নয়া দিল্লী, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- কোচ আসে ,কোচ যায়। এটাই স্বাভাবিক। কিন্তু আসাটা স্বাভাবিক হলেও বাংলাদেশ ছেড়ে হোয়াটমোরের যাওয়াটা কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল না। অস্বাভাবিকতার মূল কারণ তার ভারতের কোচ হওয়ার বিশেষ আগ্রহ। তা বাংলাদেশের সাবেক কোচ তার আরাধ্য জায়গায় যেতে পারবেন কিনা তা জানতে আর বেশি বাকি নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন কোচের নাম ঘোষণা করবে সোমবার।
বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শেষ হওয়ার আগেই ভারতের কোচ হওয়ার ব্যাপারে তার বিশেষ আগ্রহের কথা সরাসরি জানিয়ে দিয়েছিলেন ডেভ হোয়াটমোর। অথচ বিসিসিআই তখনো তার ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেনি। সেখানেই থেমে থাকেননি। সুযোগ পেলে ভারতের কোচ হওয়ার স্বপ্নের কথা অকপটে জানিয়েছেন মিডিয়াকে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোরও কোনো উদ্যোগ নেননি। এত কিছুর পরও বিসিসিআই শ্রীলঙ্কান বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান কোচকে বিবেচনায় না নিলে অবাকই হতে হতো। ভারতীয় বোর্ড হোয়াটমোরকে অবজ্ঞা করছে না, বরং বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন নতুন কোচ হিসেবে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচেছ তাকে," আশা করি পুরো ব্যাপারটা আমরা আগামীকালই (সোমবার) চূড়ান্ত করে ফেলতে পারবো । হোয়াটমোর একশ ভাগ বিবেচনায় আছেন আমাদের।"
একশভাগ বিবেচনা মানে তো ভাগ্যে শিঁকে ছেড়ার জোর সম্ভাবনা। কিন্তু খোদ ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যে তো অনেকেই ভারতের বাইরের কাউকে কোচ করার বিপক্ষে। এমনকি সাত জনের যে কমিটি সোমবার কোচ নির্বাচনের জন্য সভায় বসছেন তাদের মধ্যে সুনীল গাভাস্কার আর কপিল দেবের মতো সাবেক ক্রিকেটারও বিদেশী কোচ নেয়া ঠিক মনে করছেন না। কমিটির বাইরেও আছেন অনেকে। রোববার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতের সাবেক কোচ ও অধিনায়ক অজিত ওয়াদেকার বলেছেন, খেলোয়াড়দের সেঙ্গে সাংস্কৃতিক ব্যবধানের কথা ভেবেই বিদেশী কোচ নেয়ার চিন্তা মাথা থেকে সরানো উচিত।"
তাই বলে বিসিসিআই বিদেশী কোচ নেয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। নিরঞ্জন শাহ তো এমন কথা বলে দিয়েছেন যাতে রয়েছে বিদেশী কোচ নেয়ার প্রবল সম্ভাবনা," সভায় ব্যাপারটি নিয়ে আমরা সব সদস্যের সঙ্গে কথা বলবো। সম্ভাব্য কোচ হিসেবে অন্যদের মনে বোধহয় আরো কিছু নাম ভাসছে।
কিন্তু আগ্রহী বিদেশী যথেষ্ট থাকলে আমরা বিদেশী কোচের পেছনেই যাবে।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৮৫৭ ঘ.
bdnews24