২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সেরা পাঁচে নিয়ে যেতে চাই : আশরাফুল

ও প্রান্তে তখন চলছে অভিনন্দন জানানোর পালা। মোহাম্মদ আশরাফুল সবে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার খবরটা পেয়েছেন। তাজা খবর পেয়েই কাছের মানুষেরাও চলে আসছেন অভিনন্দন জানাতে। সে অবস্থাতেই বাংলাদেশের নতুন অধিনায়কের সাক্ষাৎকার নিয়েছেন বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম --- এর ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উত্তেজনা,উচ্ছ্বাস থাকলেও এ সাক্ষাৎকারে অধিনায়ক হিসেবে তার লক্ষ্য,ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কথাই বলেছেন মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 05:50 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- প্রশ্ন : প্রথম কখন জানলেন যে টেস্ট দলেরও অধিনায়ক আপনি? মোহাম্মদ আশরাফুল : বাসাতেই ছিলাম। টিভি দেখছিলাম। মামুন ভাই (রিয়াজউদ্দিন আল মামুন, বিসিবির যুগ্ম সম্পাদক) একটা এসএমএস করে জানালেন টেস্ট আর ওয়ানডে দুদলেরই অধিনায়ক আমি। বাসায় আব্বু -- আম্মু ছিলেন। তাদেরকে গিয়ে সুসংবাদটা দিলাম। আম্মুতো আমাকে জড়িয়ে ধরে চুমুও খেলেন। এতো ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার মা ক্রিকেট তেমন একটা বোঝেনই না। অথচ তিনিই আমাকে মনে করিয়ে দিলেন, এখন আমার ওপর অনেক বড়ো দায়িত্ব। প্রশ্ন : সত্যি করে বলুন তো, অধিনায়ক হওয়ার মানসিক প্রস্তুতি ছিল? আশরাফুল : সুমন ভাই (হাবিবুল বাশার) ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর জানতাম, আমি দায়িত্বটা পাবো। তাই মানসিক প্রস্তুতি নেওয়া ছিল। প্রশ্ন : কিন্তু এটা তো আর জানতেন না যে, টেস্ট দলেরও অধিনায়ক হচ্ছেন। আশরাফুল : সত্যি কথা বলতে কী, এটা আমাকে অপ্রস্তুত করে দেয়নি। পত্র পত্রিকায় পড়ছিলাম, এমন একটা কিছু হলেও হতে পারে। প্রশ্ন : এতদিন আপনি ছিলেন অধিনায়ক হাবিবুলের একজন যোদ্ধা। এখন তো দেখা যাচ্ছে, টেস্টে তিনিই আপনার যোদ্ধা হয়ে যাচ্ছেন। কেমন লাগবে বিষয়টা? আশরাফুল : সুমন ভাই বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন। তিনি জানেন, কিভাবে এই দলটা হারতে হারতে একসময় নিয়মিত সাফল্যের দেখা পেয়েছে। অধিনায়ক হিসেবে তাকে পাশে পাওয়াটা হবে আমার জন্য অনেক বড়ো প্রাপ্তি। মাঠে আমি তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। যখনই প্রয়োজন হবে, তার কাছে ছুটে যাবো। তার মতো একজন লোক মাঠে আছেন, এটা যে কোনো অধিনায়ককে স্বস্তি দেবেই। আমি অন্তত তাই অনুভব করি। প্রশ্ন : তার পরিণতিটাও নিশ্চয়ই সবসময়ই মনে থাকবে আপনার, বিশেষ করে অধিনায়ক হওয়ার পর। বিশ্বকাপে যাওয়ার আগেও হাবিবুল ছিলেন নয়নের মণি। আবার বিশ্বকাপে খারাপ খেলার পর থেকেই তিনি 'ভিলেন' বনে গেলেন। এমন তো আপনার ক্ষেত্রেও ঘটতে পারে... আশরাফুল : আসলে জীবনটাই কিন্তু এরকম। ভালো খেললে তালি পাবেন। আর খারাপ খেললে