্রিকা এবার মাত্র ১৩ রানে হেরেছে তো!
অবশ্য তিন ম্যাচের সিরিজে জাস্টিন কেম্পের দল হোয়াইট ওয়াশ হয়তো ঠেকিয়েই ফেলতো মোহাম্মদ রফিক বল হাতে নিজেকে মেলে না ধরলে। ৬৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের এই বাঁ -- হাতি স্পিনারই ম্যাচের সফলতম বোলার। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি করা মহেন্দ্র সিং ধোনি আর সিরিজ সেরা হয়েছেন এশিয়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
এ ম্যাচে আফ্রিকার হারকে খুব সম্মানজনক করার কৃতিত্ব ডি ভিলিয়ার্স (৭০, ৬৩ বলে, ৭ চার ৩ ছক্কা), সিবান্দা (৬৩ বলে ৪৫, ৫ চার ১ ছক্কা), জাস্টিন কেম্প ( ৭৬ বলে ৮৬, ৩ চার ৭ ছক্কা) আর শন পোলকের (৪৯ বলে অপ. ৫৮, ৩ চার ২ ছক্কা)। আফসোস তবু থাকছেই। তিন ম্যাচের একটিতেও জেতা হলো না --- এ হতাশা তো দু একটা ঝড়ো ইনিংস বা লড়াই করে হারার সান্ত্বনায় ঢাকা পড়ে না। এশিয়ার পক্ষে রফিক সবচেয়ে বেশি উইকেট নিলেও কম রানে বেশি উইকেট নেয়ার প্রশংসা হরভজন সিংয়ের প্রাপ্য। রানের বন্যার ম্যাচে ১০ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
পিটার ওনগোন্ডোর মারাত্মক বোলিংয়ের মুখে দিন রাতের এ ম্যাচে একসময় এশিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ৭২। মনে হচ্ছিলো শেষ ম্যাচে বুঝি সান্ত্বনার জয় পাওয়া আগেভাগেই নিশ্চিত করতে চলেছে আফ্রিকা। ওই ষষ্ঠ উইকেট জুটিতেই অনুমানটাকে ভুল প্রমান করে মাত্র ২৯ দশমিক ৪ ওভারে ২১৮ রান তুলে নিলেন জয়াবর্ধনে আর ধোনি। দুজনই পেলেন সেঞ্চুরির দেখা। জয়াবর্ধনে তার দশম ওয়ানডে সেঞ্চুরিটাকে (১০৬ বলে ১০৭, ৯টি চার ২টি ছক্কা) বেশি দূর নিয়ে যেতে না পারলেও ধোনি কিন্তু তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিটাকে ১৩৯ (৯৭ বল, ১৫ টি চার ৫টি ছক্কা) পর্যন্ত নিয়ে গিয়েও থামেননি। ৫০ ওভারে তাই ৮ উইকেটে ৩৩১ রান করে ফেলে এশিয়া। ম্যাচ এক অর্থে সেখানেই শেষ।
আগের দু ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচেও টসে জিতেছিলেন এশিয়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তবে পরের অভিজ্ঞতা এশিয়ার জন্য ভালো হয়নি। ম্যাচ শুরু হতেই পড়তে থাকে উইকেট। শনিবারের ম্যাচে দলকে ঝড়ো সূচনা এনে দেওয়া বীরেন্দর শেবাগ (৮) মোর্নে মরকেলের বলে ফিরে যাওয়ার পর ধ্বংসযজ্ঞে নেমে পড়েন পিটার ওনগোন্ডো। কেনিয়ান এই ফাস্টবোলার একে একে ফিরিয়ে দেন সনাৎ জয়াসুরিয়া (১৩), উপুল থারাঙ্গা (১০) আর মোহাম্মদ ইউসুফকে (২)। ৮, ৩০, ৪৫ ও ৫১ --- এভাবে কোনো জুটি গড়ে ওঠার আগেই উইকেট হারিয়ে চলা এশিয়ার জন্য ঘুরে দাঁড়ানোটা জরুরি হয়ে পড়েছিল। অধিনায়ক জয়াবর্ধনেকে সঙ্গে নিয়ে সেই চেষ্টাই করেছিলেন যুবরাজ সিং (৩১)। কিন্তু তাকে কেম্পের ক্যাচ বানান চিগুম্বুরা। ১৬ দশমিক ৪ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ৭২। আফ্রিকা একাদশ তখন সিরিজে একমাত্র জয়ের স্বপ্নে বিভোর। জয়াবর্ধনে আর ধোনি শেষ পর্যন্ত স্বপ্নটাকে দুঃস্বপ্নে রূপান্তর করে ছেড়েছেন। শেষদিকে মাশরাফি (১), হরভজন (৪) আর মোহাম্মদ রফিক (অপ. ০) তেমন কোনো অবদান রাখতে না পারলেও আফ্রিকার বোলারদের জন্য এ ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি।
ক্রিকইনফো ---- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /১৯২৬ ঘ.
bdnews24