ত্রিনিদাদ, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ইনজুরিতে পড়ে রামনরেশ সারওয়ান দেশে ফিরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব এখন ড্যারেন গঙ্গার কাঁধে। তবে তা শুধুই ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্ট সিরিজের জন্য। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এর পর আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় চার জাতির সিরিজের জন্য এখনো অধিনায়ক কিংবা দলের নাম ঘোষণা করেনি ক্যারিবীয়রা। আর এ নিয়েই গোলমালের সূত্রপাত। ওয়ানডের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে নির্বাচকদের পছন্দ ক্রিস গেইলকে। কিন্তু তাদের এই পছন্দকে নস্যাৎ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডাব্লুআইসিবি) নির্বাহী কমিটি।
বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক। গত সপ্তাহে তার নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন প্যানেল এক মিটিংয়ে বসে ওয়ানডের অধিনায়ক হিসাবে গেইল ও তার ডেপুটি হিসাবে বেছে নেন দীনেশ রামদিনকে। এবং এর পর সেই সিদ্ধান্তের কথা গ্রিনিজ জানিয়েও দেন ক্রিকেট কর্মকর্তাদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 'স্বর্ণযুগের' ওপেনারকে গঙ্গার নেতৃত্ব পাওয়ার কথা মনে করিয়ে দেন তারা। যদিও গত ডিসেম্বরে পাকিস্তান সফরের পর থেকেই গঙ্গা ওয়ানডে দলের বাইরে। অর্থাৎ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন না।
এ নিয়ে নির্বাচকমন্ডলী ও নির্বাহী কমিটির মধ্যে যে কিছুটা হলেও মনোমালিন্যের সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ডাব্লুআইসিবির প্রধান নির্বাহী ব্র"স আনেনসেনের কথাতেও পাওয়া গেছে তার ইঙ্গিত,"এই মুহূর্তে অধিনায়কত্বের ব্যাপারটা নিয়ে নিশ্চয়তা দেয়ার মতো অবস্থায় নেই আমি। (ওয়ানডের) অধিনায়ক ও দল ঘোষণার আগেই নির্বাচন কমিটি ও বোর্ডের মধ্যে একটা মতানৈক্য হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঝামেলা মিটিয়ে ফেলার আশা করছি আমরা।" এই ঘটনা সম্পর্কে ভাল মতো জানে এমন একটি সূত্রও বোর্ডের এ ধরনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে,"গঙ্গা তো ওয়ানডে দলেই নেই। বোর্ড যদি তাকে অধিনায়ক হিসাবে বেছে নেয় তাহলে দলও তাদেরই বেছে নেয়া উচিৎ।"
এ সম্পর্কে ক্যারিবীয় নির্বাচকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেছে অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের হস্তক্ষেপে তারা ভীষণই অসন্তুষ্ট।
ক্রিকইনফো ---- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এএআর / ১৪২২ ঘ.
bdnews24