ঢাকা, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- বাংলাদেশের চতুর্দশ অধিনায়ক হওয়ার খবরটা পাওয়ার পর থেকেই পূর্বসুরী হাবিবুল বাশারের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ছিল তার মন। কিন্তু বহু চেষ্টা করেও হাবিবুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না মোহাম্মদ আশরাফুল। ভারতীয় চ্যানেল স্টার আনন্দের হয়ে একটা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হাবিবুল এখন কলকাতায়। সেখানে বসেই শুনেছেন নেতৃত্বে হাবিবুল --- অধ্যায় শেষ হয়ে গেছে। তাই বলে নতুন অধিনায়ককে অভিনন্দন জানাতে পিছিয়ে থাকেননি। তৎক্ষনাৎ না হোক, রোববার সকালেই আশরাফুলকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী অধিনায়ক। আশরাফুল নিজেই জানিয়েছেন সে খবর,"আমি অধিনায়ক হওয়ার পর থেকেই সুমন ভাইকে ফোনে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু কিছূতেই লাইন পাচ্ছিলাম না। আজ (রোববার) সকালে মোবাইলে এসএমএস এলার্ট আসতেই পড়ে দেখি ওটা সুমন ভাইয়ের। কনগ্র্যাচুলেশন জানিয়েছেন আমাকে। এরপরে আমি ফোন করে তার সঙ্গে কথাও বলেছি।" ওই ফোনালাপে অধিনায়ক আশরাফুলকে নিশ্চয়ই কিছু সুপরামর্শ দিয়েছেন হাবিবুল। সেই সঙ্গে হয়তো বাংলাদেশ দলে থাকলে অধিনায়ককে পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। তবে আশরাফুলের সঙ্গে বাংলাদেশের সফলতম অধিনায়কের মুখোমুখি সাক্ষাৎটা একটু বিলম্বেই ঘটছে। হাবিবুল দেশে ফিরছেন ৫ জুন। কিন্তু সেসময় আবার আফ্রো এশিয়া কাপে খেলতে আশরাফুল থাকবেন ভারতে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এসি/ ২০২৮ ঘ.
bdnews24