চেন্নাই, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- বীরেন্দর শেবাগের পর মাহেলা জয়াবর্ধনে, মোহাম্মদ ইউসুফ আর যুবরাজ সিংয়েরও ঝড়ো ইনিংস, সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরির আশা জাগানো ৮৮ রানের যোগফল ৭ উইকেটে ৩৩৭। টসে জিতে আগে ব্যাট করা এশিয়ার এই রান তাড়া করে আফ্রিকা কত দূর যায়, শেষ পর্যন্ত জয় আদায় করে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা সেটাই এখন দেখার। প্রথম দু ওভারে বিনা উইকেটে ১৬ রান তুলে অবশ্য ভালো ইঙ্গিতই রেখেছে আফ্রিকা।
আগের ম্যাচে শন পোলক প্রায় একা লড়ে যেভাবে জয়কে দৃষ্টিসীমায় নিয়ে এসেছিলেন তাতে সিরিজে ফেরার আশা করতেই পারে আফ্রিকা। সে আশাকে বাস্তবে রূপ দিতে হলে অবশ্য অসাধারণ দু'একটা ইনিংস খেলার দায়িত্ব নিতেই হবে ডিভিলিয়ার্স, ডিপেনার, কেম্প, বাউচারদের অন্তত দু'তিনজনকে। সকালে এশিয়ার হয়ে সেই দায়িত্বটা নিয়েছিলেন বীরেন্দর শেবাগ। তাই আগের ম্যাচের মতো জয়াসুরিয়া (১১) আবার খুব তাড়াতাড়ি বিদায় নিলেও এশিয়ার ৮ দশমিক ৫ ওভারে ওভারে ৫০, ১৭ দশমিক ৪ ওভারে ১০০ তুলতে কোনো অসুবিধে হয়নি। ৩৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ৫২ রানের ইনিংস খেলে শেবাগ চিগুম্বুরার বলে ফিরে যাওয়ার পর রানের গতি কিছুটা কমেছিল। সৌরভ গাঙ্গুলী একটু দেখে খেলতে না গেলে তা কখনোই হতো না। ধোনি আগে ব্যাট করার সুযোগ কাজে লাগাচ্ছিলেন ভালোভাবেই, কিন্তু তাকেও ফিরে যেতে হয় ৩৮ বলে ৩৩ রান করে আলভি মর্কেলের বলে বোল্ড হয়ে। এতে অবশ্য আফ্রিকার বোলারদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হয়নি। মাহেলা জয়াবর্ধনে তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছিলেন!
জাস্টিন কেম্পের সৌভাগ্য যে ৪০ বলে ৪৫ রান করে জয়াবর্ধনে সৌরভের ভুলে রান আউট হয়েছেন, নইলে বিশ্বকাপ সেমিফাইনালের মতো আরেকটা ইনিংস খেলে আফ্রিকার জয়ের সম্ভাবনাকে হয়তো আরো দূরে ঠেলতেন শ্রীলঙ্কা অধিনায়ক। তারপরও এশিয়ার ব্যাটসম্যানরা যে শেবাগের গড়ে দেয়া ভিতের ওপর বেশ শক্ত একটা ভবন নির্মান করেছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। প্রশংসা যদি করতেই হয় তার ভাগ বেশি পাবেন মোহাম্মদ ইউসুফ আর যুবরাজ সিং। ইউসুফের ৪৪ বলে ৫১ আর যুবরাজের ১৩ বলে অপরাজিত ৩০ রান ছাড়া এশিয়া যে এত বড় স্কোর পেতো না তা কে না জানে!
ক্রিকইনফো ---- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /১৯৩২ ঘ.
bdnews24