২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলকের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও এশিয়া জয়ী

ক' দিন আগে পায়ে ছোট্ট একটা অস্ত্রোপচার হওয়ায় এই সিরিজে তাকে বল করার অনুমতি দেননি চিকিৎসকরা। অর্থাৎ এবারের আফ্রো --- এশিয়া কাপে শন পোলক শুধুই এক জন ব্যাটসম্যান হিসাবে খেলছেন আফ্রিকার পক্ষে। তবে সেই ভূমিকাতে নেমে বুধবার প্রথম ওয়ানডেতে এশিয়াকে প্রায় একাই হারিয়ে দিচ্ছিলেন তিনি। ৩১৮ রানের বিশাল লক্ষ্যের পেছনে ধাওয়া করতে নেমে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল আফ্রিকাকে। কিন্তু পোলকের ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা সমৃদ্ধ ১০৯ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংসটা জেতাতে পারেনি তার দলকে। ৪৭ দশমিক ৫ ওভারে শেষ ব্যাটসম্যান হিসাবে পোলক আউট হওয়ার সময় আফ্রিকার স্কোর ২৮৩ রান। অর্থাৎ ৩৪ রানে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১ --- ০ তে এগিয়ে গেছে এশিয়া। এর আগে মাহেলা জয়াবর্ধনে (৬৫), মোহাম্মদ ইউসুফ (৬৬), শেবাগ (৪৫), সৌরভ (৩২), যুবরাজদের (৩১) চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৭ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্যাঙ্গালোর, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ক' দিন আগে পায়ে ছোট্ট একটা অস্ত্রোপচার হওয়ায় এই সিরিজে তাকে বল করার অনুমতি দেননি চিকিৎসকরা। অর্থাৎ এবারের আফ্রো --- এশিয়া কাপে শন পোলক শুধুই এক জন ব্যাটসম্যান হিসাবে খেলছেন আফ্রিকার পক্ষে। তবে সেই ভূমিকাতে নেমে বুধবার প্রথম ওয়ানডেতে এশিয়াকে প্রায় একাই হারিয়ে দিচ্ছিলেন তিনি। ৩১৮ রানের বিশাল লক্ষ্যের পেছনে ধাওয়া করতে নেমে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল আফ্রিকাকে। কিন্তু পোলকের ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা সমৃদ্ধ ১০৯ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংসটা জেতাতে পারেনি তার দলকে। ৪৭ দশমিক ৫ ওভারে শেষ ব্যাটসম্যান হিসাবে পোলক আউট হওয়ার সময় আফ্রিকার স্কোর ২৮৩ রান। অর্থাৎ ৩৪ রানে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১ --- ০ তে এগিয়ে গেছে এশিয়া। এর আগে মাহেলা জয়াবর্ধনে (৬৫), মোহাম্মদ ইউসুফ (৬৬), শেবাগ (৪৫), সৌরভ (৩২), যুবরাজদের (৩১) চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৭ রান করেছে তারা। টুয়েন্টি টুয়েন্টির মতো এতটা না হলেও বুধবারের ওয়ানডের আফ্রিকাকেও ছন্নছাড়া দলই মনে হয়েছে। আগের দেয়া স্কোয়াডে অধিনায়ক ছিলেন মার্ক বাউচার। অথচ জয়াবর্ধনের সঙ্গে টস করতে নামলেন জাস্টিন কেম্প। যেন এটা 'বনভোজন ক্রিকেট' তাই কোনো নিয়মের ধার না ধারলেও চলে। মোর্নে মরকেল আর তার ভাই অ্যালবি মরকেলের নামই ছিল না ওয়ানডে স্কোয়াডে। অথচ দক্ষিন আফ্রিকার এই দুই ফাস্টবোলার দিব্যি নেমে পড়লেন। ওদিকে যারা খেলবেন বলে গ্যালারিতে , টিভির সামনে দর্শকের ভিড় সেই জ্যাক ক্যালিস, হার্শেল গিবসদের পেলো না আফ্রিকা। পোলককে পেলো, তবে চোটের জন্য তিনি শুধু ব্যাটসম্যান! তো বোলার পোলক অনুপস্থিত বলে বল হাতে ইনিংস শুরু করতে এলেন মোর্নে মরকেল আর টমাস ওডোয়ো। মরকেলের প্রথম ওভার থেকেই এলো ১৩ রান। তারপর বাকি ৪৯ ওভারই এশিয়ার ব্যাটসম্যানরা ছিলেন নিশ্চিন্ত। পঞ্চম ওভারের শেষ বলে জয়াসুরিয়াকে (১৪) মোর্নে মরকেল ফিরিয়ে দেয়ার পরও সামান্যতম দুর্ভাবনায় পড়তে হয়নি জয়াবর্ধনেকে। বরং শেবাগের স্বভাবসুলভ ব্যাটিংয়ে (৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫) ১২ দশমিক ৫ ওভারেই ১০০ হয়ে যায়। চিগুম্বুরার বলে প্লেইড অন হওয়ার আগে সৌরভের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৮.১ ওভারে ৬৮ রান তোলেন শেবাগ। এশিয়ার সবচেয়ে বড় জুটিটি অবশ্য গড়ে ওঠে জয়াবর্ধনে আর মোহাম্মদ ইউসুফের মধ্যে। চতুর্থ উইকেটে ১৬ দশমিক ৪ ওভারে ৯৪ রান তুলেছেন তারা। এ জুটি ভাঙ্গার পর স্কোর তিনশ' পার করানোয় যুবরাজ (৩০ বলে ৩১), হরভজন (২২ বলে ২০), মাশরাফিরাও (১৬ বলে ১৩) বেশ ভালো অবদান রেখেছেন। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে আফ্রিকার সবচেয়ে সফল বোলার মোর্নে মরকেল। এ ছাড়া এল্টন চিগুম্বুরা আর আলভি মরকেল দুটি করে আর স্টিভ টিকোলো পেয়েছেন ১ উইকেট। ৩১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আসিফ ও জহির খানের তোপের মুখে পড়েছে আফ্রিকা। একাদশ ওভারের মধ্যেই একে একে ফিরে গেছেন ডিভিলিয়ার্স (৪), বসম্যান (২), ডিপেনার (১০), টিকোলো (৫) ও অধিনায়ক কেম্প (৫)। পোলক ব্যাট করতে নামার সময় ৩১ রানে ৫ উইকেট হারিয়ে আফ্রিকা রীতিমতো ধুঁকছে। বাউচারকে সঙ্গে নিয়ে পোলক ৪৬ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেছেন বটে, তবে বাউচারকে (২৫) বোল্ড করে জয়াসুরিয়া আবার আনন্দে ভাসিয়েছেন এশীয়দের। কিছুক্ষণ পর অ্যালবি মরকেলও জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড। তবে চিগুম্বুরা (৪০) ও ওডোয়োকে (৩৯) সঙ্গে নিয়ে দারুণ লড়াই চালিয়ে গেছেন পোলক। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ১৪ বলে ৩৫ রান দরকার --- এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে ইউসুফের হাতে ক্যাচ দিয়েছেন পোলক। আর এশিয়াও পেয়েছে স্বস্তিদায়ক এক জয়। আসিফ ও জয়াসুরিয়া নিয়েছেন তিনটি করে উইকেট, আর জহিরের শিকার দুই উইকেট। পোলকের মহামূল্যবান উইকেট পেলেও ৬ দশমিক ৫ ওভারে ৫৭ রান দিয়েছেন মাশরাফি। ক্রিকইনফো ও ইএসপিএন --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/এএআর/২৩১৮ ঘ.