ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- অ্যালিস্টার কুকের সেঞ্চুরি আর পিটারসেনের ফিফটির সুবাদে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩১৩ রানে অলআউট। প্রথম ইনিংসের ১৪১ রানের সঙ্গে ৩১৩ যোগ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওপর চেপে গেছে ৪৫৪ রানের বোঝা। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন শেষে ২২ রান তুলতেই তাদের ১ উইকেট নেই। ম্যাচের যা অবস্থা তাতে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় ছাড়া অন্য কোনো সম্ভাবনা তাদের কোনো অন্ধ সমর্থকও বোধহয় দেখছেন না।
দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাইকেল ভন আর অ্যালিস্টার কুক। কিন্তু দলকে ৯৯ রানে নিয়ে যাবার পর প্রায় ১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা ভন ৪০ রান করে ফিরতি ক্যাচ দেন টেস্ট অভিষিক্ত পেসার ড্যারেন স্যামিকে। লাঞ্চের আগ পর্যন্তক্যারিবীয় বোলারদের আর কোনো সাফল্য নেই। লাঞ্চ সেরে এসেও বোলারদের অনেকক্ষণ হতাশাতেই ডুবিয়ে রাখে কুক --- পিটারসেন জুটি। অবশেষে পিটারসেন যখন ৬৮ রান করে ফিরলেন ততক্ষণে তৃতীয় উইকেট জুটিতে ১২২ রান পেয়ে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তারপর বলার মতো শুধু দুটো ঘটনাই ঘটেছে, এক অ্যালিস্টার কুকের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, দুই অভিষেক ম্যাচেই ড্যারেন স্যামির ৬৬ রানে ৭ উইকেট পাওয়া। প্রথম ইনিংসে অ্যালিস্টার কুকের উইকেটসহ মোট ৮ উইকেট নিয়ে ম্যাচটাকে বেশ স্মরনীয় করে রাখলেন স্যামি। ম্যাচটা তার কাছে খুব স্মরনীয় হতে পারে ওয়েস্ট ইন্ডিজ অন্তত ড্র করতে পারলে। ম্যাচের এখনো দুদিন বাকি। হাতে আছে ৯ উইকেট। পারবে ওয়েস্ট ইন্ডিজ?
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২৩৪৬ ঘ.
bdnews24