বদনাম হবে। আমার ক্যারিয়ারেও তো এরকম সময় এসেছে। কাজেই আমি তা জানি। আর খারাপ সময়টা জীবনে আসবেই। ওটাকে ঠেকানো যায় না। আমার মনে হয়, এসব নিয়ে না ভাবাই ভালো। বরং যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে সেটা ভালোভাবে পালন করতে চাই। আমার ওপর রাখা আস্থার মান যেন রাখতে পারি। প্রশ্ন : বাংলাদেশের সফলতম অধিনায়ক এখন থেকে আপনার অধীনে খেলবেন। এটা কোনো সমস্যা করবে না? আশরাফুল : বাংলাদেশ দলের সবাই খুব মিশুক প্রকৃতির। সুমন ভাইও তাই। এজন্যই আমরা তাকে খুব পছন্দ করতাম। জানেন কিনা জানি না। বিশ্বকাপে যাওয়ার আগে সুমন ভাই আমাদের সবাইকে তার একটা ভাবনার কথা বলেছিলেন। বিশ্বকাপ খেলে এসেই ওয়ানডেকে বিদায় জানানোর কথা ভাবছিলেন তিনি। আমরা সবাই কিন্তু তাকে একযোগে আরো কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ করেছিলাম। বুঝুন কতোটা জনপ্রিয় ছিলেন তিনি। উনি এখন দেশে নেই। আমি নিশ্চিত, দেশে থাকলে যারা আমাকে সবার আগে অভিনন্দন জানাতেন তাদের মধ্যে সুমন ভাইও থাকতেন। অধিনায়ক আশরাফুলকে সুমন ভাই তার সেরাটা দিয়েই সাহায্য করবেন বলেও নিশ্চিত আমি। প্রশ্ন : অধিনায়কত্বের বাড়তি চাপও তো আছে। আশরাফুল : আমি ঘরোয়া ক্রিকেটে যখন অধিনায়কত্ব করেছি, পারফরম্যান্সটা কিন্তু হারিয়ে যায়নি। বরং পারফরম্যান্স আরো ভালো হয়েছে আমার। সেই থেকে নিজের ভেতর এই বিশ্বাসটা এসেছে, দায়িত্ব পেলেই ভালো করি আমি। তাই বাড়তি চাপের বিষয়টা আমার মাথায় আসছে না। আমি লম্বা সময় ধরে ক্রিকেট খেলবো। নিদেনপক্ষে ১০/১২ বছর তো বটেই। আশাবাদী, বাংলাদেশের ক্রিকেটও আমার কাছ থেকে লম্বা সার্ভিসই পাবে। প্রশ্ন : অধিনায়কত্বে কার ভাবশিষ্য হতে চান? আশরাফুল : স্টিভ ওয়াহ এবং স্টিভেন ফ্লেমিংয়ের। প্রশ্ন : কী কারণে? আশরাফুল : অধিনায়ক হলেও তারা কিন্তু নিজ নিজ দলের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন। আমিও তাদের মতোই পারফর্ম করা অধিনায়কই হতে চাই। তাছাড়া তাদের ফিল্ডিং সাজানোর ধরন আমাকে খুব টানে। টেস্টে তাদের হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে ম্যাচ জমানোর ঘটনাগুলোও খুব উপভোগ করতাম। প্রশ্ন : অধিনায়ক হিসেবে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? আশরাফুল : অবশ্যই র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে নিয়ে যেতে চাই। রাতারাতি সেটা হবে না। সময় লাগবে। তবে অধিনায়ক হিসেবে আমার লক্ষ্যের কথা জানতে চাইলে এ কথাই বলবো আমি। প্রশ্ন : আপনার ডেপুটি মাশরাফি... আশরাফুল : কাছাকাছি সময়ের মধ্যেই বাংলাদেশ দলে আমাদের দুজনের অভিষেক হয়েছে। আমার ২০০১ এর এপ্রিলে, ওর নভেম্বরে। এক সঙ্গে খেলতে খেলতে আমরা খুব ভালো বন্ধুও হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের পার্টনারশিপটা দারুণ জমবে। 'পাগলা' নিজেও পারফর্মার। তাছাড়া মাঠে ওর জোশটাও আমাদের খুব কাজে লাগে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এসি/২৩৩২ ঘ.